‘আমার বন্ধু মহা জাদু জানে’- মালয়েশিয়া সফরে কূটনীতির নতুন ভাষা

একদিকে ভাইরাল গান ‘আমার বন্ধু মহা জাদু জানে’, অন্যদিকে শ্রমবাজার, বাণিজ্য ও ভূরাজনৈতিক ভারসাম্যের কঠিন হিসাব। ভিডিও, ইতিহাস আর ফেসবুক পোস্ট মিলিয়ে এই সফর হয়ে উঠেছে সম্পর্কের নতুন প্রতীক, যেখানে রাজনীতি বলছে কম, ইঙ্গিত দিচ্ছে বেশি।

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৮:৩৫ পিএম

“আমার বন্ধু মহা জাদু জানে” গানের কথার সঙ্গে সেই ভাইরাল ব্যাকগ্রাউন্ড এখন কেবল একটি ভিডিওর অংশ নয়, এটা হয়ে উঠেছে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন প্রতীক।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয় হাবিব ওয়াহিদের জনপ্রিয় গান ‘মহাজাদু’।

প্রকাশের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটি ১২ লাখের বেশি ভিউ, ১৫ হাজারের বেশি শেয়ার এবং হাজারো মন্তব্য পায়।

কূটনৈতিক সফরের ভিডিওতে বাংলাদেশের একটি সমকালীন গান ব্যবহার নিছক সম্পাদনার সিদ্ধান্ত নয়, বরং এটি এমন এক বার্তা, যেখানে আনুষ্ঠানিক বক্তব্যের বাইরে সংস্কৃতি, আবেগ এবং পারস্পরিক শ্রদ্ধা দিয়ে সম্পর্কের নতুন ভাষা তৈরি করা হয়েছে।

ভিডিওতে যখন মালয়েশিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সম্মান জানাচ্ছে, তখন ‘আমার বন্ধু মহা জাদু জানে’ গানের সুর যেন আরও একটি বার্তা দিচ্ছে; বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, বরং বন্ধুত্ব, আস্থা এবং নতুন অংশীদারত্বের দিকেও এগোচ্ছে।

কিন্তু এই সফরের গুরুত্ব কি শুধু একটি ভাইরাল ভিডিওতে সীমাবদ্ধ?

“একেবারেই নয়। এখানে লেবার ডিপ্লোম্যাসি, প্রতিরক্ষা ডাইভারসিফিকেশনের মতো আলোচনা হয়েছে। তাছাড়া আসিয়ান ও দক্ষিণ-পূর্ব এশিয়া- বাংলাদেশের কূটনীতির জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ,” আলাপ-কে বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সাহাব এনাম খান।

তবে এসব কিছুর মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে একটি গান। কারণ অনেক সময় রাষ্ট্রীয় বিবৃতির চেয়ে একটি সাংস্কৃতিক ইঙ্গিত বেশি শক্তিশালী বার্তা দেয়।

আর সেখান থেকেই মেলানো হচ্ছে সেই প্রশ্নের উত্তর- দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য কেন মালয়েশিয়াকেই বেছে নিলেন তারেক রহমান? মালয়েশিয়া সফর কি শুধুই একটি রাষ্ট্রীয় সফর, নাকি এটি বাংলাদেশের নতুন কূটনৈতিক কৌশলের সূচনা? আর সেই গল্পই কী বলা হচ্ছে ‘আমার বন্ধু মহা জাদু জানে’-এর সুরে? এই সফর বাংলাদেশের জন্য আসলে কী বার্তা বহন করছে?

মালয়েশিয়াকে ঘিরে কৌশলগত সফর শুরু

দুই দিনের মালয়েশিয়া সফরকে ঘিরে আগে থেকেই কূটনৈতিক অঙ্গনে আলোচনা ছিল, কোন দেশ হবে প্রথম গন্তব্য। 

ভারত ও চীনের আলোচনার মধ্যেই শেষ পর্যন্ত মালয়েশিয়া প্রথম সফর হিসেবে ঠিক করা হয়। 

এরপর একই সফরে চীন যুক্ত হওয়ায় বিষয়টি আরও গুরুত্ব পায়। 

বিশ্লেষকদের মতে, এটি কোনো বিচ্ছিন্ন সিদ্ধান্ত নয়, বরং দক্ষিণ ও পূর্ব এশিয়ার মধ্যে ভারসাম্য বজায় রাখার একটি কৌশলগত বার্তা।

তারেক রহমান তার প্রথম গন্তব্য হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়ার বিষয়টিকে “সিগন্যালিং ডিপ্লোমেসি” হিসেবে দেখছেন রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রাজ্জাক।

