যেভাবে এআই শিল্পের হৃৎপিণ্ড হলো এনভিডিয়া

এআই শিল্পের বৈশ্বিক বিপ্লবের পেছনে একটিমাত্র যে কোম্পানির ওপর পুরো দুনিয়া নির্ভরশীল, সেই এনভিডিয়ার সাম্রাজ্য এখন বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে। মাত্র কয়েকদিনের ব্যবধানে প্রধান নির্বাহীর নাটকীয় পদত্যাগ, চাঞ্চল্যকর ব্যক্তিগত কেলেঙ্কারি এবং বৈশ্বিক প্রযুক্তির বাজারে এক অভাবনীয় ভূকম্পন। কীভাবে বাসন মাজার কাজ থেকে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানির সিইও হলেন জেনসেন হুয়াং? কীভাবে  প্রযুক্তি দানব হয়ে উঠল এবং জেনসেন হুয়াং ছাড়া কি থমকে যাবে এনভিডিয়া? আর এনভিডিয়ার পতন হলে কি ঝুঁকিতে পড়বে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি আধিপত্য?

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৩ এএম

এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে মনে করা হয় চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম একজন মহানায়ক, এআই যুগের প্রধান স্থপতি বা 'গডফাদারদের' একজন হিসাবেও সমাদৃত তিনি।

জেনসেন হুয়াং কতটা প্রভাবশালী, সেই ধারণা পাওয়া যাবে অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের সঙ্গে তুলনা করলে।

প্রযুক্তি বিশ্বে প্রচলিত মত অনুযায়ী, স্টিভ জবস হলেন কনজিউমার টেকনোলজির রাজা, যিনি মানুষের জন্য সহজ ও আকর্ষণীয় করেছিলেন প্রযুক্তিকে। আর জেনসেন হুয়াং হলেন এআই বিপ্লবের স্থপতি, যিনি পুরো প্রযুক্তি বিশ্বকে জ্বালানি সরবরাহ করে নিয়ে গেছেন নতুন এক যুগে।

স্টিভ জবস মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছেন ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা। জেনসেন হুয়াং তৈরি করেছেন এমন এক কমপিউটিং ক্ষমতা, যা ছাড়া সম্ভব হতো না চ্যাটজিপিটি, স্বচালিত গাড়ি বা আধুনিক রোবোটিক্সের অস্তিত্ব।

দুজনের তুলনায় তাই জবসকে 'ডিজিটাল যুগের মুখ' এবং হুয়াংকে 'এআই যুগের মস্তিষ্ক' হিসাবে দেখা হয়।

যখন কেউ কৃত্রিম বুদ্ধিমত্তার বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে ভাবেনি, হুয়াং তখন বিলিয়ন ডলার বিনিয়োগ করে এনভিডিয়াকে প্রস্তুত করেছিলেন এআইয়ের জন্য। প্রযুক্তির পেছনের মূল ইঞ্জিন বা অবকাঠামো তৈরি করেছেন, জিপিইউ ও কুডা উদ্ভাবন করে ভিত্তি গড়ে দিয়েছেন আধুনিক এআইয়ের।

আর এনভিডিয়াকে গড়ে তুলেছেন বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী এক দানবীয় কোম্পানি হিসেবে। সাম্প্রতিক দরপতনের আগে ৫ দশমিক ৭৭ ট্রিলিয়ন ডলারের বাজার মূল্য ছিল যে কোম্পানির। 

কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনার জন্য উন্নত চিপের বাজারের সিংহভাগ এককভাবে নিয়ন্ত্রণ এবং নিজস্ব সফটওয়্যার ইকোসিস্টেমের কারণে এনভিডিয়াকে বলা হয় এআই দুনিয়ার হৃৎপিণ্ড।

কিন্তু মাত্র দুই সপ্তাহের মধ্যে যেন ভেঙে পড়ল সব। এক সময় একটি রেস্তোরাঁয় ওয়েটার ও বাসন মাজার কাজ দিয়ে কর্মজীবন শুরু করে হুয়াং গড়ে তুলেছিলেন প্রযুক্তি সাম্রাজ্য। 

কিন্তু কয়েকদিনের ব্যবধানে, কথিত চীনা গুপ্তচরবৃত্তিতে জড়িত একজন নারীর সঙ্গে পরকীয়ার ঘটনা সামনে আসতেই, হুয়াংয়ের সেই সাম্রাজ্য এখন অনিশ্চয়তার মুখে। 

