ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ পাঠালো বাংলাদেশ

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০১:২১ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের জনগণের প্রতি সংহতি জানিয়ে জরুরি মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে জরুরি ওষুধ সামগ্রী হস্তান্তর করেন।

ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) ড. মুঃ নজরুল ইসলাম ও পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মোঃ হুমায়ুন কবীর।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে ইরানে আহতদের চিকিৎসায় জরুরি ‍ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কিনতে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান দেন।

মুঃ নজরুল ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি বলেন, বাংলাদেশ সব সময় শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সংকট নিরসনের জন্য আহ্বান জানান তিনি।

ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই মানবিক উদ্যোগ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। সংকটময় সময়ে ইরানের জনগণের প্রতি সমর্থনের জন্য বাংলাদেশের প্রতি ধন্যবাদ জানান তিনি।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম বলেন, বিশ্বজুড়ে দুর্যোগ ও সংঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো রেড ক্রিসেন্টের দায়িত্ব। যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরানের জনগণের জন্য এই সহায়তা সেই দায়িত্বেরই অংশ।