বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি বুঝিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকার।
সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর গণমাধ্যমকে তিনি জানান, সীমান্ত সুরক্ষা জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় দ্রুত বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গ সরকার। এ বিষয়ে ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ক্ষমতায় আসে বিজেপি। গত ৯ মে দলটির পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়। পরে তিনি শপথ গ্রহণ করেন।
রাজ্যটিতে বিজেপির এবারের নির্বাচনি প্রচারণার অন্যতম প্রধান ইস্যু ছিল বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ এবং অবৈধ অনুপ্রবেশকারীদের প্রত্যাবাসন। নির্বাচনের সময় দলটি তৃণমূল সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সীমান্ত অরক্ষিত রাখার অভিযোগ তোলে।