আর এনভিডিয়া বিপদ মানে, সতর্কবার্তা মার্কিন সাম্রাজ্যের জন্য। কারণ, বিশ্বব্যাপী আমেরিকার প্রযুক্তি আধিপত্যের মূল স্তম্ভ হয়ে আছে একটি কোম্পানি। আর তা হলো এনভিডিয়া।  

প্রশ্ন হলো- কেন এনভিডিয়াকে বলা হয় এআই বিশ্বের হৃৎপিণ্ড এবং পুরো বিশ্ব কতটা নির্ভরশীল একটা কোম্পানির ওপর? কেন জেনসেন হুয়াংকে গণ্য করা হয় চতুর্থ শিল্প বিপ্লবের মস্তিষ্ক হিসাবে? এবং স্বেচ্ছায় পদত্যাগের পরও কেন তাকে অপরিহার্য ভাবা হচ্ছে এনভিডিয়ার জন্য?

এনভিডিয়ার ওপর কতটা নির্ভরশীল পুরো বিশ্ব

পুরো প্রযুক্তি বিশ্বের সরবরাহ ব্যবস্থা এনভিডিয়ার ওপর এতটাই নির্ভরশীল যে, প্রতিষ্ঠানটির যেকোনো বড় পরিবর্তন বৈশ্বিক বাজারে সরাসরি প্রভাব ফেলে। যেমনটি ২০২৬ সালের নভেম্বরে দীর্ঘদিনের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর পুরো শিল্পখাতে দেখা গেছে।

পরকীয়ার সামনে আসার পর প্রধান নির্বাহী পদ থেকে জেনসেন হুয়াংয়ের পদত্যাগের কথা যখন আলোচনায়, তখন টেকনালিসিস রিসার্চের প্রধান বিশ্লেষক বব ও'ডোনেল বিবিসিকে বলেন, এনভিডিয়া থেকে হুয়াংয়ের সম্ভাব্য প্রস্থান বা পদত্যাগের বিষয়টি অনেকটা গ্রিক বা শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডির মতো রূপ নিচ্ছে।

গোল্ডম্যান স্যাকসের সাবেক সিইও লয়েড ব্ল্যাঙ্কফেইন নিজের এক্স হ্যান্ডেলের পোস্টে, হুয়াংয়ের পতনকে শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি বলে মন্তব্য করেন।

এসব মন্তব্য থেকে এটা পরিষ্কার যে, এনভিডিয়া কত বড় কোম্পানি এবং তা কতটা গুরুত্বপূর্ণ।

বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সাধারণ মানুষের ব্যবহারের জন্য যেসব এআই চ্যাটবট বা টুল তৈরি করছে, সেগুলোর প্রশিক্ষণ ও পরিচালনার মূল অবকাঠামো জোগান দেয় এনভিডিয়া।

এআই খাতে এনভিডিয়ার একচ্ছত্র আধিপত্যের পেছনে কয়েকটি কারণ রয়েছে।

এগুলোর মধ্যে অন্যতম হলো- ভিডিও গেমের জটিল থ্রিডি গ্রাফিক্স রেন্ডার করার জন্য তৈরি এনভিডিয়ার গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ)। এটি একসঙ্গে কোটি কোটি গাণিতিক হিসাব করতে পারে। আধুনিক নিউরাল নেটওয়ার্ক ও বিশাল এআই মডেলকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এই ধরনের দ্রুতগতির প্রসেসিং ক্ষমতা অপরিহার্য।

এনভিডিয়ার প্রধান শক্তিশালী জায়গা হলো কুডা (সিইউডিএ) সফটওয়্যার ইকোসিস্টেম। প্রায় দুই দশক ধরে কুডা নামে একটি নিজস্ব সফটওয়্যার প্ল্যাটফর্ম তৈরি করেছে এনবিডিয়া, যার মাধ্যমে ডেভেলপাররা সহজেই ব্যবহার করতে পারেন জিপিইউ-এর পূর্ণ ক্ষমতা।

বিশ্বের বেশিরভাগ এআই সফটওয়্যার তৈরি শুধু মাত্র এনভিডিয়ার কুডা সিস্টেমের উপযোগী করে। তাই এখনই কোনো কোম্পানি চাইলে এএমডি বা গুগলের চিপ ব্যবহার শুরু করতে পারবে না। এটা করতে হলে তাদের পুরো সফটওয়্যার নতুন করে লিখতে হবে, যা প্রচুর সময়সাপেক্ষ এবং অত্যন্ত ব্যয়বহুল।

এনভিডিয়া কেবল আলাদা চিপ বিক্রি করে না। কোম্পানিটি সরবরাহ করে উচ্চক্ষমতাসম্পন্ন চিপ (যেমন- এইচ-সিরিজ ও ব্ল্যাকওয়েল), নেটওয়ার্কিং যন্ত্রাংশ এবং সুপারকম্পিউটার ক্লাস্টারসহ একটি পূর্ণাঙ্গ অবকাঠামো। ওপেনএআই, মাইক্রোসফট, গুগল, মেটার মতো জায়ান্টরা তাদের ক্লাউড ও জেনারেটিভ এআই সেবা সচল রাখতে সরাসরি নির্ভরশীল এই হার্ডওয়্যারের ওপর।

ক্লাউড ডেটা সেন্টারের বাইরেও স্বচালিত গাড়ি, চিকিৎসাবিজ্ঞান এবং শিল্পকারখানার রোবোটিক্স পরিচালনার মূল প্রযুক্তি হিসাবে ব্যবহার করা হচ্ছে এনভিডিয়ার প্ল্যাটফর্ম।

নেটওয়ার্ক ওয়ার্ল্ডের একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অবকাঠামো পরিচালনার জন্য বর্তমানে পুরো বিশ্ব একচেটিয়াভাবে নির্ভরশীল এনভিডিয়ার ওপর। বিশ্বের উন্নত এআই চিপ বাজারের ৮০ থেকে ৮৫ শতাংশ দখলে রেখে আধুনিক ডিজিটাল অর্থনীতির মূল চালিকাশক্তিতে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি বিশ্লেষকদের ভাষায়, “এনভিডিয়া হাঁচি দিলে সর্দি লেগে যায় পুরো এআই ইন্ডাস্ট্রিতে।” অর্থাৎ তাদের সরবরাহ বা নেতৃত্বে সামান্য ব্যাঘাত ঘটলে বৈশ্বিক প্রযুক্তি খাত স্থবির হয়ে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে।

স্বাভাবিকভাবেই পুরো প্রযুক্তি বিশ্বের সরবরাহ ব্যবস্থা এনভিডিয়ার ওপর এতটাই নির্ভরশীল যে, প্রতিষ্ঠানটির যেকোনো বড় পরিবর্তন বৈশ্বিক বাজারে সরাসরি প্রভাব ফেলে। যেমনটি ২০২৬ সালের নভেম্বরে দীর্ঘদিনের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর পুরো শিল্পখাতে দেখা গেছে।

এর কারণ কী? কেন এনভিডিয়ার ওপর এতটা নির্ভরশীল পুরো বিশ্বের এআই ইন্ডাস্ট্রি?

কৃত্রিম কুদ্ধিমত্তার সঙ্গে জড়িতরা বলছেন, এনভিডিয়ার একক আধিপত্যের অন্যতম কারণ হলো কুডা সফটওয়্যার সিস্টেম। সাধারণ কম্পিউটার প্রসেসর (সিপিইউ) দ্রুত কাজ করতে পারে।

কিন্তু এনভিডিয়ার আধিপত্য আরেক জায়গায়। তাদের গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ)-এর ভেতরে থাকে হাজার হাজার ছোট কোর, যা একসঙ্গে করতে পারে লাখ লাখ কাজ।

কুডা এমন একটি সফটওয়্যার স্তর বা সেতু, যা প্রোগ্রামারদের জটিল হার্ডওয়্যার কোড না লিখেই সরাসরি সাধারণ প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে ওই হাজার হাজার কোর নিয়ন্ত্রণ করার সুযোগ দেয়।

কেন এনভিডিয়ার বিকল্প তৈরি করতে হিমশিম খাচ্ছে প্রতিদ্বন্দ্বীরা

এনভিডিয়া কুডা চালু করে ২০০৬ সালে। গত দুই দশকে এর ভেতরে এআই, চিকিৎসাবিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের জন্য তৈরি শত শত রেডিমেড লাইব্রেরি যুক্ত করেছে তারা। নতুন কোনো কোম্পানির পক্ষে এত সমৃদ্ধ লাইব্রেরি রাতারাতি তৈরি করা প্রায় অসম্ভব বলে মনে করেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

এনভিডিয়ার একচেটিয়া বাজার ভাঙতে বর্তমানে মূলত কাজ করছে তিন ধরনের প্রতিদ্বন্দ্বী।

