সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব, জরুরি ভিত্তিতে তথ্য চায় বিএফআইইউ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য ও লেনদেনের বিবরণ চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

তথ্যগুলো জরুরি ও উচ্চ অগ্রাধিকার ভিত্তিতে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। আরও বলা হয়, এই বার্তা উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত।

৩০এ সেপ্টেম্বর সকালে দেশের বিভিন্ন ব্যাংকে পাঠানো এক ই-মেইল বার্তায় বিএফআইইউ সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের কেওয়াইসি তথ্য, হিসাব খোলার ফরম (এওএফ) ও হিসাব বিবরণী (স্টেটমেন্ট) চায়। বার্তায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে সালমান মুক্তাদিরের হিসাবের সফট কপি পাঠানোর পাশাপাশি সংযুক্ত এক্সেল ফাইলে হিসাবসংক্রান্ত তথ্য, সুদ আয় ও উৎসে করের (টিডিএস) তথ্য দিতে বলা হয়েছে।

জানা যায়, ব্যাংকগুলোকে এসব তথ্য এক ঘণ্টার মধ্যে গোএমএল মেসেজ বোর্ডের মাধ্যমে পাঠাতে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে বিএফআইইউর এক পরিপত্রের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে তথ্যের গোপনীয়তা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গোএমএল মেসেজ বোর্ড হলো বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ব্যবহৃত একটি নিরাপদ অনলাইন যোগাযোগ ব্যবস্থা, যার মাধ্যমে ব্যাংক ও অন্যান্য রিপোর্টিং প্রতিষ্ঠান বিএফআইইউর সঙ্গে আর্থিক তথ্য আদান-প্রদান করে।

সম্প্রতি ইসিবি চত্বরের নিউ গিনি প্রোপার্টিজে সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ হামলা ও ভাঙচুরের ঘটনা নিয়ে আলোচনায় ছিলেন তিনি। এ ঘটনায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদাবাজির অভিযোগ তুললেও পরে নিজেই জানান, সরাসরি কেউ তার কাছে টাকা দাবি করেনি।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় করা মামলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।