সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস (স্যাটা) ২০২৬-এ ‘দক্ষিণ এশিয়ার সেরা জেনারেল ম্যানেজার’ সম্মাননা পেয়েছেন বাংলাদেশের মো. আলমগীর হোসেন। শেলটেক গ্রুপের প্ল্যাটিনাম হোটেলসের গ্রুপ জেনারেল ম্যানেজার আলমগীর এ সম্মাননা অর্জনকারী প্রথম বাংলাদেশি।
গত ৮ই অক্টোবর মালদ্বীপের রাজধানী মালের বার্সেলো নাসানধুরা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এবারের আসরে অংশ নেয় বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা।
একই আসরে ‘লিডিং সিটি হোটেল’ পুরস্কার জিতেছে শেলটেক গ্রুপের প্ল্যাটিনাম রেসিডেন্স।
আলমগীর হোসেনের কর্মজীবন শুরু হয়েছিল ঢাকার শাহবাগে তৎকালীন হোটেল শেরাটনে ওয়েটার হিসেবে। দুই দশকের বেশি সময় পর সেই যাত্রাই তাকে পৌঁছে দিয়েছে দক্ষিণ এশিয়ার শীর্ষে। ২২ বছরের বেশি সময়ের কর্মজীবনে তিনি অতিথিসেবা, বিক্রয় ও বিপণন থেকে শুরু করে হোটেল পরিচালনার নানা পর্যায়ে কাজ করেছেন।
২০১৭ সালে প্ল্যাটিনাম হোটেলসে যোগ দেওয়ার পর থেকে ঢাকার বনানীর প্ল্যাটিনাম গ্র্যান্ড ও উত্তরার প্ল্যাটিনাম রেসিডেন্সের সার্বিক কার্যক্রম তদারকি করছেন তিনি। প্রতিষ্ঠানের ব্যবসায়িক অগ্রগতিতেও ভূমিকা রাখছেন।
অতিথিসেবার মানোন্নয়ন, দক্ষ কর্মী গড়ে তোলা ও ব্যবসায়িক ব্যবস্থাপনায় তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।পেশাগত দক্ষতা বাড়াতে বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, চীন ও শ্রীলঙ্কায় প্রশিক্ষণ নিয়েছেন তিনি।
প্রতিষ্ঠানটি জানায়, এ স্বীকৃতি শুধু আলমগীর হোসেনের ব্যক্তিগত অর্জন নয়, দক্ষিণ এশিয়ার আতিথেয়তা খাতে বাংলাদেশের এগিয়ে যাওয়ার একটি গৌরবময় অধ্যায়ও।