অন্যতম একটি প্রতিদ্বন্দ্বী হলো এএমডি। আমেরিকান বহুজাতিক এই সেমিকন্ডাক্টর কোম্পানি সরাসরি চিপ নির্মাণ করে, যা মূলত কম্পিউটার প্রসেসর, গ্রাফিক্স কার্ড এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার করা হয়।

বর্তমান এআই প্রযুক্তির বাজারে এক অদ্ভুত ও জটিল সমীকরণ তৈরি করে আরও তিন জায়ান্ট। এরা হলো- গুগল, অ্যামাজন ও মাইক্রোসফট। এরা এনভিডিয়ার সবচেয়ে বড় ক্রেতা, তারাই এখন এনভিডিয়ার হয়ে উঠছে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী।

বিশাল অঙ্কের খরচ কমানো এবং এনভিডিয়ার একচ্ছত্র আধিপত্য বা 'মনোপলি' থেকে বেরিয়ে আসতেই নিজস্ব এআই চিপ তৈরি করছে এই টেক জায়ান্টরা।

এনভিডিয়ার এআই চিপ অত্যন্ত শক্তিশালী হলেও সেগুলোর দাম আকাশচুম্বী এবং বাজারে সংকটও প্রচুর। এছাড়া এআই মডেল পরিচালনা করতে যে পরিমাণ বিদ্যুৎ ও ডেটা সেন্টারের খরচ হয়, তা কমাতে নিজস্ব হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয় (কাস্টম সিলিকন) তৈরি করা ছাড়া এই জায়ান্টদের সামনে বিকল্পও কম।

গুগল বা অ্যামাজনের চিপগুলো নির্দিষ্ট কাজের জন্য তৈরি হওয়ায় এগুলো বিদ্যুৎ খরচ কম। তাই কম খরচে বেশি কাজ দেয়। অন্যদিকে, এনভিডিয়ার জিপিইউ হলো ‘অল-রাউন্ডার’। যেকোনো ধরনের এআই মডেলের জন্য এটি দারুণ কাজ করে।

আগেই বলেছি এনভিডিয়ার সবচেয়ে বড় অস্ত্র হলো তাদের কুডা সফটওয়্যার প্ল্যাটফর্ম। বিশ্বের বেশিরভাগ এআই ডেভেলপার এই প্ল্যাটফর্মে অভ্যস্ত। গুগল বা অ্যামাজনের চিপের হার্ডওয়্যার ভালো হলেও ডেভেলপারদের জন্য সেগুলো এখনই ব্যবহার করা সহজ নয়।

এছাড়া এনভিডিয়া চিপ বিক্রি করে বিশ্বের যেকোনো কোম্পানি, সরকার বা গবেষকদের কাছে। কিন্তু গুগল, অ্যামাজন বা মাইক্রোসফটের চিপ বাইরে বিক্রি করে না। এগুলো শুধু মাত্র তাদের নিজস্ব ক্লাউড প্ল্যাটফর্মে ব্যবহার করা যায় ভাড়া হিসাবে।

এখানে আরেকটি বড় প্রতিন্দ্বন্দ্বী হলো চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে এনভিডিয়ার একচ্ছত্র আধিপত্য ভেঙে পড়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের বাজারে। আর সেই শূন্যস্থান পূরণ করে হুয়াওয়ে এবং ক্যামব্রিকন চীনের অভ্যন্তরীণ এআই চিপের বাজার দখল এবং ২০২৭ সালের মধ্যে বৈশ্বিক বাজারে এনভিডিয়াকে সরাসরি চ্যালেঞ্জ জানানোর প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

২০১৯ সাল থেকে ধাপে ধাপে চীনের প্রযুক্তি খাত ও এআই চিপের ওপর নিষেধাজ্ঞা আরোপ শুরু করে যুক্তরাষ্ট্র। তবে চীনের বাজারে এনভিডিয়ার উন্নত এআই চিপ রপ্তানির ওপর প্রথম বড় ও সরাসরি নিষেধাজ্ঞা জারি করা হয় ২০২২ সালের ৭ই অক্টোবর। 

একসময় চীনের এআই চিপ বাজারের প্রায় ৯৫ শতাংশ ছিল এনভিডিয়ার দখলে। কিন্তু ২০২৬ সালের শেষ নাগাদ হুয়াওয়ের অ্যাসেন্ড সিরিজ এনভিডিয়াকে ছাড়িয়ে চীনের বাজারের অর্ধেকেরও বেশি দখল করে নিয়েছে।

অন্যদিকে বাইদু ও আলিবাবার মতো বড় বড় চীনা টেক কোম্পানিগুলোর কাছে বিকল্প চিপ সরবরাহ করে এই অভ্যন্তরীণ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করছে ক্যামব্রিকন নামে কোম্পানিটি। 

