‘কমিশনের নির্দেশেই হবে ভোট গণনা’: তৃণমূলের মামলায় সুপ্রিম কোর্ট

আপডেট : ০২ মে ২০২৬, ০১:২৯ পিএম

ভোট গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়োগের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলো তৃণমূল। হাইকোর্ট সেই মামলা খারিজ করলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলো দলটি।

শনিবার সকালে বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে সেই মামলার শুনানি হয়।

তৃণমূলের অভিযোগ, ভোট গণনাকেন্দ্রে কাউন্টিং সুপারভাইজার বা তার সহকারী বা অন্যান্য গণনাকর্মী হিসাবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করছে নির্বাচন কমিশন। তাদের আবেদন ছিল, কমিশনের এই সিদ্ধান্ত তারা মেনে নিতে পারে না।

কমিশনের তরফে আইনজীবী বলেন, "গণনায় রিটার্নিং অফিসারের সর্বোচ্চ ক্ষমতা রয়েছে। তিনি রাজ্য সরকারের ক্যাডারেরই আধিকারিক। তাছাড়া, প্রত্যেক প্রার্থীর নিজস্ব কাউন্টিং এজেন্ট গণনায় থাকবে। তাই মামলায় যে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।"

সুপ্রিম কোর্ট জানিয়েছে, গণনা সংক্রান্ত তৃণমূলের মামলায় তারা এখনই কোনও নির্দেশ দিতে রাজি নয়। কমিশন নিজের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী কাজ করতে পারবে। অতিরিক্ত কোনও নির্দেশের প্রয়োজনীয়তা নেই আপাতত।

সুপ্রিম কোর্টের বিচারপতি নরসিংহ বলেন, ‘‘রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের আলাদা হিসাবে দেখার মধ্যে আর একটি ভ্রান্তি রয়েছে। আসলে তাঁরা সকলে সরকারি কর্মচারী।’’

(তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা)