দুর্যোগে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা আবারও সুযোগ পাবেন

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৬:৩৩ পিএম

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে যারা অংশ নিতে পারেননি, তাদের জন্য বিশেষ ব্যবস্থায় অভিন্ন প্রশ্নে পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছে সরকার।

এছাড়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নের জন্য ‘ভুক্তভোগী পরীক্ষার্থীদেরকে’ সংশ্লিষ্ট প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়া হবে বলেও জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

১৫ই জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। 

মন্ত্রী জানান, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। 

শিক্ষামন্ত্রী বলেন, অতিবৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলা চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর বাইরেও দেশের বিভিন্ন জেলায় বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে কিছু পরীক্ষার্থী বিচ্ছিন্নভাবে পরীক্ষায় অংশ নিতে পারেনি। 

“প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতোমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন পরীক্ষাপত্রে, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।” 

যেহেতু এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, তাই বিশেষ বিবেচনায় এই বিশেষ সুযোগ দেওয়া কথাও বলেন এহছানুল হক মিলন। 

“পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নপত্র প্রণয়নে দায়ী ব্যক্তিদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে।” 

এসময় তিনি বলেন, ‘আমি আবারও আশ্বস্ত করছি পদার্থবিজ্ঞান প্রথম পত্র ৬ ও ৭নং প্রশ্নে যে ভুল হয়েছে, তার জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে।’