প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০২:০৮ পিএম

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী নিজ নিজ হিসাব থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকরা।

একই সঙ্গে আমানতের মুনাফায় কোনো ধরনের ‘হেয়ারকাট’ করা হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের পাঠানো প্রেস রিলিজে জানানো হয়, মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়খুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে চার ডেপুটি গভর্নরসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত বছরের ২৯এ ডিসেম্বর ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে গ্রাহকদের জরুরি প্রয়োজন মেটাতে এবং ভোগান্তি কমাতে ব্যক্তি আমানতকারীদের জন্য টাকা উত্তোলনের সুযোগ বাড়ানো হচ্ছে।

দীর্ঘদিন আমানতকারীদের জমানো টাকা ফেরত দিতে না পারা শরীয়াহভিত্তিক এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ব্যাংক মিলে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়।

পহেলা সেপ্টেম্বর থেকে টাকা তোলার সুযোগ

কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১লা সেপ্টেম্বর থেকেই ব্যক্তি আমানতকারীরা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী তুলতে পারবেন।

এ ক্ষেত্রে গত ডিসেম্বরে ঘোষিত স্কিমে যে বিধিনিষেধ ছিল, তার বাইরে গিয়েও প্রয়োজনীয় অর্থ উত্তোলনের সুযোগ থাকবে।

এ জন্য ব্যাংক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আমানতের মুনাফায় থাকছে না ‘হেয়ারকাট’

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের সবচেয়ে বড় উদ্বেগ ছিল মুনাফা নিয়ে। প্রেস রিলিজে সেই উদ্বেগও দূর করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বৈঠকে গভর্নর নির্দেশনা দিয়ে বলেন, জাতীয় সংসদে অর্থমন্ত্রী ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যে আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ থাকবে না। তবে বিষয়টি নিয়ে গ্রাহকদের মধ্যে এখনো কিছুটা অস্পষ্টতা রয়েছে।

তাই ব্যাংক কর্তৃপক্ষকে সব আমানতকারীকে স্পষ্টভাবে জানাতে বলা হয়েছে যে তাদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না।

স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালুর তাগিদ

প্রায় ৩৫ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করা সম্মিলিত ইসলামী ব্যাংককে দ্রুত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফেরার নির্দেশও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রসঙ্গত, দীর্ঘদিন পাঁচ ব্যাংকের আমানতকারীরা নিজেদের জমানো টাকা তুলতে নানা সীমাবদ্ধতার মুখে ছিলেন। পরে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা প্রশাসকদের মাধ্যমে ব্যাংকগুলো পরিচালিত হয়।

সম্প্রতি প্রশাসকদের সরিয়ে সরকারের নিয়োগ দেওয়া পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হাতে ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়েছে।

ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা।

যার মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা, আর বাকি ১৫ হাজার কোটি টাকার বিপরীতে আমানতকারীদের শেয়ার দেওয়ার পরিকল্পনা রয়েছে।