বেইজিংয়ে শি চিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

আপডেট : ২৬ জুন ২০২৬, ১২:০১ পিএম

চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির প্রেসিডেন্ট  শি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনে চার দিনের সরকারি সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ছিলো এই বৈঠক। ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের বরাতে এ সম্পর্কে জানা যায়।

শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিট) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি শুরু হয়। প্রায় আধা ঘণ্টা ধরে দুই নেতার মধ্যে আলোচনা চলে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, সংযোগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ বৈঠকের মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে এবং নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি হবে।

এর আগে বৃহস্পতিবার চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান। ওই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

শুক্রবার সকালে চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গেও বৈঠক করেন তারেক রহমান।

এ ছাড়া বেইজিং ছাড়ার আগে তিনি চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) জাদুঘর পরিদর্শন করবেন।

চার দিনের সরকারি এই সফর শেষে শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টায় ঢাকার উদ্দেশে বেইজিং ত্যাগ করার কথা রয়েছে তারেক রহমানের।

চীন সফরের আগে তিনি মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর করেন। এটি ছিলো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার প্রথম বিদেশ সফর।