সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি ছোড়ার প্রতিবাদে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সোমবার বিকেলে ৪৮ বিজিবির দায়িত্বপূর্ণ সোনারহাট সীমান্ত এলাকায় বিএসএফ গুলি ছোড়ে। এ সময় বিজিবি তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা ফায়ার করে। বিজিবির দাবি, তাদের পেশাদার ও দ্রুত পদক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।



