ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই ঘটেছে ওয়াক-আউটের ঘটনা। সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেছে বিরোধী দল। বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, এই প্রেসিডেন্ট তিনটি কারণে অপরাধী’। সে কারণেই তার বক্তব্য শুনতে পারেন না বলে জানান তিনি।
বৃহস্পতিবার সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ অধিবেশনে বক্তব্য দিলে তা নিয়ে উত্তেজনা দেখা দেয়। রাষ্ট্রপতির নাম ঘোষণার সাথে সাথে বিভিন্ন লেখা সংবলিত প্লাকার্ড নিয়ে প্রতিবাদ জানায় বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এক পর্যায়ে ওয়াক আউট করেন তারা।
ওয়াক আউট করে বেড়িয়ে আসার পর গণমাধ্যমের সাথে কথা বলেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, ‘২০২৪ সালের ৫ই অগাস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে তখনকার প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন বলে জানিয়েছিলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। পরবর্তীতে দুইটি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তা অস্বীকার করেছেন বলে অভিযোগ করেন শফিকুর রহমান।
তিনি বলেন, এই ঘটনায় রাষ্ট্রপতি ‘জাতির কাছে মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত হয়েছেন’।
এর পরে প্রেসিডেন্ট হিসেবে তার আর কোনো নৈতিক অধিকার থাকে না বলে দাবি করেন শফিকুর রহমান। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পরে, গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন ডাকা রাষ্ট্রপতির দায়িত্ব ছিলো।
সেই অধিবেশন না ডেকে রাষ্ট্রপতি গণভোটে পক্ষে ভোট দেওয়া ৭০ ভাগ জনগণকে অপমান করেছেন বলে দাবি করেন তিনি।
এই তিন অপরাধের কারণে বিরোধী দলীয় সংসদ সদস্যরা তার ভাষণ শুনতে চাননি বলে জানান শফিকুর রহমান।



