হার স্বীকার করতে নারাজ মমতা বন্দোপাধ্যায়

আপডেট : ০৫ মে ২০২৬, ০৭:৩০ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ‘হারেননি’ বলে দাবি করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, “কেন পদত্যাগ করব? ‌আমরা তো হারিনি।”

২৯৩টি আসনের মধ্যে ২০৭টি আসনে জয় পেয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। তৃণমূল জিতেছে ৮০টি কেন্দ্রে।

তবে হার স্বীকার করতে নারাজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার কালীঘাটে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্ন আসছে কোথা থেকে?”

তার অভিযোগ নির্বাচনে কারচুপি হয়েছে। তিনি মনে করছেন, বিজেপির কাছে এই পরাজয় জনমতের স্বাভাবিক প্রতিফলন নয় বরং এর পেছনে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব ও কেন্দ্রীয় শক্তির গভীর ষড়যন্ত্র কাজ করেছে।

নির্বাচন কমিশনকে ‘ভিলেন’ উল্লেখ করে মমতা বলেন, ‘‘আমাদের এই লড়াই বিজেপির বিরুদ্ধে ছিলো না। নির্বাচন কমিশন এখানে একটা কালো ইতিহাস তৈরি করল। কমিশনই ভিলেন। তারা মানুষের অধিকার লুট করেছে। ভোটের আগে সব জায়গায় রেইড করেছে। সব অফিসারকে বদলে দিয়েছে। বিজেপি আর কমিশনের মধ্যে বেটিং হয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও এর সঙ্গে সরাসরি যুক্ত।’’

এক প্রশ্নের জবাবে মমতা বলেন, ‘‘ওরা এমনি জিতলে আমার কোনও অভিযোগ থাকত না। ভোটে হারজিত থাকেই। কিন্তু তা তো হয়নি। আমরা হারিনি। ওরা ভোট লুট করেছে।’’

সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়।