মক্কা প্রতিরক্ষা চুক্তি সম্প্রসারণ নিয়ে আলোচনা এখনো হয়নি: পাকিস্তান

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এই মুহূর্তে অন্য কোনো দেশকে যুক্ত করার পরিকল্পনা নেই বলে জানিয়েছে পাকিস্তান। এ বিষয়ে কোনো আলোচনাও বর্তমানে চলছে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান এ কথা বলেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাজ্জাদ হায়দার খান বলেন, ‘এ মুহূর্তে এ বিষয়ে কোনো আলোচনা চলছে না।’ তার মতে, প্রথমে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ককে তাদের জোট ও পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করতে হবে।

তিনি জানান, জোটটি গোছানোর পর একই ধরনের অবস্থান ও দৃষ্টিভঙ্গিতে সম্মত সব দেশের জন্য এটি উন্মুক্ত করা হবে। পরবর্তী পর্যায়ে চুক্তির সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

গত ৭ই অগাস্ট স্বাক্ষর হওয়া মক্কা প্রতিরক্ষা চুক্তির লক্ষ্য হলো যৌথ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করা। চুক্তির বিশেষ ধারা অনুযায়ী, স্বাক্ষরকারী কোনো একটি দেশের ওপর হামলাকে সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরও বলেন, চুক্তিটি মূলত প্রতিরোধের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি রক্ষণাত্মক জোট।