কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তাদের ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ দূতাবাস নিয়মিত খোঁজ-খবর রাখছে।

আপডেট : ০৪ জুন ২০২৬, ১০:০৭ এএম

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, পশ্চিম এশিয়ার চলমান আঞ্চলিক অস্থিরতার প্রভাবে সম্প্রতি কুয়েতের আকাশসীমা একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। সর্বশেষ হামলায় চার বাংলাদেশিসহ বিভিন্ন দেশের কয়েকজন নাগরিক আহত হয়েছেন।

এ ঘটনায় একজন নিহত হওয়ার তথ্যও জানিয়েছে দূতাবাস।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আহত বাংলাদেশি নাগরিকদের ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ দূতাবাস নিয়মিত খোঁজ-খবর রাখছে। 

তবে নিরাপত্তা পরিস্থিতির কারণে কুয়েত সরকারের বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, রকেট বা ড্রোন হামলা এবং সেগুলো প্রতিহত করার দৃশ্যের ছবি বা ভিডিও ধারণ এবং প্রচার কুয়েতের আইনে দণ্ডনীয় অপরাধ। তাই প্রবাসী বাংলাদেশিদের কুয়েতের আইন মেনে চলার পাশাপাশি এ ধরনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার আহ্বান জানিয়েছে দূতাবাস। 

এ ছাড়া বিবৃতিতে কুয়েতের সেন্ট্রাল ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় বাংলাদেশিদের সেখানে রক্তদানের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। 

বর্তমান পরিস্থিতিতে সকল প্রবাসী বাংলাদেশিকে সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।