যুক্তরাষ্ট্র ২০২৬ সালে তাদের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন করতে যাচ্ছে।
১৭৭৬ সালের ৪ জুলাই স্বাধীনতার ঘোষণাপত্র স্বাক্ষরের মধ্য দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, সেই ঐতিহাসিক মুহূর্তকে কেন্দ্র করেই উদযাপনের আয়োজন করেছে তারা।
এই উপলক্ষে বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, দেশজুড়ে “ফ্রিডম ২৫০” নামে বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠান আয়োজন করা হবে। এসব আয়োজনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাস, উদ্ভাবন এবং অগ্রগতির দীর্ঘ পথচলা তুলে ধরা হবে।
দূতাবাসের বার্তায় বলা হয়, এই উদযাপন শুধু যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধ ও প্রতিষ্ঠাকালীন আদর্শকে স্মরণ করার সুযোগই নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে গড়ে ওঠা দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে সম্মান জানানোরও একটি উপলক্ষ।
বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, তারা অতীত ও বর্তমান আমেরিকানদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং একই সঙ্গে বাংলাদেশি অংশীদার ও বন্ধুদের এই উদযাপনে যুক্ত হওয়ার আহ্বান জানাবে।
বিশেষ এই বার্ষিকীকে ঘিরে ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের ইতিহাস, সংস্কৃতি ও ভবিষ্যত অগ্রযাত্রাকে কেন্দ্র করে নানা ধরনের অনুষ্ঠান ও কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।



