বিক্ষোভের ডাক জামায়াত জোটের, ৩২ আসনের ফল পুনর্গণনার দাবি

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপি, ফল জালিয়াতির অভিযোগ এনে আনুষ্ঠানিকভাবে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।  এ ছাড়া ৩২টি আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে তারা।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধের দাবিতে আগামী ১৬ই ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম উত্তর গেটে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

হামিদুর রহমান আযাদ বলেন, “নির্বাচনের আগে ও পরে যে সহিংসতা হয়েছে - এবার এমনটা হওয়া প্রত্যাশিত ছিল না। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য জুলাই অভ্যুত্থানে অনেক রক্ত ঝরেছে জীবন দেয়া হয়েছে, কিন্তু সহিংসতার পুনরাবৃত্তি হয়েছে- তবে কি ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র আবার ফিরে আসছে কিনা বলে প্রশ্ন রাখেন তিনি।

স্বল্প ভোটের ব্যবধানে তাদের প্রার্থীদের হারিয়ে দেওয়ার অভিযোগ আনেন হামিদুর রহমান আযাদ।

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং চট্টগ্রাম-১৪ আসনে কর্নেল অলি আহমদের ছেলে ওমর ফারুকের আসনের কথা উল্লেখ করেন।

মোট ৩২ টি আসনের ভোট পুনর্গণনার আবেদন জানিয়েছেন তিনি। এ ছাড়া তড়িঘড়ি করে গেজেট প্রকাশের অভিযোগও তুলেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন এই জোট।