গাজামুখী ফ্লোটিলায় ইসরায়েলের গুলি, নৌযান আটক

আপডেট : ২০ মে ২০২৬, ০৬:৪২ পিএম

গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র দুটি জাহাজে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী।  মঙ্গলবার নৌবহরের আয়োজকেরা অভিযোগ করেছেন, গুলি চালিয়ে অর্ধশত নৌযান আটক করেছে ইসরায়েল। তবে ইসরায়েলের দাবি, তারা গুলি ব্যবহার করেনি এবং এ ঘটনায় কেউ হতাহত হননি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, গ্লোবাল সুমুদের যাত্রার ভিডিও সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। ওই ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি সেনারা দুটি নৌযানে গুলি ছুড়ছেন। কী ধরনের গুলি ব্যবহার করা হয়েছে, ভিডিওতে তা স্পষ্ট নয়।

পরে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘কখনোই প্রাণঘাতী গুলি ব্যবহার করা হয়নি।’

এর আগে গত এপ্রিল মাসের শেষ দিকে  গ্লোবাল সুমুদের একটি নৌবহর আন্তর্জাতিক জলসীমায় আটকে দিয়েছিল ইসরায়েল। এবারের বহরটি আবার ত্রাণ নিয়ে গাজায় পৌঁছানোর চেষ্টা করছিল।