প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পিএম

জ্বালানির তেলের দাম বাড়ানোর কারণে খরচ বেড়ে যাওয়ায় বাড়লো বাস ভাড়া। বৃহস্পতিবার থেকেই ডিজেলচালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ভাড়া বাড়ানোর বিষয়ে শ্রমিক মালিকদের সঙ্গে সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

ঢাকা ও চট্টগ্রাম মহানগর, আন্তঃজেলায় ৫২ আসনের বাস এবং ডিটিসিএ এলাকায় মিনিবাসেও ১১ পয়সা করে বাড়বে ভাড়া।

মন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম কমলে আবার ভাড়া সমন্বয় করা হবে, যদি তেলের দাম বাড়ে তাহলে তখনও দাম সমন্বয় করা হবে।

নতুন ভাড়ার হার বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে। মন্ত্রী জানিয়েছেন সিএনজিচালিত বাসের ভাড়া বাড়বে না।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ডিজেলচালিত বাস ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে ১১ পয়সা বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। আন্তজেলার বাসে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা। আর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এলাকার ক্ষেত্রে ২ টাকা ৩২ পয়সার বদলে এখন হবে ২ টাকা ৪৩ পয়সা করা হয়েছে। সর্বনিম্ন ভাড়া যা আগে ছিল সেটাই আছে ১০ টাকা।

এখনো রেল ও নৌপরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়নি।