জাপানি এক মেকানিকের স্বপ্ন ছড়িয়ে পড়েছিল বাংলাদেশেও

একজন জাপানি মেকানিকের যাত্রা ছোট্ট এক গ্যারেজে। যন্ত্রপাতি নিয়ে তার অসীম আগ্রহ। ৫০টি পিস্টন রিং তৈরি করে মাত্র তিনটিতে সফল হয়েছিলেন। যুদ্ধ তার কারখানা ধ্বংস করেছে। কিন্তু তিনি থেমে যাননি। সেই মানুষটির স্বপ্ন একসময় বিশ্বের অন্যতম বড় মোটরসাইকেল প্রতিষ্ঠানে পরিণত হলো। আর সেই স্বপ্নের নাম বাংলাদেশেও পরিচিত হয়েছে প্রজন্মের পর প্রজন্ম ধরে।

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০২:২৫ পিএম

বাংলাদেশে মোটরবাইক বা মোটরসাইকেলের প্রতিশব্দ হয়ে উঠেছে ‘হোন্ডা’। কেউ যদি প্রশ্ন করে, ‘আপনার হোন্ডা কোন ব্র্যান্ডের?’ তখন উত্তরে নিশ্চয়ই অনেকে বিভিন্ন ব্র্যান্ডের নাম বলেন। একটি ব্র্যান্ড কীভাবে একটি দেশের মানুষের মুখের ভাষায় জায়গা করে নেয়? 

এ ঘটনাটি সত্যিই বিস্ময়ের। 

এমনকি হোন্ডার গল্পটাও বিস্ময় এবং রোমাঞ্চে ভরা। একটি ছোট্ট গ্যারেজ থেকে শুরু হয় যার গল্প। তারপর বিশ্বজয়। জায়গা করে নেয় বাংলাদেশের মানুষের মনে, এমনকি মুখের ভাষাতেও।

বাবার গ্যারেজ থেকে যে স্বপ্নের শুরু 

সোইচিরো হোন্ডা

পুরো নাম সোইচিরো হোন্ডা।  তিনিই হোন্ডার প্রতিষ্ঠাতা।

হোন্ডার গল্পের শুরুটা কোনো আধুনিক ল্যাবরেটরি বা বিলিয়ন ডলারের করপোরেট বোর্ডরুমে হয়নি। এটি শুরু হয়েছিল বিংশ শতাব্দীর প্রথমার্ধে, এক জাপানি মেকানিকের হাত ধরে। 

টোকিও থেকে প্রায় ১৫০ মাইল দূরের এক শহরে ১৯০৬ সালে জন্ম নিয়েছিলেন সোইচিরো। পারিবারিক নাম হোন্ডা। বাবা হোন্ডা গিহেই ছিলেন ‘ব্ল্যাকস্মিথ’। বাংলায় যাকে বলে ‘কামার’। পরিবারের অর্থ উপার্জন স্বাভাবিক রাখতে সাইকেল মেরামতের দোকানও চালাতেন।  

বাবার সাইকেল ঠিক করে দেওয়ার কাজটা খুব মনোযোগ দিয়ে শৈশব থেকেই খেয়াল করতেন সোইচিরো। সেখান থেকেই গাড়ি ও উড়োজাহাজ বিষয়ে আগ্রহ তৈরি হয়। ছোটবেলায় সাইকেল চালিয়ে গাড়ির রেস দেখতে যেতেন। জাপানে গাড়ির রেস ওই সময়ে ছিল তুমুল জনপ্রিয়। 

গাড়ির প্রতি তার আগ্রহ বাবা বুঝতেন। আর এজন্যই গাড়ি মেকানিকের কাজ শিখতে ১৯২২ সালে মাত্র ১৫ বছর বয়সে ছেলেকে টোকিও পাঠিয়ে দেন বাবা। 

সেখানেই ‘আর্ট শোকাই’ নামে একটা গাড়ি মেরামতের প্রতিষ্ঠানে ট্রেইনি মেকানিক হিসেবে কাজ শুরু করেন। 

ওই প্রতিষ্ঠানে গিয়ে পড়লেন এক ঝামেলায়। সোইচিরো ঠিক মতো কাজ শেখার সুযোগ পেতেন না। তারপরও লেগে ছিলেন। অপেক্ষা করেছেন কাঙ্ক্ষিত সুযোগের। 

এর মধ্যে জাপানে হলো ভয়াবহ ভূমিকম্প।  

এমন ভয়ানক দুর্যোগও যে মানুষের জীবন বদলে দিতে পারে, সেটা সোইচিরোর গল্পটা না জানলে বোঝা যাবে না। 

১‌৯২৩ সালের ১লা সেপ্টেম্বর টোকি ও আশপাশের এলাকায় ভয়াবহ ভূমিকম্প হয়। যা দেশটির ইতিহাসে ‘গ্রেট কান্তো’ ভূমিকম্প হিসাবে পরিচিত।   

‘গ্রেট কান্তো’ ভূমিকম্পের পর বিধ্বস্ত জাপান

ভূমিকম্পের কয়েক মিনিট পরই আঘাত করে ৪০ ফুট উচ্চতার সুনামি। একের পর এক বিশাল ঢেউ হাজার হাজার মানুষকে ভাসিয়ে নিয়ে যায়। এরপর শুরু হয় আগুনের তাণ্ডব। ইয়োকোহামা ও টোকিওর কাঠের বাড়িগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। এই দুর্যোগে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হয়। তাদের মধ্যে ৪৪ হাজার মানুষ প্রথম কয়েক ঘণ্টায় টোকিওর সুমিদা নদীর কাছে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু পরে অস্বাভাবিকভাবে সৃষ্ট আগুনের এক বিশাল ঘূর্ণি তাদের পুড়িয়ে মারে। এই ভয়াবহ ঘটনাটি 'ড্রাগন টুইস্ট' নামেও পরিচিত।

যখন এই বিপর্যয় চলছিল, তখন সবাই বিপন্ন জীবন বাঁচাতে ব্যস্ত। আর তখন সোইচিরো গ্যারেজের বেশ কয়েকটা গাড়ি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টায় মরিয়া। জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে পড়লেন মালিকের নজরে। 

এ দুর্যোগের পর আর্ট শোকাইয়ের প্রায় সব কর্মী চাকরি ছেড়ে নিজ নিজ এলাকায় চলে যান। ধ্বংসস্তুপে পড়ে থাকা আর্ট শোকাই ছাড়েননি সোইচিরো। তার সঙ্গে আরেকজন সিনিয়র ট্রেইনি মেকানিকও থেকে যান। আর্ট শোকাইয়ের মালিক তখন তাকে অবাধ কাজের সুযোগ দিলেন। 

এই সুযোগে দ্রুত গাড়ি মেরামতের বিদ্যা আত্মস্থ করে ফেলেন। এসবের পাশাপাশি তখন থেকেই তিনি ‘রেসিং কার’ বানানোর নকশা তৈরি করতে থাকেন। মাত্র ২১ বছর বয়সে মাস্টার মেকানিক হিসাবে স্বীকৃতি পান। 

স্বপ্ন এবার নিজেকে বড় করার 

সোইচিরোর লক্ষ্য মেকানিক হয়ে পড়ে থাকা না। লক্ষ্য তো আরও বড়। তিনি রেসিং কার বানাতে চান। সেই স্বপ্নের কথা তিনি মালিককে জানান। অনুমতি নিয়েই ১৯২৮ সালে নিজ শহরে ফিরে একটা গ্যারেজ শুরু করেন। 

তার গ্যারেজে গাড়ি ও মোটরসাইকেল মেরামতের কাজ করা হতো। ওই সময়ে জাপানের বেশিরভাগ যানবাহনই বিদেশ থেকে আমদানি করা হতো। 

তিনি পুরনো গাড়ি বিক্রির ব্যবসাও করতেন। পাশপাশি নিজের তৈরি গাড়ি নিয়ে রেসেও অংশ নিতেন। সে সময় জাপানের যানবাহনের বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করা হতো। পাশাপাশি নিজের তৈরি গাড়ি নিয়ে রেসেও অংশ নিতেন।

তবে ১৯৩৬ সালে টোকিওর নতুন স্পিডওয়েতে প্রথমবারের মতো আয়োজিত রেসে অংশ নিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। বিধ্বস্ত হয় গাড়ি, ভয়ঙ্করভাবে আহত হন সোইচিরো। প্রাণে বেঁচে যাওয়ার পর রেসিং গাড়ি পরীক্ষামূলকভাবে তৈরি বন্ধ করে দেন। শুরু করেন গাড়ির যন্ত্রাংশ তৈরির ব্যবসায়। 

