ইরান নিয়ে আলোচনায় এখনো রওনা হননি জেডি ভ্যান্স

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পিএম

মধ্যপ্রাচ্য সংকট নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনও যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন এবং পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হননি বলে সংবাদ প্রকাশ করেছে রয়টার্স।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এর আগে জানিয়েছিলেন, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি অতিরিক্ত আলোচনার জন্য একটি মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানে পাঠাবেন।

তবে রয়টার্স বলছে, শিগগিরই ইসলামাবাদে যাওয়ার পরিকল্পনা থাকলেও এখনো যাত্রা করেনি আমেরিকার প্রতিনিধিদল।

জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে সোমবার রয়টার্স জানিয়েছে, তেহরান শান্তি আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে তারা। তবে এ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এদিকে, নিউ ইয়র্ক পোস্ট এর আগে এক প্রতিবেদনে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন- জেডি ভ্যান্স, হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার আলোচনায় অংশ নিতে পাকিস্তানের পথে রয়েছেন।

প্রসঙ্গত, গত ২৮এ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর যে সংঘাত শুরু হয়, তা বন্ধে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনায়ও ভ্যান্স, উইটকফ ও কুশনার অংশ নিয়েছিলেন।

তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সফর এখনো শুরু না হওয়ায় দ্বিতীয় দফার আলোচনার সময় ও অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।