তবে হুয়াওয়ে ও ক্যামব্রিকনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো উচ্চগতির মেমোরি সংকট এবং উৎপাদনের সীমাবদ্ধতা। এছাড়া চীনের বাইরের ডেভেলপারদের এনভিডিয়ার কুডা ছেড়ে হুয়াওয়ের সিএএনএন প্ল্যাটফর্মে অভ্যস্ত করাও একটি বড় বাধা।

এর কারণ হলো- এনভিডিয়া কুডা চালু করে ২০০৬ সালে। গত দুই দশকে এর ভেতরে এআই, চিকিৎসাবিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের জন্য তৈরি শত শত রেডিমেড লাইব্রেরি যুক্ত করেছে তারা। নতুন কোনো কোম্পানির পক্ষে এত সমৃদ্ধ লাইব্রেরি রাতারাতি তৈরি করা প্রায় অসম্ভব বলে মনে করেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

আরেকটা বিষয় হলো কুডা সিস্টেম চলে শুধু মাত্র এনভিডিয়ার চিপেই। বিশ্বের প্রায় সব জনপ্রিয় এআই টুল ও কোড কুডার ওপর ভিত্তি করে তৈরি হওয়ায়, কোনো কোম্পানি চাইলেই এনভিডিয়ার চিপ খুলে অন্য কোম্পানির চিপ বসাতে পারে না। এএমডি একটি ওপেন-সোর্স বিকল্প তৈরি করলেও, তারা নিজেরাই স্বীকার করে যে কুডার কোড সরাসরি এতে চলে না, তা রূপান্তর করতে হয়, যা অত্যন্ত জটিল।

বিশ্বের ৪০ লাখের বেশি ডেভেলপার কুডায় অভ্যস্ত। কোনো সমস্যায় পড়লে ইন্টারনেটে কুডার সমাধান মুহূর্তেই পাওয়া যায়। এই সেবা অন্য কোনো প্ল্যাটফর্মে এখনো সহজলভ্য নয়।

যেভাবে হুয়াং গড়ে তুলেছিলেন এনভিডিয়া

জেনসেন হুয়াংয়ের ৩৩ বছরের দূরদর্শী নেতৃত্বে এনভিডিয়া একটি সাধারণ গ্রাফিক্স কার্ড কোম্পানি থেকে বিশ্বের প্রথম ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের প্রযুক্তি জায়ান্টে পরিণত হয়।

তাইওয়ানে জন্ম নেওয়া জেনসেন হুয়াং শৈশবে অভিবাসী হিসাবে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। এরপর প্রচণ্ড সংগ্রাম ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে গড়ে তুলেছেন বিশ্ব প্রযুক্তির অন্যতম সেরা স্থপতি হিসাবে।

১৯৬৩ সালের ১৭ ফেব্রুয়ারি তাইওয়ানের তাইনান শহরে জন্ম হয় তার। বাবা ছিলেন একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার এবং মা ছিলেন স্কুলশিক্ষিকা।

শৈশবে তার পরিবার কিছুদিন বসবাস করে থাইল্যান্ডে। পরে উন্নত ভবিষ্যতের আশায় মাত্র ৯ বছর বয়সে বড় ভাইসহ তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয় আত্মীয়দের কাছে।

যুক্তরাষ্ট্রে আসার পর ভাষাগত সমস্যার কারণে ভুলবশত তাকে ভর্তি করা হয় কেন্টাকির একটি বোর্ডিং স্কুলে, যেখানে মূলত রাখা হতো সমস্যাগ্রস্ত কিশোরদের। সেখানে প্রতিদিন স্কুলের বাথরুম পরিষ্কার করতে হতো হুয়াংকে। সহ্য করতে হতো সহপাঠীদের বুলিং। পরে বাবা-মা যুক্তরাষ্ট্রে স্থায়ী হলে ওরেগনে চলে যান তিনি এবং ১৫ বছর বয়সে রেস্তোরাঁয় ওয়েটার ও বাসন মাজার কাজ শুরু করেন।

পড়াশোনায় অত্যন্ত মেধাবী জেনসেন হাইস্কুল শেষ করেন ১৬ বছর বয়সেই। ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

পরে চাকরি করার পাশাপাশি চালিয়ে যান পড়াশোনাও। ১৯৯২ সালে বিশ্বখ্যাত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে সম্পন্ন করেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রি।