তিনি পিস্টন রিং তৈরির পরিকল্পনা করেন। এগুলো তৈরি করা ছিল অত্যন্ত জটিল। ১৯৩০-এর দশকের শেষ দিকে পিস্টন রিংয়ের দাম রুপার চেয়েও বেশি ছিল।

পিস্টন রিং বানানো তিনি আর্ট শোকাইয়ে যখন প্রশিক্ষণ নিচ্ছিলেন তখনও দেখেছেন। তার সাবেক বস পিস্টন রিং তৈরির চেষ্টা করতেন। 

পিস্টন রিং নিয়ে কাজ করছেন সোইচিরো হোন্ডা

সোইচিরো একজন বিনিয়োগকারী পেয়ে যান। ওই টাকা দিয়ে প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনে ‘টোকাই সেইকি’ নামে একটা নতুন প্রতিষ্ঠান শুরু করলেন। 

পিস্টন বানাতে গিয়ে পড়লেন সমস্যায়। তিনি মেকানিকের কাজ শিখেছেন। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা তো নেই। 

শুরুতেই বড় সমস্যায় পড়েন। তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। ধাতুবিদ্যা নিয়ে তার কোনো জ্ঞান নেই।

গলিত ধাতু ছাঁচে ঢেলে পিস্টন রিং তৈরির চেষ্টা করেন তিনি। যাকে বলা হয় ডাই কাস্টিং। কিন্তু তার সেই চেষ্টা ব্যর্থ হয়।

তার তৈরি করা ৫০টি পিস্টন রিংয়ের মধ্যে মাত্র তিনটি টয়োটা মোটর কোম্পানির পরীক্ষায় উত্তীর্ণ হয়। বাকিগুলো ব্যবহারের উপযোগী নয় বলে বিবেচিত হয়।

সোইচিরো ছিলেন স্বশিক্ষিত প্রকৌশলী। নিজের উদ্যোগে বিভিন্ন প্রকল্প হাতে নিতেন। কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্প ছিল মনে। কিন্তু তিনি বুঝতে পারেন, একা একা কখনো সফল হওয়া যায় না। মানুষের সাহায্যের প্রয়োজন হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষায় তার তেমন আগ্রহ ছিল না। কিন্তু ব্যবসা টিকিয়ে রাখতে তার সহযোগিতার প্রয়োজন হলো। শেষ পর্যন্ত হামামাতসু টেকনিক্যাল হাই স্কুলের প্রকৌশল বিভাগের অধ্যাপকদের কাছে যান। 

অধ্যাপকরা দেখতে পেলেন, সোইচিরোর তৈরি পিস্টন রিংয়ে সিলিকনের পরিমাণ যথেষ্ট নয়। ফলে সেগুলো সিলিন্ডারের ভেতরে প্রয়োজনমতো প্রসারিত হতে পারছিল না। পিস্টনকে ঠিকভাবে সিল করার জন্য এটি অত্যন্ত জরুরি।

তখনই বুঝতে পারেন উপরে উঠতে গেলে কিংবা আবিষ্কার করতে হলে পড়াশোনারও প্রয়োজন। প্রডাকশন সিস্টেম উন্নত করতে তিনি পার্টটাইম স্টুডেন্ট হিসেবে ভর্তি হন। দুই বছর প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেন।

পড়াশোনার পাশাপাশি ভালো মানের পিস্টন রিং তৈরি চেষ্টা চালিয়ে যান। অবশেষে ১৯৩৯ সালে সফল হন। এরপর তিনি গাড়ি মেরামতের দায়িত্ব দিয়ে দেন তরুণ ইন্টার্নদের। নিজে টোকাই সেইকির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।

তিনি আরাম করার জন্য কাজ ছেড়ে প্রেসিডেন্ট হয়ে গেছেন, বিষয়টা এমন না। গাড়ির মেকানিক্যাল কাজ এবং পিস্টন তৈরির মতো কাজ রুটিন ওয়ার্ক। এখন সোইচিরো যদি এই রুটিনকাজে ব্যস্ত থাকেন, তাহলে নতুন আবিষ্কারে মনোযোগ দেবেন কীভাবে?  