“মালয়েশিয়াকে বেছে নেওয়াটা খুবই ভালো সিদ্ধান্ত। এর মধ্য দিয়ে সরাসরি বড় শক্তির দিকে না ঝুঁকে দক্ষিণ–পূর্ব এশিয়াকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। যেটা কৌশলগতভাবে ভালো হয়েছে,” আলাপ-কে বলেছেন তিনি।

তারেক রহমানের ফেইসবুক স্ট্যাটাস এখন কূটনৈতিক বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ “অবজার্ভেশন টেক্সট”

ফেইসবুক পোস্টে সম্পর্কের ঐতিহাসিক প্রসঙ্গ

সফরের পর প্রধানমন্ত্রী তারেক রহমান যে ফেইসবুক স্ট্যাটাস দিয়েছেন, সেটি এখন কূটনৈতিক বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ “অবজার্ভেশন টেক্সট” হয়ে উঠেছে।

সেখানে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আতিথেয়তা ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের সম্পর্ককে “দীর্ঘ ঐতিহাসিক বন্ধন” হিসেবে ব্যাখ্যা করেন।

এই স্ট্যাটাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো ইতিহাসের পুনঃউল্লেখ।

তিনি সম্পর্কের শিকড় টেনে নিয়ে যান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সময় পর্যন্ত।

ফেসবুক স্ট্যাটাসে যে ঐতিহাসিক রেফারেন্স ব্যবহার করা হয়েছে, তা কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। জিয়াউর রহমানের সময় মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের যে ভিত্তি তৈরি হয়েছিল, সেটিকে বর্তমান সফরে আবার সামনে আনা হয়েছে।

যার মধ্য দিয়ে “বর্তমান সম্পর্ককে অতীতের রাষ্ট্রীয় ধারাবাহিকতার সঙ্গে যুক্ত করে বৈধতা ও গভীরতা তৈরি করা হয়েছে। এটি কেবল রাজনৈতিক বক্তব্য নয়, বরং কূটনৈতিক ন্যারেটিভ নির্মাণ,” বলে মনে করেন সাহাব এনাম খান।

“এর মাধ্যমে একটি বার্তা স্পষ্ট হয়েছে, বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন নয়, বরং দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় সম্পর্কের অংশ, যা এখন নতুন পর্যায়ে প্রবেশ করছে। যা মাহাথির মোহাম্মদের সময় থেকেই সুদৃঢ় ভাবে এগিয়ে যাচ্ছে,” আলাপ-কে বলেছেন তিনি।

২০০৪ সালে বাংলাদেশ সফরে এসে ছিলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ। আর তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া।

তারেক রহমান তার পোস্টে লিখেছেন, “প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আমার আলোচনা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘদিনের সম্পর্ককে আবারও দৃঢ় করেছে, যা আমাদের যৌথ প্রতিশ্রুতির বাইরে গিয়ে আরও বেশি সহযোগিতা, সমৃদ্ধি এবং আঞ্চলিক অগ্রগতির দিকে নিয়ে যায়।”

একই সঙ্গে তিনি দুই দেশের মধ্যে সহযোগিতা, সমৃদ্ধি ও আঞ্চলিক অগ্রগতির সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেন লিখেছেন, “আমার প্রথম রাষ্ট্রীয় সফর শেষে, আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি, যাতে মালয়েশিয়ার সঙ্গে আমাদের বহুমাত্রিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করা যায়।”

কূটনৈতিক সম্পর্কের সঙ্গে সংস্কৃতির মেলবন্ধন

অন্যদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার বক্তব্যে এই সফরকে কেবল সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখাননি। তিনি বলেন, এটি দুই দেশের “দীর্ঘস্থায়ী সম্পর্কের পুনঃনিশ্চিতকরণ”।

তিনি যে শব্দচয়ন ব্যবহার করেছেন- “মিউচুয়াল কমিটমেন্ট”, “স্ট্রাটেজিক কোঅপারেশন”, “বেনিফিট অব পিপল”- এগুলো কূটনৈতিকভাবে খুবই নির্দিষ্ট। 

এগুলো ইঙ্গিত করে সম্পর্ক কেবল দ্বিপাক্ষিক বাণিজ্যের বাইরে নিয়ে গিয়ে “স্ট্র্যাটেজিক পার্টনারশিপ”-এর দিকে উন্নীত করার চেষ্টা চলছে।

এই বক্তব্যে মালয়েশিয়া নিজেকে শুধু শ্রমবাজার বা বাণিজ্য অংশীদার হিসেবে নয়, বরং আঞ্চলিক সহযোগিতার একটি স্থিতিশীল কেন্দ্র হিসেবে উপস্থাপন করছে।

