চীনের মহাকাশযানে চড়ে পৃথিবীর কক্ষপথে পৌঁছালেন পাকিস্তানের ৪০ বছর বয়সী জিশান আলী। এর মধ্য দিয়ে মহাকাশে যাওয়া প্রথম পাকিস্তানি নভোচারী হিসাবে ইতিহাস গড়েছেন তিনি।
২৫এ নভেম্বর চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণকেন্দ্র থেকে শেনঝৌ-২৪ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। লং মার্চ-২এফ রকেটে করে স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে যাত্রা শুরু করে মহাকাশযানটি। উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে এটি।
শেনঝৌ-২৪-এর গন্তব্য চীনের তিয়াংগং মহাকাশ স্টেশন। সেখানে পৌঁছানোর পর আরেকটি ইতিহাস গড়বেন জিশান। তিনিই হবেন তিয়াংগংয়ে প্রবেশ করা প্রথম বিদেশি নাগরিক।
এই অভিযানে তিন সদস্যের নভোচারী দলের নেতৃত্ব দিচ্ছেন চীনের তাং হংবো। উ ই রয়েছেন মিশনের পাইলট হিসেবে। আর জিশান আলীর দায়িত্ব পেলোড বিশেষজ্ঞের।
জিশানের এই যাত্রাকে পাকিস্তানের মহাকাশ গবেষণার ক্ষেত্রে বড় অর্জন হিসেবে দেখছে দেশটির সরকার। উৎক্ষেপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জিশান আলীর সঙ্গে মহাকাশে পৌঁছেছে পাকিস্তানের পতাকা। এটি ২৬ কোটি পাকিস্তানির প্রযুক্তিগত অগ্রগতি ও মহাকাশ অনুসন্ধানের স্বপ্নের প্রতীক।
তবে এই অভিযানের প্রস্তুতি শুরু হয়েছিল আরও আগে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো ও চীনের মানববাহী মহাকাশ সংস্থার মধ্যে সহযোগিতা চুক্তি হয়। এর আওতায় নভোচারী প্রশিক্ষণের জন্য পাকিস্তান থেকে দুজনকে নির্বাচিত করা হয়। তারা হলেন জিশান আলী ও খুররম দাউদ।
গত এপ্রিল মাসে তাদের চীনে প্রশিক্ষণ শুরু হয়। পরে দুজনের মধ্য থেকে শেনঝৌ-২৪ অভিযানের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হন জিশান।
২৪এ নভেম্বর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নিজের অনুভূতির কথা জানান এই নভোচারী। তিনি বলেন, মহাকাশে যাওয়ার স্বপ্ন পূরণে সহযোগিতার জন্য চীন সরকারের প্রতি তিনি গভীরভাবে কৃতজ্ঞ।
তার ভাষায়, এই অভিযান কোনো সমাপ্তি নয়, বরং নতুন যাত্রার সূচনা। ভবিষ্যতে চীন-পাকিস্তান যৌথ মহাকাশ অভিযান চাঁদ, মঙ্গল গ্রহসহ আরও দূর পর্যন্ত বিস্তৃত হবে বলে আশা করেন তিনি।
প্রায় এক সপ্তাহ মহাকাশে থাকার কথা রয়েছে জিশানের। এ সময়ে চীনা নভোচারীদের সঙ্গে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষায় অংশ নেবেন তিনি। পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো জানিয়েছে, মহাকাশে সম্ভাব্য খাদ্য ও অক্সিজেনের উৎস হিসেবে অণুশৈবাল চাষের পরীক্ষা করবেন জিশান। পাশাপাশি মহাকাশের পরিবেশ কুইনোয়া বীজের ওপর কী প্রভাব ফেলে, তা-ও পরীক্ষা করা হবে।
পুরো অভিযানে প্রায় ৯০টি বৈজ্ঞানিক পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে চীনের। পাশাপাশি তিয়াংগং মহাকাশ স্টেশনের রক্ষণাবেক্ষণ ও আগের অভিযানের নভোচারীদের সঙ্গে দায়িত্ব হস্তান্তরের কাজও করবেন তারা।
চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তিয়াংগং মহাকাশ স্টেশনটি ২০২২ সালের শেষ দিকে পুরোপুরি কার্যক্রম শুরু করে। বর্তমানে সেখানে নভোচারীদের অবস্থান, বৈজ্ঞানিক গবেষণা ও মহাকাশ প্রযুক্তি নিয়ে কাজ করছে চীন।



