এমপির স্ত্রীর আত্মহত্যা: মামা ওবায়দুর চার দিনের রিমান্ডে

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পিএম

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পর প্ররোচনার মামলায় তার মামা ওবায়দুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

১লা অক্টোবর বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষ আদালতে বলেন, মরিয়মের বিয়ে ও গাজী নজরুলের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে ওবায়দুর গুরুত্বপূর্ণ তথ্য জানেন। ঘটনায় তার কোনো ইন্ধন ছিল কি-না, তা জানতে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

তবে আসামির আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে বলেন, ওবায়দুর মরিয়মের মামা এবং তিনি ঘটনার প্রতিবাদ করেছিলেন।  এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই।

দুই পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২৩এ সেপ্টেম্বর ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করা হয়। ২০এ সেপ্টেম্বর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা এস এম মাসুম বিল্লাহ গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও ওবায়দুর রহমানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন।