পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, প্রথম দফায় বৃহস্পতিবার ১৬ জেলায় ভোট

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১১:০৮ এএম

ভারতের পশ্চিমবঙ্গের ২৯৪ আসনের বিধানসভার নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল সাতটায় শুরু হয় ভোট গ্রহণ। প্রথম দফায় ১৬ জেলার ১৫২টি আসনে ভোট গ্রহণ হবে।

পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, কুচবিহার, আলিপুর এবং কালিম্পঙে ভোট চলছে। 

দ্বিতীয় দফায় ৭টি জেলার ১৪২টি আসনে ভোট হবে ২৯এ এপ্রিল। ভোটের ফলাফল ঘোষণা করা হবে ৪ঠা মে। 

প্রথম দফার ১৫২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৪৭৮ জন প্রার্থী। মনোনয়নপত্র জমা পড়েছিল ১৫২৫টি।

নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর মোট দুই হাজার ৪০৭ কোম্পানি সদস্য মোতায়েন করা হয়েছে। সবচেয়ে বেশি নিরাপত্তারক্ষী কাজ করছে মুর্শিদাবাদের দুই জেলায়।

কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতবারের নির্বাচনে তিনি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থেকে লড়েছিলেন। সেবার নন্দীগ্রাম আসনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হার মানতে হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে।

বিজেপির শুভেন্দু অধিকারী এবার দুই আসন থেকেই লড়ছেন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সাথে মুখ্যমন্ত্রীর নিজ বাড়ির আসন, ভবানীপুর থেকেও লড়ছেন এই বিজেপি প্রার্থী।

১৫২টি আসনে ভোট চলছে, তাতে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিলো ৯৩টি আসনে। বিজেপি জয় পায় ৫৯টি আসনে।