ডিবি হেফাজতে সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী 

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১২:২৩ পিএম

বেসরকারি টেলিভিশন ডিবিসি-এর চেয়ারম্যান সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে টেলিভিশন স্টেশনটির কার্যালয় থেকে নিয়ে গেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার রাজধানীর মহাখালী থেকে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিবিসিতে কর্মরত একাধিক সাংবাদিক। এ সময় প্রধান অপরাধ প্রতিবেদক রাজীব ঘোষকেও নিয়ে যাওয়া হয় বলেও তারা জানিয়েছেন।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম আলাপ-কে জানিয়েছেন, ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়নি। “জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। সেখানে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে কারণে আমরা তাকে জিজ্ঞাসা করার জন্য নিয়ে এসেছি।”

ডিএমপির উপ কমিশনার (মিডিয়া) আকতার হোসেন বলেছেন, “একটি নিউজ প্রচার নিয়ে সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। তখন সেখান থেকে সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী ও রাজিব ঘোষকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।”

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রতিষ্ঠানটির অ্যাসাইনমেন্ট এডিটর মুক্তাদীর অনিক। “ডিবিসি অফিস থেকে যখন ইকবাল সোবহান চৌধুরী বের হচ্ছিলেন তখন তাকে রাস্তা থেকে নিয়ে গেছে ডিবি। কেন তাকে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে আমরা ক্লিয়ার না।”