বাড়ছে কোটিপতির সংখ্যা, তিন মাসে অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজারের বেশি

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পিএম

মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, ব্যবসায়ীদের ঋণ চাহিদাও দুর্বল, গতি ফেরেনি আর্থিক খাতেও- তবে এর মধ্যেই বাংলাদেশে বেড়ে চলেছে কোটিপতি ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা। তিন মাসে ব্যাংকে কোটি টাকার বেশি আমানত রাখা হিসাবের সংখ্যা বেড়েছে ৫ হাজারের বেশি।

চলতি বছরের জুন শেষে ব্যাংকগুলোতে এক কোটি টাকার বেশি জমা থাকা হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৬২টি।

মার্চ শেষে এ সংখ্যা ছিল ১ লাখ ৩৬ হাজার ৪৮৫টি।

ডিসেম্বর ২০২৫ শেষে কোটি টাকার বেশি আমানত থাকা হিসাব ছিল ১ লাখ ৩৭ হাজার ২০৪টি।

অর্থাৎ, চলতি বছরের জুন শেষে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি। 

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবগুলোর আমানতও বাড়ছে।

জুন শেষে কোটি টাকার বেশি আমানত থাকা ব্যাংক হিসাবগুলোর মোট স্থিতি দাঁড়িয়েছে ৮ লাখ ৭৫ হাজার ৬৬০ কোটি টাকা। মার্চ শেষে এই পরিমাণ ছিল ৮ লাখ ৫৯ হাজার ১৬২ কোটি টাকা।

তার মানে, এই সময়ে এসব হিসাবে আমানত বেড়েছে ১৬ হাজার ৪৯৮ কোটি টাকা। যা জুনে আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ২৯ শতাংশ বেশি।

এর আগের বছর, অর্থাৎ জুন ২০২৫-এ প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৫২ শতাংশ।

কোটি টাকার হিসাব বাড়াকে সরাসরি দেশে ধনী মানুষের সংখ্যা বৃদ্ধির প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই; কারণ এসব হিসাবের বড় অংশই বিভিন্ন প্রতিষ্ঠানের বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।