ভিডিও পোস্টের সঙ্গে তিনি লেখেন, “এই সফর মালয়েশিয়া–বাংলাদেশ বন্ধুত্বকে আরও সুদৃঢ় করেছে এবং দুই দেশের জনগণের কল্যাণে কৌশলগত সহযোগিতা আরও জোরদারের পারস্পরিক অঙ্গীকারকে সামনে এনেছে।”

সফরের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল সাংস্কৃতিক কূটনীতি। তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমানকে পুত্রজায়ায় লেক ক্রুজে নেওয়া, বাটিক শিল্প প্রদর্শনী এবং সেখানে তার অংশগ্রহণ- এসব আয়োজন আসলে মালয়েশিয়ার সফট পাওয়ার ডিপ্লোমেসির অংশ। 

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল এই আয়োজনগুলোতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। যা দুই দেশের সম্পর্ককে মানবিক ও সাংস্কৃতিক স্তরে নিয়ে গেছে।

“এই সফর দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় করবে এবং পারস্পরিকভাবে উপকারী বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণে সহায়তা করবে,” ফেইসবুক পোস্টে লিখেছেন মালয়েশিয়ার সাবেক এই উপ-প্রধানমন্ত্রী।

সম্পর্কের বাস্তব অর্থনীতি

মালয়েশিয়া ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর একটি। পরবর্তী কয়েক দশকে শিক্ষা, শ্রমবাজার, বাণিজ্য ও ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) কেন্দ্রিক সম্পর্ক ক্রমশ গভীর হয়েছে। 

বর্তমানে দুই দেশের বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ২ দশমিক ৫ থেকে ৩ বিলিয়ন ডলার। 

মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম বড় পাম অয়েল সরবরাহকারী দেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার।

ফলে তারেক রহমানের অতীতের সম্পর্ককে সামনে আনা মানে শুধু আবেগ নয়, বরং বর্তমান অর্থনৈতিক অংশীদারিত্বকে ঐতিহাসিক বৈধতা দেওয়া। 

“বাংলাদেশ–মালয়েশিয়া সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি কূটনীতি নয়, মানুষ,” বলেছেন- অর্থনীতিবিদ মোহাম্মদ আবদুর রাজ্জাক। 

বর্তমানে মালয়েশিয়ায় বৈধ কাজের অনুমতি নিয়ে কর্মরত বাংলাদেশির সংখ্যা ৮ লাখ ৩ হাজার ৩৩২ জন। 

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির মোট বিদেশি শ্রমিকের ৩৭ শতাংশই বাংলাদেশি, যা একক দেশ হিসেবে সর্বোচ্চ।

এই বিশাল শ্রমশক্তি শুধু মালয়েশিয়ার নির্মাণ, উৎপাদন, কৃষি ও সেবা খাতকে সচল রাখছে না, বাংলাদেশের অর্থনীতিতেও বড় অবদান রাখছে। 

মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, “আমাদের শ্রমবাজারের একটি বড় অংশ মধ্যপ্রাচ্য নির্ভর। এর বাইরে মালয়েশিয়া খুবই গুরুত্বপূর্ণ। আমাদের রেমিট্যান্সের বড় উৎস।”

বিভিন্ন হিসাব অনুযায়ী, মালয়েশিয়া থেকে বাংলাদেশে বছরে ২ থেকে ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার থেকে ৩৬ হাজার কোটি টাকার সমপরিমাণ।

তবে এই সম্পর্কের আরেকটি বাস্তবতা হলো শ্রমবাজারকে ঘিরে দীর্ঘদিনের সংকট। 

২০১৬ সাল থেকে একাধিকবার শ্রমবাজার বন্ধ ও চালু হয়েছে। কখনও সিন্ডিকেট, কখনও অতিরিক্ত অভিবাসন ব্যয়, কখনও মানবপাচারের অভিযোগ দুই দেশের সম্পর্ককে বিব্রত করেছে। 

সেই কারণে এবারের সফরে শ্রমবাজার শুধু একটি আলোচ্যসূচি ছিল না; বরং এটি ছিল সম্পর্কের সবচেয়ে স্পর্শকাতর অর্থনৈতিক ইস্যু। তবে সামনে বাংলাদেশ থেকে কত শ্রমিক যাবে তা নিয়ে কিছু জানায়নি কোনো পক্ষ।

