জামায়াত-এনসিপি জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৩:৫০ পিএম

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের রাষ্ট্রপতি প্রার্থী করা হয়েছে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদকে।

রবিবার ৯ই অগাস্ট মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, "বিএনপি সংস্কারের পথে হাঁটলে ঐক্যবদ্ধভাবে ক্ষমতাসীন ও বিরোধী দল মিলে এককভাবে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়া যেত। কিন্তু তারা সেটা করেনি। এ জন্য ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে আলাদাভাবে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়া হচ্ছে।"

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আগামী ১৩ই অগাস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ই অগাস্ট। জাতীয় সংসদে ভোটগ্রহণ হবে ২০এ অগাস্ট।

মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অলি আহমেদ দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন। একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছেন। 

২০০৬ সালে অলি আহমেদ বিএনপি ছেড়ে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজার সাথে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) গঠন করেন।