বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ থমাস ডুলি

আপডেট : ২২ মে ২০২৬, ১০:৪৫ এএম

আন্তর্জাতিক অঙ্গনে ৪৩ বছরের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ফুটবলার থমাস ডুলি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভেরিফায়েড ফেইসবুকের পোস্টে তাকে নিয়োগের কথা জানিয়েছে।

৬৪ বছর বয়সী  থমাস ডুলি ১৯৯৪ সালের ফুটবল বিশ্বকাপে খেলেছেন। ১৯৯৮ সালের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অধিনায়কের দায়িত্বও পালন করেন তিনি।

কোচ হিসাবেও বুন্দেসলিগা ও উয়েফা কাপজয়ী এই সাবেক ডিফেন্ডারের দীর্ঘ অভিজ্ঞতা আছে। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউর্গেন ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন।

২০১৯ সালে তার অধীনে ফিলিপাইন জাতীয় ফুটবল দল অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছিল। একই সময়ে দলটি নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ফিফা র‍্যাঙ্কিংয়েও পৌঁছায়।

সবশেষে গায়ানা জাতীয় ফুটবল দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ডুলি। তার অধীনে দলটি টানা চার ম্যাচে জয় পেয়েছিল।

বাফুফে জানিয়েছে,বাংলাদেশের তরুণ ফুটবলারদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় দলকে আরও প্রতিযোগিতামূলক ও সফল দলে পরিণত করাই হবে থমাস ডুলির মূল লক্ষ্য।