অর্থাৎ, এই সফরের সফলতা পরিমাপের একটি বড় মানদণ্ড হবে ভবিষ্যতে মালয়েশিয়ার শ্রমবাজার কতটা স্বচ্ছ ও সহজ হয়, তার ওপর। দেখার অপেক্ষা এখানে তারেক রহমান কী জাদু দেখান।

বাংলাদেশ দীর্ঘদিন ধরে আসিয়ানের “সেক্টরাল ডায়ালগ পার্টনার” হওয়ার চেষ্টা করছে।

আসিয়ান ও বাংলাদেশের পূর্বমুখী অর্থনৈতিক কৌশল

“এই সফরকে শুধু দ্বিপাক্ষিক সফর হিসেবে দেখলে ভুল হবে। এর একটি বড় আঞ্চলিক মাত্রাও রয়েছে। কারণ মালয়েশিয়া বর্তমানে আসিয়ান অঞ্চলের অন্যতম প্রভাবশালী অর্থনীতি এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বপূর্ণ কেন্দ্র। বাংলাদেশের এই সিদ্ধান্ত তাই খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের শ্রমবাজার, শিক্ষা, বাণিজ্য ও জনসংযোগ সবচেয়ে গভীর,” আলাপ-কে বলেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সাহাব এনাম খান।

আসিয়ানের সম্মিলিত অর্থনীতির আকার প্রায় ৪ ট্রিলিয়ন ডলার এবং এর জনসংখ্যা ৬৮ কোটির বেশি। বৈশ্বিক উৎপাদন, সাপ্লাই চেইন ও প্রযুক্তি বিনিয়োগের একটি বড় অংশ এখন এই অঞ্চলে স্থানান্তরিত হচ্ছে। তাই এই সম্পর্ক বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

বাংলাদেশ দীর্ঘদিন ধরে আসিয়ানের “সেক্টরাল ডায়ালগ পার্টনার” হওয়ার চেষ্টা করছে। এই লক্ষ্য অর্জনে মালয়েশিয়ার সমর্থন গুরুত্বপূর্ণ। 

সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, “আমরাতো আর আসিয়ানের সদস্য হতে পারবো না। কিন্তু পার্টনার হতে পারি।” 

ভূরাজনৈতিক ভারসাম্যে কী বার্তা

তারেক রহমানের প্রথম বিদেশ সফর নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ছিল-প্রথম গন্তব্য ভারত হবে, নাকি চীন। শেষ পর্যন্ত মালয়েশিয়াকে প্রথম গন্তব্য হিসেবে বেছে নেওয়া নিজেই একটি কূটনৈতিক বার্তা।

নির্বাচনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ ছিল। একই সময়ে আমন্ত্রণ আসে চীন থেকেও। কিন্তু ঢাকা কোনো পক্ষকেই প্রথম সফরের প্রতীকী সুবিধা দিতে চায়নি। পরিবর্তে বেছে নিয়েছে একটি তৃতীয়, বন্ধুত্বপূর্ণ এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অংশীদারকে।

সাবেক রাষ্ট্রদূত তারিক এ করিমের ভাষায়, “তিনি প্রথমে ভারত গেলে চীন একভাবে দেখবে, আবার চীন গেলে ভারত একভাবে দেখবে।” 

এই মন্তব্য মূলত দক্ষিণ এশিয়ার বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতাকে তুলে ধরে।

সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনি সুলতান ইস্কান্দারের সঙ্গে। 

জ্বালানি, বিনিয়োগ, শ্রমবাজার ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে হয়েছে একাধিক উচ্চপর্যায়ের আলোচনা। বাংলাদেশের পক্ষ থেকে ভবিষ্যৎ অর্থনৈতিক অংশীদারত্বের বার্তা দেওয়া হয়েছে, আর মালয়েশিয়া প্রকাশ করেছে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার আগ্রহ।

এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ। মালয়েশিয়া সফর শেষ করেই তারেক রহমান চীনে গেছেন, যেখানে আলোচনায় রয়েছে সম্ভাব্য ১৫–১৭টি চুক্তি ও সমঝোতা স্মারক, অবকাঠামো, ডিজিটাল অর্থনীতি, শিল্পাঞ্চল এবং বিনিয়োগ সহযোগিতা।

সব মিলিয়ে তারেক রহমানের মালয়েশিয়া সফর কেবল একটি দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফর নয়। এটি একটি বহুমাত্রিক কূটনৈতিক ইভেন্ট। যা বাংলাদেশের নতুন কূটনৈতিক ভাষার একটি প্রাথমিক খসড়া। যেখানে বাণিজ্যিক চুক্তির পাশাপাশি সমান গুরুত্বপূর্ণ ছিল গল্প, ভিডিও, গান এবং ইতিহাস।