এখন টিভি’র চার সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে পরবর্তীতে চাকরিচ্যুত করার অভিযোগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছেন সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের নেতারা।
সোমবার সকালে ঢাকা সাংবাদিক সমিতির ব্যানারে এখন টিভি অফিসের সামনে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, যে পরিবর্তনের প্রত্যাশায় মানুষ রাজপথে রক্ত দিয়েছে, সেখানে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার খর্ব করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অভিযোগ করেন, অভ্যুত্থানের পক্ষে ভূমিকা রাখা সাংবাদিকদের এভাবে শাস্তি দেওয়া হলে তা নতুন বাংলাদেশের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক হবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা চাকরিচ্যুত চার সাংবাদিকের অবিলম্বে পুনর্বহালের আহ্বান জানান তারা। পরিস্থিতি সমাধানে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপও কামনা করা হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, কোনো প্রশাসনিক কারণ ছাড়াই ‘ফ্যাসিবাদী কায়দায়’ ওই সাংবাদিকদের জোরপূর্বক ছুটিতে পাঠিয়ে পরে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি এখন টিভির অ্যাসাইনমেন্ট ডেস্ক ইনচার্জ ও বিশেষ প্রতিনিধি মাহমুদ রাকিব, বিশেষ প্রতিনিধি মুজাহিদ শুভ, সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আজহারুজ্জামান এবং সিনিয়র রিপোর্টার ও ডেপুটি অ্যাসাইনমেন্ট ডেস্ক ইনচার্জ বেলায়েত হোসেনকে শোকজ করে কর্তৃপক্ষ।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। পরবর্তীতে তাদের চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ ওঠে।