এই ভাবনা থেকেই ইন্টার্নদের হাতে রুটিন ওয়ার্কের দায়িত্ব দিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মনোযোগ দেন সোইচিরো।  

সামনে এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, স্বপ্ন হলো আক্রান্ত 

শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বিশ্বযুদ্ধে পাকাপোক্তভাবে জাপান জড়িয়ে পড়ে ১৯৪১ সালে। কিন্তু তার আগে সোইচিরো মোটমোটি বড় ব্যবসায়ী। ১৯৩৯ সাল থেকে সোইচিরোর তৈরি পিস্টন রিং জনপ্রিয়তা পায়। টয়োটা এবং নাকাজিমা এয়ারক্রাফটের মতো বড় বড় প্রতিষ্ঠান থেকে তিনি পিস্টন রিংয়ের বিশাল সব অর্ডার পেতে শুরু করেন। এই বড় বড় অর্ডারের কারণে কারখানায় কর্মীর সংখ্যা ২ হাজার ছাড়িয়ে যায়। এটি ছিল ব্যবসার সবচেয়ে রমরমা সময়।  

যুদ্ধ যত বাড়তে থাকে, সোইচিরোর সংকট তত বাড়তে থাকে। পুরুষদের অনেকেই যুদ্ধে চলে যাচ্ছেন। এখন কারাখানা সামলাতে নারীরাই তার ভরসা। 

অর্ডারের অভাব নেই। টয়োটার তৈরি সামরিক ট্রাকের জন্য পিস্টন তৈরির অর্ডার আসতো। জাপানের সেনাবাহিনীর যুদ্ধবিমানের ইঞ্জিনের জন্য তার পিস্টন রিং ব্যবহার করা হতো। শুধু তাই নয়, জাপানি যুদ্ধজাহাজের ইঞ্জিনের জন্যও তিনি পিস্টন রিং বিক্রি করতেন।  

নারীরা কাজ করছেন

আর তাই নারীরাই হয়ে ওঠে সোইচিরোর ভরসা। 

তৎকালীন জাপানের সমাজ ছিল পুরুষতান্ত্রিক। সোইচিরোর সেই দেয়াল ভাঙতে হয়েছে। তিনি স্কুলছাত্রীদেরও কাজে সুযোগ করে দেন। তিনি এমন একটি স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থা গড়ে তোলেন যেখানে অদক্ষ শ্রমিকও খুব সহজে পিস্টন রিং তৈরি করতে পারতেন। 

১৯৪৪ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রের বি-টুয়েন্টি নাইন বোমারু বিমান সোইচিরোর পিস্টন রিং কারখানায় বোমা হামলা চালায়। 

এ হামলা তার কারখানাকে ধ্বংসস্তুপে পরিণত করে। তিনি মানসিকভাবেও কিছুটা ভেঙে পড়েন। যদিও ধ্বংসস্তুপ থেকে অনেক যন্ত্রপাতি তিনি উদ্ধার করেন। যুদ্ধের পরপরই টয়োটার কাছে নিজের ব্যবসা বিক্রি করে দেন। 

এর মধ্য দিয়েই পিস্টন রিং প্রস্তুতকারক হিসাবে তার ক্যারিয়ারের সমাপ্তি ঘটে।

এই সময়েও সোইচিরো বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছিলেন। যার মধ্যে অন্যতম ছিল, অদক্ষ শ্রমিকদের স্বয়ংক্রিয় যন্ত্রপাতির সঙ্গে যুক্ত করে উৎপাদন চালানো। 

শুধু দক্ষ কারিগরদের ওপর নির্ভর না করে এ ধরনের ব্যবস্থা গড়ে তোলা অনেক বেশি কার্যকর। পরবর্তী সময়ে প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি এই শিক্ষাও তার সাফল্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ধ্বংসস্তূপ থেকে আবারও উত্থান

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের অর্থনীতি পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে। জাতীয় সম্পদের প্রায় এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে যায়। প্রাণ হারান লাখ লাখ মানুষ।

তীব্র শীত ও খারাপ ফসলের কারণে দেশটি দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। হাজার হাজার মানুষ সেতুর নিচে ও রেললাইনের পাশে রাত কাটাতেন। ১৯৪৮ সাল পর্যন্ত লাখ লাখ যুদ্ধফেরত সেনা ধীরে ধীরে জাপানে ফিরে আসেন। তাদের অনেকেই ভিক্ষা করতে বাধ্য হন। কয়েক বছর ধরে সরকার খাদ্যপণ্যের রেশনিং ব্যবস্থাও চালু রাখে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান পরিচালনার জন্য মিত্রশক্তির যে সর্বোচ্চ প্রশাসনিক কার্যালয় গঠিত হয়েছিল, ইতিহাসে সেটিই সংক্ষেপে জিএইচকিউ নামে পরিচিত। পূর্ণ নাম হলো জেনারেল হেডকোয়ার্টার্স বা সাধারণ সদর দপ্তর। 

