নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দলের বিরুদ্ধে সহিংসতা অভিযোগ এনেছে জামায়াত নেতৃত্বাধীন রাজনৈতিক জোট।  শুক্রবার রাত ১০টার দিকে সংবাদ সম্মেলনে এই অভিযোগ আনেন জোটের নেতারা। 

সংবাদ সম্মেলনে  বক্তব্য রাখেন জামায়াতের আমীর ড. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও খেলাফতে মজলিসের আমির মামুনুল হক।

জামায়াতের আমীর ড. শফিকুর রহমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন। তিনি বলেন, একেক আসনে একই বিষয়ে একেকরকম ভাবে আইন প্রয়োগ করা হয়েছে। এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও খেলাফতে মজলিসের আমির মামুনুল হকের আসনেও অনিয়মের অভিযোগ আনেন তিনি।

তিনি বলেন, “স্ব স্ব আসনে যাদের ওপর এ অন্যায় আচরণ করা হয়েছে, যাদের অধিকার জোর করে কেড়ে নেয়া হয়েছে, আমাদের সিদ্ধান্ত, তারা প্রতিকার চাইবেন। সুনির্দিষ্ট সময়ের ভেতর যদি আমরা প্রতিকার পাই, তাহলে এক কথা। কিন্তু যদি না পাই, তাহলে এখানেও আমরা বাধ্য হব আমাদের পথ ধরতে। আমরা আশা করব নির্বাচন কমিশনের শুভবুদ্ধির উদয় হবে এবনহ তারা ন্যায় ইনসাফ করবেন।”

এ ছাড়া তিনি বিজয়ী দলের ওপর “অনিয়ম, দুর্নীতি, মাসল পাওয়ার, কালো টাকা” ব্যবহারের অভিযোগ তুলেছেন, একইসাথে নির্বাচন কমিশনের ওপর বিভিন্ন প্রার্থীকে ঋণখেলাপির দায় থাকা সত্ত্বেও নির্বাচনে লড়ার অনুমতি দেয়ার অভিযোগও তুলেছেন।

তিনি বলেছেন, “বিভিন্ন জায়গায় ঘোষণা দিয়ে ফ্যাসিবাদীদের পুনর্বাসন করা হচ্ছে। বক্তব্যের শেষে তিনি বলেন, 'একটি দল' ভোট কেড়েছে এবং রেজাল্টে মেকানিজম প্রয়োগ করেছে।”

শফিকুর রহমানের পরের বক্তব্যে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তার বক্তব্যে বিজয়ী দলের ওপর অভিযোগ আনেন প্রতিদ্বন্দ্বীদের ওপর সহিংসতার। তিনি বলেন, নির্বাচনের পরদিনই যারা প্রতিদ্বন্দ্বীদের ওপর হুমকি, বাড়িছাড়া করা, আগুন লাগানো ও হামলা করেছে, তাদের কাছে জনগণ কীভাবে নিরাপদ থাকবে সেই প্রশ্ন উঠে এসেছে।

এ ছাড়া গণভোটে কারচুপির অভিযোগ আনেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “সিক্সটি পার্সেন্ট প্লাস সংস্কারের পক্ষে ভোট দিয়েছে, সেই একই জনগণ এগার দলের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু শেষ মুহূর্তে দশ পার্সেন্ট ভোট কারচুপি করা হয়েছে। নাহলে পুরো ভোট এগার দলের পক্ষে আসত।”

শেষ বক্তব্যে খেলাফত মজলিসের আমীর মামুনুল হক অভিযোগ তোলেন, "ভোট গ্রহণ যেভাবে হয়েছে, গণনা তার ঠিক উল্টোভাবে হয়েছে। বাংলাদেশের ভাগ্য, মানুষের জনরায়ের প্রতি অশ্রদ্ধা প্রকাশ হয়েছে।" 

তিনি আরও বলেন, "বিজয়ীরা দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিলে উদ্ভূত পরিস্থিতির সম্পূর্ণ দায় নিতে হবে।" 

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি ২১২ আসন পেয়ে জয়লাভ করেছে।