জুলাই গণঅভ্যুত্থান ঘিরে দায়ের করা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে সব মামলায় জামিন না হওয়ায় তারা এখনই কারামুক্ত হচ্ছেন না।
সোমবার বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, শাকিল আহমেদ ও ফারজানা রুপা পৃথকভাবে মোট ১৩টি জামিন আবেদন করেছিলেন। এর মধ্যে ফারজানা রুপার আটটি এবং শাকিল আহমেদের পাঁচটি মামলা রয়েছে।
আদালত ফারজানা রুপাকে ছয়টি মামলায় এবং শাকিল আহমেদকে পাঁচটি মামলায় জামিন মঞ্জুর করেন। এছাড়া তাদের দুজনকে একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করা হয়েছে।
আইনজীবীরা গণমাধ্যমকে জানিয়েছেন, এখনও সব মামলায় জামিন না হওয়ায় তারা তাৎক্ষণিকভাবে মুক্তি পাচ্ছেন না।
জামিন শুনানিতে আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
শাকিল আহমেদ বার্তাপ্রধান এবং ফারজানা রুপা প্রধান প্রতিবেদক হিসেবে একাত্তর টেলিভিশনে কর্মরত ছিলেন। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় প্রতিষ্ঠানটি।
এর আগে, গত ২১ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করে পুলিশ। সেদিন তারা টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে প্যারিস যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন।