এমন পরিস্থিতিতে গাড়ি তৈরির কথা ভাবাই ছিল কঠিন। তার ওপর যুক্তরাষ্ট্রের সাধারণ সদর দপ্তর জাপানের গাড়ি উৎপাদনে কঠোর সীমা আরোপ করে দেয়। 

বছরে সর্বোচ্চ এক হাজার ট্রাক ও ৩৫০টি যাত্রীবাহী গাড়ি তৈরির অনুমতি দেওয়া হয়েছিল। মূলত জরুরি সেবা চালু রাখার জন্যই এই অনুমতি। এর বেশি উৎপাদন নিষিদ্ধ ছিল।

তখন খুব কম পরিবারেরই গাড়ি কেনার সামর্থ্য ছিল। সাধারণ মানুষের জন্য মোটরচালিত যাতায়াতের সবচেয়ে ভালো বিকল্প হতে পারত ছোট মোটরসাইকেল। কিন্তু জেনারেল হেডকোয়ার্টার্স মোটরসাইকেল ও স্কুটার উৎপাদনও নিষিদ্ধ করে। এগুলো তৈরির জন্য প্রয়োজনীয় মূল্যবান কাঁচামাল ব্যবহারের অনুমতিও দেওয়া হয়নি।

দপ্তর মনে করত, দুই চাকার এসব যানবাহন কেবল বিনোদনের জন্য। 

অবশেষে ১৯৪৬ সালে টোকিওর ইম্পেরিয়াল প্যালেসের সামনে স্কুটার উৎপাদনে আগ্রহী কয়েকটি প্রতিষ্ঠানের উদ্যোগে প্রতিবাদ হয়। এ বিক্ষোভের পর স্কুটার উৎপাদনের অনুমতি দেয়া হয়। সাবেক নাকাজিমা ও মিতসুবিশি এয়ারক্রাফটের মতো প্রতিষ্ঠানও এই অনুমতি পায়।

একই সময়ে সোইচিরোসহ আরও কয়েক ডজন উদ্যোক্তা এর চেয়েও সস্তা মোটরচালিত যান তৈরির চেষ্টা করছিলেন। সেটি ছিল সাধারণ সাইকেলের সঙ্গে ছোট মোটর যুক্ত করা যান। জাপানে একে বলা হতো ‘গেনৎসুকি বাইক’। 

নিজের প্রতিষ্ঠান বিক্রি করার পর কিছুটা হতাশাগ্রস্ত হয়ে পড়েন সোইচিরো। অনেকে বলেন মদ খেয়ে সারাদিন তিনি সময় পার করতেন।  কিন্তু বাস্তবতা হলো, সোইচিরো সন্ধান করছিলেন একটি আইডিয়ার। যে আইডিয়া তাকে তীব্রভাবে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। অবশেষে একটা রিস্ক নিলেন। 

১৯৪৬ সালের ছোট ভাই বেনজিরোকে নিয়ে নতুন কিছু করার উদ্যোগ নেন। নিজের ধ্বংস হয়ে যাওয়া পিস্টন রিং কারখানার জায়গায় একটি ছোট ওয়ার্কশপ গড়ে তোলেন।

যুদ্ধের পর অনেক উদ্যোক্তার মতো তারাও উপযুক্ত পণ্য খুঁজে পেতে সমস্যায় পড়েন। প্রথমে তারা স্পিনিং হুইল, নকশা করা কাচের প্যানেল এবং বাঁশের বোনা ছাদের টালি তৈরির চেষ্টা করেন। কিন্তু কোনোটিতেই সফল হননি।

এরপর সোইচিরোর হাতে আসে সেনাবাহিনীর ব্যবহার করা একটি ব্যাকপ্যাক রেডিওর অতিরিক্ত ছোট পেট্রলচালিত ইঞ্জিন। তিনি এটাকে একটি সাইকেলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করেন। বেল্টের সাহায্যে ইঞ্জিনের শক্তি পেছনের চাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।

এটি অবশ্য নতুন কোনো ধারণা ছিল না। তখন আরও অনেকেই একই ধরনের মোটরচালিত সাইকেল তৈরির চেষ্টা করছিলেন। কিন্তু সোইচিরো চেষ্টা চালিয়ে যান।

