আবারও চালু হচ্ছে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র 

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০১ পিএম

চাহিদা মেটাতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র আবারও চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন বিদুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উম্মে রেহানা।  বৃহস্পতিবার সচিবালয়ে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে বর্তমানে ৮টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে আবারও বিদ্যুৎ উৎপাদন করা হবে। 

যুগ্ম সচিব বলেন, “চলতি বছরের ৭ এপ্রিল সচিব মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এসব কেন্দ্রে আবারও বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া কথা বলা হয়েছে।”

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে প্রয়োজনীয় জ্বালানি আমদানি করে বিদ্যুৎ উৎপাদনে সরবরাহ করা যাচ্ছে না। বুধবার দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৫ হাজার ৭৬৭ মেগাওয়াট, সরবরাহ হয়েছে প্রায় ১৩ হাজার মেগাওয়াট। এতে প্রায় ২ হাজার মেগাওয়াট ঘাটতি ছিল।

তিনি জানান, দেশে গ্যাসের তীব্র সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদন সম্ভব হচ্ছে। এর ফলে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হচ্ছে এবং চাহিদা পূরণ ব্যাহত হচ্ছে। 

বিদ্যুৎ সরবরাহ ঘাটতি মোকাবিলার লক্ষ্যেই কয়লাবিদ্যুৎ কেন্দ্র চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও জানান যুগ্ম সচিব।