স্থানীয় সরকার নির্বাচন হবে এ বছরের শেষে

আপডেট : ০৫ মে ২০২৬, ০৭:২৫ পিএম

আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের ষষ্ঠ অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, “স্থানীয় সরকার হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি। তৃণমূলের সবচেয়ে বড় শক্তিশালী একটি প্রতিষ্ঠান। আর এ প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে পারলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে।”

একই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “দেশের স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে শুরু হতে পারে।”

সব ধাপের নির্বাচন শেষ করতে ১০ মাস থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছেন উপদেষ্টা।

“সরকার স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। এ লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রস্তুতি চলমান রয়েছে। নির্বাচনের প্রক্রিয়াটি শুরু হতে এ বছরের শেষ নাগাদ সময় লাগতে পারে। তবে ইউনিয়ন পরিষদসহ সব ধাপের নির্বাচন শেষ করতে ১০ মাস থেকে সর্বোচ্চ এক বছর সময় প্রয়োজন হবে।”