১৯৪৬ সালের সেপ্টেম্বরে তিনি প্রতিষ্ঠা করেন ‘হোন্ডা টেকনিক্যাল রিসার্চ ইনস্টিটিউট’। পরের মাসেই তারা তৈরি করেন দুই স্ট্রোকের ৫০ সিসি ইঞ্জিনচালিত সাইকেল। এর নাম দেওয়া হয় ‘এ-টাইপ’।

দুই স্ট্রোকের ৫০ সিসি ইঞ্জিনচালিত এ-টাইপ সাইকেল

সোইচিরো সরাসরি নিজের তৈরি ইঞ্জিন বাজারে আনেননি। প্রথমে তিনি জাপানি সেনাবাহিনীর পরিত্যক্ত ওয়্যারলেস রেডিও জেনারেটরের প্রায় ৫০০টি ছোট ইঞ্জিন কিনে সেগুলো সাধারণ সাইকেলে যুক্ত করে বিক্রি শুরু করেন। অবাক করার বিষয় ছিল দুই স্ট্রোকের ৫০ সিসি ইঞ্জিনের এই সাইকেলের বিক্রি বাড়তে শুরু করে। 

ছোট্ট ইঞ্জিন থেকে হোন্ডা মোটর কোম্পানি 

এই সাইকেলটা জাপারে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। এর পেছনে অনেকগুলোর কারণও ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমা হামলায় জাপানের রেলপথসহ স্থলপথের সব যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। শহরের মানুষরা খাবার কিনতে যেত গ্রামে। ভারী ব্যাগ বা পণ্য নিয়ে সাধারণ প্যাডেলে চলা সাইকেল চালিয়ে যেতে হতো দীর্ঘ পথ। ইঞ্জিনে চলা সাইকেল সেই কষ্ট কমিয়ে দেয়। তখন জাপানে পেট্রলেরও ছিল সংকট। মজার ঘটনা হলো পাইন গাছের আঠা থেকে তৈরি টারপেনটাইন তেল দিয়েও চালানো যেত ৫০ সিসির এই বাইক। 

১৯৪৮ সালের মধ্যে কোম্পানি আরও বড় একটি কারখানা চালু করে। ১৯৪৮ সালের সেপ্টেম্বরে সোইচিরোর প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে ‘হোন্ডা মোটর কোম্পানি’ হিসেবে নিবন্ধিত হয়। এরপর ব্যবসার গতি আরও বাড়ে। 

৯৮ সিসির ডি-টাইপ ড্রিম

একের পর একটি নতুন মডেল বাজারে আনে প্রতিষ্ঠানটি। প্রথমে ৯০ সিসির বি-টাইপ কার্গো যান, এরপর ৯৬ সিসির সি-টাইপ এবং সবশেষে ১৯৪৯ সালের জুলাইয়ে ৯৮ সিসির ডি-টাইপ ‘ড্রিম’। এটিই ছিল প্রতিষ্ঠানটির প্রথম পূর্ণাঙ্গ মোটরসাইকেল।

‘ড্রিম’ বাণিজ্যিকভাবে সফল হয়। এর জনপ্রিয়তা ক্রেতাদের কাছে হোন্ডার পরিচিতি আরও বাড়িয়ে দেয়। 

সোইচিরোর বয়স ততদিনে ৪২। দীর্ঘ পরিশ্রমের সুফল সবে ঘরে আসা শুরু। কিন্তু বসে নেই সোইচিরো। স্পোর্টস কার নিয়ে পুরনো স্বপ্ন তাকে বারবার ঘিরে ধরে।  

তার সফলতা এমন মাত্রায় পৌঁছায় যে জাপানে ততদিনে ‘হোন্ডা’ একটা ব্র্যান্ড। শুধু মোটরযান না, তার নামও ছড়িয়ে পড়ে। এমনকি প্রতিদ্বন্দ্বীরাও দেখছিলেন, কারখানা ছোট অথচ তার নিয়োগ করা কর্মীরা কী পরিমাণ ক্ষীপ্র। প্রতি মাসে তারা ১০০টারও বেশি মোটরযান তৈরি করতো।  