মজার বিষয় হলো, যে রেস্তোরাঁয় তিনি কিশোর বয়সে বাসন মাজতেন, ১৯৯৩ সালে ৩০ বছর বয়সে সেই রেস্তোরাঁর একটি টেবিলে বসে দুই বন্ধু ক্রিস মালাচোস্কি এবং কার্টিস প্রাইমের সাথে পরিকল্পনা করেছিলেন এনভিডিয়া প্রতিষ্ঠার।

অবশ্য এর আগেই প্রকৌশলী হিসেবে তার মূল পেশাজীবন শুরু হয়েছিল সেমিকন্ডাক্টর কোম্পানি এএমডি-তে মাইক্রোপ্রসেসর ডিজাইনার হিসেবে। বছর খানেকের বেশি কাজ করার পর এএমডি ছেড়ে ১৯৮৫ সালে যোগ দেন আরেকটি চিপ নির্মাতা প্রতিষ্ঠান এলএসআই লজিক-এ। একটা সেখানে কাজ করেন ১৯৯৩ সাল পর্যন্ত।

সেখানেই তার মধ্যে গড়ে ওঠে নেতৃত্বগুণের মৌলিক দিকগুলো। সেখানে তিনি সাধারণ প্রকৌশলী থেকে পদোন্নতি পেয়ে কোম্পানির 'কোরওয়্যার' বিভাগের ডিরেক্টর হন।

এরপর আগে সেই সুযোগ। দুই বন্ধু ক্রিস মালাচোস্কি ও কার্টিস প্রাইমের সাথে মিলে মাত্র ৬০০ ডলার পুঁজিতে প্রতিষ্ঠা করেন এনভিডিয়া।

১৯৯৯ সালে তার নেতৃত্বে এনভিডিয়া বাজারে আনে বিশ্বের প্রথম জিপিইউ, যা বিপ্লব ঘটিয়ে ফেলে ভিডিও গেমিং দুনিয়ায়। ২০০৬ সালে কুডা সফটওয়্যার চালুর মাধ্যমে এনভিডিয়াকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মূল চালিকাশক্তিতে পরিণত করেন তিনি।

জেনসেন হুয়াংয়ের ৩৩ বছরের দূরদর্শী নেতৃত্বে এনভিডিয়া একটি সাধারণ গ্রাফিক্স কার্ড কোম্পানি থেকে বিশ্বের প্রথম ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের প্রযুক্তি জায়ান্টে পরিণত হয়।

ফরচুন, হার্ভার্ড বিজনেস রিভিউ এবং টাইম ম্যাগাজিনসহ বহু আন্তর্জাতিক সংস্থা তাকে স্বীকৃতি দিয়েছে বিশ্বের অন্যতম সেরা ও প্রভাবশালী সিইও হিসেবে।

হুয়াংয়ের বিকল্প নেই কেন এবং কেন তিনি এনভিডিয়ার ‘কি পারসন রিস্ক’

কেন জেনসেন হুয়াংয়ের কোনো সহজ বিকল্প নেই এবং কেন তাকে এনভিডিয়ার ’কি পারসন রিস্ক’ বলা হয়, তার কারণগুলোও খুবই আকর্ষণীয়।

করপোরেট ও বিনিয়োগের ভাষায় 'কি পারসন রিস্ক' বলতে বোঝায়, কোনো প্রতিষ্ঠানের সাফল্য, পরিচালনা ও বাজারমূল্য যখন একক কোনো ব্যক্তির ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ে যে, সেই ব্যক্তির অনুপস্থিতিতে পুরো প্রতিষ্ঠানটি পড়ে যায় বড় ধরনের সংকটে।

তিন দশকের বেশি সময় ধরে এনভিডিয়াকে তিলে তিলে গড়ে তুলে জেনসেন হুয়াং প্রতিষ্ঠানটির তেমনই এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি হওয়ার পাশাপাশি তিনি হয়ে উঠেছেন সবচেয়ে বড় 'কি পারসন রিস্ক'ও।

বিবিসির এক প্রতিবেদনে লেখা হয়েছে, “এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব গড়ে তুলতে জেনসেন হুয়াং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার সিদ্ধান্তগুলো বিশ্বজুড়ে বিভিন্ন ব্যবসা, সাধারণ মানুষের বিনিয়োগ এবং সরকারি নীতিনির্ধারণের ওপর বড় প্রভাব ফেলে।”

এনভিডিয়া থেকে জেনসেনের পদত্যাগের ঘোষণার আগেই বিবিসির ওই প্রতিবেদনে লেখা হয়, “তিনি যদি সরে যান, তবে বিনিয়োগকারীরা খুব দ্রুত কিছু প্রশ্নের উত্তর চাইবেন। তার জায়গায় কে আসবেন, প্রতিষ্ঠানে কতটুকু পরিবর্তন আসবে এবং এনভিডিয়া কি তাদের পরিকল্পনাগুলো আগের মতোই বাস্তবায়ন করে যেতে পারবে?”

জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়ার প্রধান আর্থিক কর্মকর্তা কোলেট ক্রেসকে দায়িত্ব দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সিইও হিসাবে। তবে স্থায়ী সিইও নিয়োগ নিয়ে বিনিয়োগকারী ও ওয়াল স্ট্রিট বিশ্লেষকদের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র ও সতর্ক প্রতিক্রিয়া।

এনভিডিয়ার পরিচালনা পর্ষদ ভেতরের ও বাইরের—উভয় ধরনের প্রার্থীদের কথাই বিবেচনা করছে। তবে বিনিয়োগকারীরা এমন একজনকে চাইছেন, যিনি শুধু ব্যবসা নয়, বরং এআই হার্ডওয়্যার এবং এনভিডিয়ার কুডা সফটওয়্যার ইকোসিস্টেম বোঝেন গভীরভাবে।

এনভিডিয়ার নতুন প্রধান নির্বাহী হিসাবে অ্যাপলের সাবেক সিইও টিম কুক-এর নাম প্রস্তাব করেছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে বিনিয়োগকারীরা বেশি গুরুত্ব দিচ্ছেন এআই চিপের কারিগরি অভিজ্ঞতাকে।

হুয়াংয়ের পদত্যাগের ঘোষণার পর এনভিডিয়ার শেয়ারের দাম একপর্যায়ে ১৩ থেকে ১৪ শতাংশ পর্যন্ত পড়ে যায় এবং প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৪ ট্রিলিয়ন ডলারের নিচে নেমে আসে।

ওয়াল স্ট্রিটের বিশ্লেষক ড্যান আইভস মন্তব্য করেছেন, জেনসেন হুয়াং ছিলেন এনভিডিয়ার ‘হৃৎপিণ্ড ও ফুসফুস’। হুয়াং থাকা অবস্থায় এনভিডিয়ার শেয়ারের যে মূল্য (প্রায় ৩০০ ডলার) ধরা হতো, তার অনুপস্থিতিতে তা কমে ২২৫-এ নেমে আসতে পারে।

তবে মর্গান স্টানলি এবং এবং ওয়েলস ফার্গো-এর মতো বড় প্রতিষ্ঠানগুলো এখনো এনভিডিয়ার শেয়ার কেনার পরামর্শ বহাল রেখেছে।

কেন জেনসেন হুয়াংয়ের কোনো সহজ বিকল্প নেই এবং কেন তাকে এনভিডিয়ার 'কি পারসন রিস্ক' বলা হয়, তার কারণগুলোও খুবই আকর্ষণীয়।

সাধারণ বড় কোম্পানিগুলোতে সিইও-র নিচে কয়েক স্তরের ম্যানেজার থাকেন। কিন্তু জেনসেন হুয়াং এনভিডিয়াকে চালাতেন অত্যন্ত ব্যতিক্রমী এক পদ্ধতিতে। যেখানে তার কাছে সরাসরি রিপোর্ট করতেন প্রায় ৫০ থেকে ৬০ জন ভাইস প্রেসিডেন্ট।

তিনি কোম্পানির কোনো কাজের জন্য আলাদা 'মিডল ম্যানেজমেন্ট' বা দীর্ঘ আমলাতান্ত্রিক স্তর রাখেননি।

প্রতিষ্ঠানের প্রতিটি বড় কারিগরি সিদ্ধান্ত, চিপের নকশা এবং ব্যবসায়িক কৌশল আসত সরাসরি তার মস্তিষ্ক থেকে। ফলে তিনি সরে যাওয়ার পর এত বড় একটি প্রতিষ্ঠানের সব বিভাগের মধ্যে সমন্বয় ধরে রাখা নতুন কারও জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

প্রযুক্তি বিশ্বে সাধারণত দুধরনের নেতা দেখা যায়। হয় তারা দারুণ প্রকৌশলী, নতুবা দক্ষ ব্যবসায়ী। কিন্তু জেনসেন হুয়াং ছিলেন দুটোরই এক বিরল মিশ্রণ।

