শান্তিতে নোবেল পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পিএম

শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকার আইনজীবী ও বিচারক নাভানেথেম নাভি পিল্লাই। 

আন্তর্জাতিক আইনের শাসন প্রতিষ্ঠা এবং শান্তি প্রতিষ্ঠায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০২৬ সালের শান্তিতে নোবেল পুরস্কার পেলেন।

শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ও  বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

১৯৪১ সালে ডারবানে এক তামিল ভারতীয় পরিবারে জন্ম তার। সেই সময়ে দক্ষিণ আফ্রিকায় ভারতীয় বংশোদ্ভূত যে হাতে গোনা কয়েকজন নারী আইনজীবী হতে পেরেছিলেন, পিল্লাই ছিলেন তাদের একজন। বর্ণবৈষম্যের বিরুদ্ধে যারা লড়েছেন, আদালতে তাদের পক্ষে দাঁড়িয়েছেন তিনি। কারাগারে বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধেও সরব ছিলেন।

বর্ণবৈষম্য শেষ হওয়ার পর তিনি রুয়ান্ডা গণহত্যার বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারকের দায়িত্ব পান। সেখানে একটি ঐতিহাসিক রায়ে ধর্ষণকে গণহত্যার অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়ার পথ তৈরিতে তার বড় ভূমিকা ছিলো। পরে তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতেও বিচারক হিসেবে কাজ করেন। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ছিলেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার।

অতি সম্প্রতি ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে গঠিত জাতিসংঘের একটি কমিশনের প্রধান ছিলেন। 

গত বছর ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদোকে শান্তি পুরস্কার পান। তাকে এই পুরস্কার দেওয়া হয় ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার অবিচল ও সাহসী ভূমিকা এবং স্বৈরশাসন থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তর ঘটানোর জন্য তার দীর্ঘ লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ।