ভেনেজুয়েলায় পরপর দুটি ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০

আপডেট : ২৫ জুন ২০২৬, ০২:৩২ পিএম

চল্লিশ সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ভেনেজুয়েলায়। বুধবার সন্ধ্যা ৬টায় ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এই ভূমিকম্প অনুভূত হয়।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত ৩২ জন নিহত এবং ৭০০ জন আহত হয়েছেন এই ভূমিকম্পে। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি ছিলো ৭.২ মাত্রার, যা ভেনেজুয়েলার মোরন শহরের পশ্চিমে এবং রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার পশ্চিমে আঘাত হানে।

এর মাত্র চল্লিশ সেকেন্ড পর একই অঞ্চলের কাছাকাছি ৭.৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

ইউএসজিএস সতর্ক করে বলেছে, এই ভূমিকম্পে বিপুল প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

ভূমিকম্পের পর ভেনেজুয়েলা সরকার দেশজুড়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছু স্কুলকে জরুরি ত্রাণকেন্দ্র ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রূপান্তর করা হবে।

ভয়াবহ এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তারা। 

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পের প্রভাব পড়েছে ব্রাজিল ও কলম্বিয়াতেও। ব্রাজিল ও ভেনেজুয়েলার মধ্যে ২ হাজার ১০০ কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে।

ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে জানায়, দেশটির কিছু অংশে ভূকম্পন টের পাওয়া গেছে। সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে এই দুর্ঘটনায় ভেনেজুয়েলায় কোনো ব্রাজিলীয় নাগরিকের হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

কলম্বিয়ার রাজধানী বোগোতা থেকেও ভূকম্পন টের পাওয়া গেছে।