বাজেট ২০২৬-২৭

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর

আপডেট : ১১ জুন ২০২৬, ০৫:৪১ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমের কনটেন্ট ক্রিয়েটরদের বিশেষ করছাড়ের প্রস্তাব করা হয়েছে বাজেটে। তাদের ওপর আরোপ করা ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। ফ্রিল্যান্সারদের জন্যও একই ছাড়ের প্রস্তাব করা হয়েছে।

বাজেট প্রস্তাবে বলা হয়েছে, তরুণ প্রজন্মের মেধা ও মননকে কাজে লাগিয়ে একটি বৈশ্বিক মানের ‘ক্রিয়েটিভ ইকোনমি’ গড়ে তুলতে চায় নতুন সরকার।

ডিজিটাল মিডিয়ায় ব্যবহৃত ক্রিয়েটিভ মিউজিক তৈরিতে সহায়তা দিতে গিটার, পিয়ানো, ভায়োলিন ইত্যাদি এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানিতে বর্তমানে থাকা ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্কও প্রত্যাহার করা হয়েছে। তাই এসব বাদ্যযন্ত্রের দাম কমতে পারে।

চলচ্চিত্র শিল্পের মানোন্নয়নের উচ্চপ্রযুক্তির সিনেমাটোগ্রাফিক ক্যামেরা এবং ক্যামেরা ও প্রজেক্টরের খুচরা যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী ‘সৃজনশীল অর্থনীতির’ বিকাশে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে আছে সারা দেশে আঞ্চলিক ‘সৃজনশীল হাব’ গড়ে তুলতে ১০ বছরের বিনিয়োগ ও কর্মপরিকল্পনা প্রণয়ন।

প্রস্তাবে বলা হয়েছে ঢাকার পূর্বাচলে ১৬০ একর জায়গার ওপর পিপিপি মডেলে স্থাপন করা হবে ‘সেন্ট্রাল ক্রিয়েটিভ হাব’। বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে এবং শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমি চত্বরে তৈরি করা হবে ‘ক্রিয়েটিভ হাব’।

বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্নাতক পর্যায়ের চালু হবে ‘ইনোভেশন হাব’। সৃজনশীল পণ্যের উন্নয়ন ও নকশার মানোন্নয়নে দেশীয় ডিজাইনারদের সমন্বয়ে একটি ‘ন্যাশনাল পোল অব ডিজাইনার’ গঠন করার কথাও আছে প্রস্তাবে।

এছাড়া চলচ্চিত্রের উন্নয়ন এবং ওটিটি প্লাটফর্মে অংশ নেওয়ার জন্য আন্তর্জাতিক মানের কারিগরি মানসম্পন্ন স্টুডিও গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।