ইসরায়েলের বিরুদ্ধে গাজায় সন্তান জন্মগ্রহণে বাধা দেওয়া অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে ২৫এ নভেম্বর বুধবার সম্ভাব্য ‘গণহত্যার’ ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে।
ফ্রান্স টোয়েন্টিফোর বলছে, ‘ইন্টারন্যাশনাল ডে ফর দ্য ইলিমিনেশন অব ভায়োলেন্স এগেইনেস্ট উইমেন’ বা নারীর প্রতি সহিংসতা বন্ধে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে অ্যামনেস্টি।
প্রতিবেদনে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে গাজার নারীদের শারীরিক, মানসিক ও প্রজননস্বাস্থ্যের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড এক সংবাদ সম্মেলনে বলেন, “২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ইসরায়েলের পদক্ষেপের কারণে গাজায় নারীদের চিকিৎসা নেওয়ার সুযোগ বাধাগ্রস্ত হয়েছে। পাশাপাশি গর্ভাবস্থায় থাকা নারীদের পড়তে হয়েছে জটিলতায়। এর মধ্যে গর্ভপাত ও মৃত সন্তান প্রসবের ঘটনাও আছে।
প্রতিবেদনে বলা হয়, এসব ঘটনার পেছনে কোনো উদ্দেশ্য ছিল কি না, তা নিয়ে ‘গুরুতর উদ্বেগ’ আছে।
এ বিষয়ে বার্তা সংস্থা এএফপির সঙ্গে কথা বলেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন ফিলিস্তিনি ভূখণ্ডের বেসামরিক বিষয়ে দায়িত্বে থাকা সংস্থা কো-অর্ডিনেটর অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিজ ইন দ্য টেরিটরিজ (কোগাট)।
সংস্থাটি অ্যামনেস্টির বিরুদ্ধে ‘হামাসের মিথ্যা বয়ানকে সমর্থন করার’ অভিযোগ তুলেছে।
কোগাট বলেছে, “যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় ২৭ হাজার টনের বেশি চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ সরবরাহ করা হয়েছে। বর্তমানে সেখানে সচল আছে ৩৫টি হাসপাতাল। এর মধ্যে নারীস্বাস্থ্য ও বন্ধ্যত্বের চিকিৎসাকেন্দ্রও আছে।
অ্যামনেস্টির প্রতিবেদনে দাবি করা হয়, অব্যাহত বোমাবর্ষণের মধ্যেও অনেক নারী আহত অবস্থায় গর্ভাবস্থা পার করেছেন। অনেকে আহত অবস্থায় নবজাতকের যত্ন নিয়েছেন।
সংস্থাটি আরও বলেছে, চিকিৎসা সরঞ্জামের সংকটের কারণে গর্ভাবস্থায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রসূতিসেবা ও সন্তান জন্মের পর প্রয়োজনীয় চিকিৎসা ব্যাহত হয়েছে। বিভিন্ন জটিলতা শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে।
এসব তথ্যের ভিত্তিতে অ্যাগনেস ক্যালামার্ড আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে তদন্তের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি কর্মকর্তাদের দ্বারা সংঘটিত সম্ভাব্য গণহত্যার বিষয়টি বিবেচনায় নিতে হবে। তদন্তে লিঙ্গভিত্তিক অপরাধ ও প্রজননস্বাস্থ্যের ক্ষতির বিষয়গুলোও অন্তর্ভুক্ত করতে হবে।
জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনের দ্বিতীয় অনুচ্ছেদ অনুযায়ী, কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে তাদের মধ্যে সন্তান জন্মদান ঠেকানোর পদক্ষেপ নেওয়া গণহত্যার একটি কাজ হিসেবে বিবেচিত হয়।
সংস্থাটি আরও জানিয়েছে, যুদ্ধের আগে গাজায় ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) বা কৃত্রিম প্রজনন পদ্ধতিতে সন্তান নেওয়ার চিকিৎসা দেওয়া হতো, এমন অন্তত নয়টি ক্লিনিক ছিল। কিন্তু বর্তমানে কোনো ক্লিনিকেই এই চিকিৎসা দেওয়া হচ্ছে না।
অ্যামনেস্টি বলেছে, সংরক্ষণ করে রাখা হাজার হাজার ভ্রূণ, শুক্রাণু ও ডিম্বাণু ধ্বংস হয়ে গেছে।



