পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতে ইসলামীর

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৪:২৯ পিএম

অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার কঠোর সমালোচনা করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে দলটির নায়েবে আমীর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “প্রথম দিনেই খলিলুর রহমান সাহেব পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন। যেটা তিনি তার আগের শপথের পরিপন্থি কাজ করেছেন।”  

 সরকারের কাছে খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের আওতায় আনার দাবিও জানান জামায়াতের নায়েবে আমির।

খলিলুর রহমানকে ‘লন্ডন কনস্পিরেসির প্রধান হোতা’ অভিহিত করে মোহাম্মদ তাহের বলেন, “ষড়যন্ত্র করে বর্তমান যারা সরকারে আছেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই উনি অব্যহতভাবে কাজ করেছিলেন এবং তার সেই কাজের পুরস্কার হিসেবেই উনি পররাষ্ট্রমন্ত্রীর এই রিওয়ার্ডটা উনি পেয়েছেন।”

এ ছাড়া সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানকে নিয়েও কথা বলেছেন ডা. তাহের। তিনি অভিযোগ করেন, নির্বাচনের দিন দুপুর থেকেই কেন্দ্র দখল, জাল ভোট এবং জামায়াতের এজেন্টদের বের করে দেওয়ার খবর পাওয়া যাচ্ছিল। 

অ্যাডভোকেট রিজওয়ানা হাসানের একটি বক্তব্যকে ‘রাজসাক্ষী’ উল্লেখ করে বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারের যে কথা আসছে সেটা  নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন রিজওয়ানা হাসান। 

জামায়াতের নায়েবে আমীর বলেন, “আমরা এখন এটাকে জানতে চাই ওনার কাছে বা তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে এবং আজকের সরকারের কাছে যে তারা তাদের যোগসাজসে কী ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীকে মূলধারা বা প্রধান দল হিসেবে মেজরিটি পেতে তারা বাধাগ্রস্ত করেছে এবং সেটা হতে দেয় নাই।”