মানি ম্যাটার্স

হোম লোন নেওয়ার আগে যা জানা জরুরি

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৪ এএম

নিজের বাড়ি বা ফ্ল্যাট কেনা অনেকের দীর্ঘদিনের স্বপ্ন। তবে একসঙ্গে বড় অঙ্কের টাকা জোগাড় করা কঠিন হওয়ায় সেই স্বপ্ন পূরণে অনেকেই ব্যাংকঋণের কথা ভাবেন। বাড়ি কেনা, নতুন বাড়ি নির্মাণ কিংবা বাড়ি সংস্কারের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো হোম লোন দিয়ে থাকে। তবে ঋণ নেওয়ার আগে কত টাকা পাওয়া যাবে, নিজের কত টাকা থাকতে হবে এবং কত দিনে ঋণ পরিশোধ করতে হবে, এসব বিষয় জানা জরুরি।

বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন থেকেও গৃহঋণ নেওয়ার সুযোগ রয়েছে। ঋণের পরিমাণ, সুদের হার ও পরিশোধের মেয়াদ প্রতিষ্ঠানভেদে আলাদা হতে পারে। গৃহঋণ পরিশোধ করতে সাধারণত ৫ থেকে ২৫ বছর পর্যন্ত সময় পাওয়া যায়। 

বাণিজ্যিক ব্যাংকগুলো সাধারণত ৪ কোটি টাকা পর্যন্ত গৃহঋণ দেয়। কিন্তু তার মানে এই নয়, কেউ আবেদন করলেই তাকে ৪ কোটি টাকা ঋণ দিয়ে দিবে। আবেদনকারীর আয়, আর্থিক অবস্থা এবং নিয়মিত কিস্তি পরিশোধের সক্ষমতা যাচাই করেই ব্যাংক ঋণ দিবে কি না, দিলেও তার পরিমাণ কত হবে, সেটা নির্ধারণ করে।

তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাড়ি কেনা ও নির্মাণের ক্ষেত্রে ঋণের হিসাব আলাদা।  

বাড়ি কিনতে ঋণের নিয়ম

ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, যেকোনো বাণিজ্যিক ব্যাংক সম্পদের সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত অর্থ ঋণ হিসেবে দিতে পারে। অন্তত ৩০ শতাংশ অর্থ ক্রেতাকে নিজস্ব উৎস থেকে দিতে হবে। 

অর্থাৎ, কেউ এক কোটি টাকা দামের একটি ফ্ল্যাট কিনতে চাইলে ব্যাংক তাকে সর্বোচ্চ ৭০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে পারে। বাকি ৩০ লাখ টাকা ক্রেতাকে নিজেই জোগাড় করতে হবে। তবে আবেদনকারীর আর্থিক সচ্ছলতা ও ঋণ অনুমোদনের নানা শর্ত বিবেচনা করে প্রকৃত ঋণের পরিমাণ আরও কম হতে পারে।

ফ্ল্যাট কেনার ক্ষেত্রে সাধারণত ঋণের অর্থ একবারে বা নির্ধারিত নিয়মে বিক্রেতা কিংবা সংশ্লিষ্ট পক্ষকে দেওয়া হয়। একেক ব্যাংকে গৃহঋণের উপর সুদের হার একেক রকম। 

বাড়ি নির্মাণের ঋণ

বাড়ি নির্মানের জন্য কেউ ঋণ নিতে চাইলে, সেক্ষেত্রে ৭০:৩০ অনুপাতেই যে ঋণ দেওয়া হবে, ব্যাপারটা তা নয়। এক্ষেত্রে ব্যক্তিকে সাধারণত নিজে থেকে দালানের ভিত্তি বা প্লিন্থ লেভেল পর্যন্ত নির্মাণ করতে হয়। তারপর ব্যাংক কর্তৃপক্ষ যাচাই করে বাকি অংশ নির্মাণের জন্য ঋণ দেয়। 

তবে কিছু কিছু ব্যাংক প্লিন্থ লেভেল পর্যন্ত নির্মাণের আগেই ঋণ দিয়ে দিতে পারে। সুদের হার, ঋণ শোধের মেয়াদ ও অন্যান্য শর্তের মতো এখানেও ব্যাংকভেদে ভিন্ন নিয়ম থাকতে পারে। 

বাড়ি নির্মাণের জন্য গৃহঋণ দেওয়ার ক্ষেত্রে জমির মালিকানা, অনুমোদিত নকশা, নির্মাণ ব্যয়ের হিসাব এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। নির্মাণকাজের অগ্রগতি অনুযায়ী ধাপে ধাপে ঋণের অর্থ কিস্তি আকারে দেওয়া হয়।

গৃহঋণ পরিশোধ করতে সাধারণত ৫ থেকে ২৫ বছর পর্যন্ত সময় পাওয়া যায়। 

ব্যাংক কী ঋণ দিবে?

হোম লোন একটা দীর্ঘমেয়াদি ঋণ। তাই ব্যাংক আবেদনকারীর বর্তমান আয় ছাড়াও ভবিষ্যতে নিয়মিত কিস্তি পরিশোধের সক্ষমতা যাচাই করে। চাকরিজীবী হলে বেতন ও চাকরির স্থায়িত্ব, আর ব্যবসায়ী বা স্বনির্ভর পেশাজীবী হলে আয়ের ধারাবাহিকতা ও আর্থিক নথি বিবেচনায় নেওয়া হতে পারে। ঋণগ্রহীতার আগের ঋণ পরিশোধের ইতিহাসও এখানে গুরুত্বপূর্ণ।

এ ছাড়া গৃহঋণের ক্ষেত্রে সাধারণত যে বাড়ি বা ফ্ল্যাট কেনা কিংবা নির্মাণ করা হচ্ছে, সেটি ব্যাংকের কাছে বন্ধক রাখতে হয়। ঋণ পরিশোধে ব্যর্থ হলে চুক্তি ও প্রযোজ্য আইন অনুযায়ী ব্যাংক বন্ধক রাখা সম্পত্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এক্ষেত্রে ব্যাংক সেই সম্পত্তি বিক্রি করে দেওয়ার উদ্যোগও নিতে পারে। 

ঋণ নেওয়ার আগে কী বিবেচনা করবেন

হোম লোন নেওয়ার আগে সুদের হার ও মাসিক কিস্তির পাশাপাশি মোট কত টাকা পরিশোধ করতে হবে, সেটিও হিসাব করা জরুরি। ঋণ পরিশোধের মেয়াদ বাড়ালে মাসিক কিস্তির পরিমাণ কমতে পারে। কিন্তু একই সঙ্গে মোট সুদের পরিমাণ বেড়ে যেতে পারে।

এ ছাড়া ঋণ নেওয়ার সময় প্রসেসিং ফি, আইনি যাচাইয়ের খরচ, মূল্যায়ন ফি, স্ট্যাম্প ও অন্যান্য চার্জ থাকতে পারে। ঋণ নেওয়ার আগে এসব খরচ সম্পর্কে ব্যাংকের কাছ থেকে বিস্তারিত জেনে নেওয়া প্রয়োজন।

নিজ বাড়িতে থাকার স্বপ্ন পূরণে গৃহঋণ ভালোই কাজে আসতে পারে। তবে দীর্ঘমেয়াদি এই আর্থিক দায় নেওয়ার আগে আয়, সঞ্চয়, পারিবারিক ব্যয় ও ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা ইত্যাদি বিবেচনা করা জরুরি। সামর্থ্যের বাইরে ঋণ নিলে স্বপ্নের বাড়িই একসময় বড় আর্থিক চাপের কারণ হয়ে উঠতে পারে।