জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ে এই চুক্তি সই হয়। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট সমঝোতা স্মারকে সই করেন।
দূতাবাস জানিয়েছে,মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদার হবে বলে আশা করছে সরকার। একই সঙ্গে সাশ্রয়ী মূল্যে বিভিন্ন উৎস থেকে জ্বালানি আমদানির সুযোগও বাড়বে।
চুক্তির আওতায় তেল, গ্যাস, ভূতাপীয় ও জৈবশক্তি খাতে দুই দেশের মধ্যে গবেষণা, প্রযুক্তি, জ্ঞান ও দক্ষতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য আমদানিও সহজ হতে পারে।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই সমঝোতাকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেন। এ উদ্যোগে সমর্থনের জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান।
যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটও একে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক অগ্রগতি বলে মন্তব্য করেন।
এই অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