একাধারে তিনি ছিলেন দূরদর্শী এক নেতা। এক দশক আগেই বুঝতে পেরেছিলেন যে সাধারণ সিপিইউ-এর দিন শেষ হয়ে যাচ্ছে এবং ভবিষ্যৎ বিশ্ব চলবে এআই কম্পিউটিংয়ে।

ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীরা তার সমালোচনা করলেও ঝুঁকি নিয়ে তিনি বিলিয়ন ডলার বিনিয়োগ করেছিলেন কুডা ও জিপিইউ-তে।

তিনি কেবল ব্যবসার হিসাব বুঝতেন না, চিপের জটিল আর্কিটেকচার নিয়েও প্রকৌশলীদের সাথে সমানতালে আলোচনা করতে পারতেন।

এনভিডিয়ার চিপ তৈরি হয় তাইওয়ানের টিএসএমসি-তে। আর সেগুলো কেনে সিলিকন ভ্যালির জায়ান্টরা (ওপেনএআই, মাইক্রোসফট, গুগল, মেটা)।

জেনসেন হুয়াংয়ের জন্ম তাইওয়ানে হওয়ায় টিএসএমসি-র প্রতিষ্ঠাতা মরিস চ্যাং থেকে শুরু করে তাইওয়ানের পুরো সেমিকন্ডাক্টর শিল্পের সাথে তার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর ও ব্যক্তিগত। চিপ সংকটের সময় এই ব্যক্তিগত সম্পর্কই এনভিডিয়াকে সবার আগে চিপ সরবরাহ পাওয়ার নিশ্চয়তা দিত।

অন্যদিকে, ইলন মাস্ক, স্যাম অল্টম্যান বা মার্ক জাকারবার্গের মতো প্রযুক্তি নেতারা এনভিডিয়ার ওপর আস্থা রাখতেন মূলত জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত প্রতিশ্রুতি ও নেতৃত্বের কারণে।

অ্যাপলের ক্ষেত্রে যেমন স্টিভ জবস ছিলেন প্রতিষ্ঠানের মূল মুখ। এনভিডিয়ার ক্ষেত্রে জেনসেন হুয়াং ছিলেন তার চেয়েও বেশি কিছু। তার কালো লেদার জ্যাকেট এবং স্ট্যান্ড-আপ কমেডির মতো প্রাণবন্ত উপস্থাপনা এনভিডিয়াকে একটি সাধারণ হার্ডওয়্যার কোম্পানি থেকে বিশ্বব্যাপী পরিণত করেছিল পপ-কালচারের আইকনে। বিনিয়োগকারীরা মূলত এনভিডিয়ার শেয়ারের চেয়ে জেনসেন হুয়াংয়ের দূরদর্শিতার ওপরই বাজি ধরতেন।

ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের কোম্পানির সব ক্ষমতা ও সিদ্ধান্ত যখন একজন মানুষের হাতে কেন্দ্রীভূত থাকে, তখন উত্তরাধিকার পরিকল্পনা হয়ে পড়ে দুর্বল। দীর্ঘ তিন দশকেও এনভিডিয়ায় জেনসেন হুয়াংয়ের সমকক্ষ দ্বিতীয় কোনো নেতা তৈরি হয়নি।

আর এ কারণেই যখন আকস্মিকভাবে জেনসেন হুয়াংয়ের পদত্যাগের খবর এল, তখন বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েন বিনিয়োগকারীরা।

তাদের প্রশ্ন, জেনসেন ছাড়া এনভিডিয়া কি তার উদ্ভাবনী গতি ধরে রাখতে পারবে? নাকি একসময়কার জায়ান্ট ইন্টেল বা আইবিএম-এর মতো পিছিয়ে পড়বে?

এই অনিশ্চয়তাই এনভিডিয়ার বাজারমূল্য থেকে রাতারাতি শত শত বিলিয়ন ডলার মুছে দিয়েছে এবং প্রমাণ করেছে কেন তিনি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় 'কি পারসন রিস্ক' ছিলেন।

নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, জেনসেন হুয়াংয়ের অনুপস্থিতিতে এনভিডিয়া যদি সত্যিই ভেঙে পড়ে বা প্রযুক্তিগত নেতৃত্ব হারায়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি, শেয়ারবাজার এবং বৈশ্বিক পরাশক্তির অবস্থানের ওপর আসতে পারে ভয়াবহ আঘাত।

কারণ, কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র যে অর্থনৈতিক ও সামরিক আধিপত্য ধরে রেখেছে, সেখানে মূল স্তম্ভ হিসাবে রয়েছে এনভিডিয়া।