সোইচিরো প্রশংসায় ভাসছেন। কিন্তু তিনি স্পোর্টস কার নিয়ে স্বপ্ন দেখছেন। আর তাছাড়া বুঝতে পারছিলেন জাপানের গণ্ডি নয়, পেরিয়ে যেতে হবে সীমানা। আর এ জন্য প্রয়োজন ব্যবসার সম্প্রসারণ। বড় পরিসরে উৎপাদনে যেতে হবে। 

একজন উদ্ভাবক, একজন ব্যবসায়ী 

১৯৪৯ সালে সোইচিরোর পরিচয় হয় একজন ব্যক্তির সঙ্গে। যার নাম ফুজিসাওয়া তাকেও। 

এই ব্যক্তির কথা বলা আগে যে কোনো উদ্ভাবনের প্রক্রিয়া জানা প্রয়োজন। আপনি কিছু বানালেন। সেটাকে ব্যবহারযোগ্য করার জন্য প্রয়োজন দক্ষ শ্রমিক তৈরি। এরপর সেই পণ্য বাজারে ছড়িয়ে দিতে প্রয়োজন ব্যবসায়িক পরিকল্পনা, বিপণন ব্যবস্থা গড়ে তোলা। 

ফুজিসাওয়া তাকেও ও সোইচিরো

ফুজিসাওয়া ছিল সোইচিরোর সেই তুরুপের তাস। যার গতি বিশ্বময় ছড়িয়ে দিয়েছিল হোন্ডা। 

এই ভদ্রলোকের সঙ্গে সোইচিরোর পরিচয় হয় এক বন্ধুর মাধ্যমে।

প্রথম বৈঠকেই সোইচিরো বুঝতে পারেন যে জায়গায় তার দুর্বলতা আছে, সে জায়গায় ফুজিসাওয়া সেরা। ফুজিসাওয়া কর্মজীবনের শুরুতে স্টিল মিলের সেলসম্যান হিসেবে কাজ করতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটি কাটিং টুলস কোম্পানি পরিচালনা করতেন। এমনকি কাঠের ব্যবসাও করতেন। 

ফুজিসাও নিজের ব্যবসার প্রসারে খুব একটা সন্তুষ্ট ছিলেন না। তিনি খুঁজছিলেন একটি সম্ভাবনাময় আইডিয়া। যে আইডিয়াতে তিনি শ্রম ও অর্থ বিনিয়োগ করতে পারবেন। এমন সময়েই পরিচয় হয় সোইচিরোর সঙ্গে। 

সোইচিরো তখন ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন। সে পরিমাণ লগ্নিও তার হাতে নেই। একইসঙ্গে ব্যবসাকে বিস্তারের সূত্রও তার জানা নেই। তার মাথায় উদ্ভাবন ছাড়া কিছুই নেই। সোইচিরোর সঙ্গে ফুজিসাওয়ের পরিচয় সেই দুয়ার খুলে দেয়। 

সোইচিরোর স্বপ্ন ও আবেগ ফুজিসাওকে প্রভাবিত করে। এমনকি তিনি এতটাই মুগ্ধ হন যেন নিজের ব্যবসা বন্ধ করে জমি-যন্ত্রপাতি বিক্রি করে হোন্ডা মোটর কোম্পানিতে যোগ দেন।  

১৯৪৯ সালের অক্টোবরে ফুজিসাওয়া যখন যোগ দেন, তখন কোম্পানির মোট মূলধন ছিল ১০ লাখ ইয়েন। ফুজিসাওয়া প্রায় ১৫ লাখ ইয়েন বিনিয়োগের ব্যবস্থা করেন। এর ফলে কোম্পানির মূলধন বেড়ে দাঁড়ায় ২০ লাখ ইয়েনে। অর্থাৎ ফুজিসাওয়া অন্যতম প্রধান শেয়ারহোল্ডার হয়ে ওঠেন।

ফুজিসাওয়ার এই বিনিয়োগের অর্থেই প্রথমবারের মতো টোকিওতে বড় কারখানা স্থাপন তৈরি করেন সোইচিরো। বাণিজ্যিকভাবে মোটরসাইকেল উৎপাদন বড় আকারে শুরু করেন।

ফুজিসাওয়া বিনিয়োগের পাশাপাশি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেন এবং সোইচিরো হোন্ডার সমান ক্ষমতা নিয়ে অংশীদার হিসেবে কাজ শুরু করেন।

সোইচিরো ও ফুজিসাওয়া নিজেদের মধ্যে কাজের পরিষ্কার সীমানা তৈরি করেছিলেন। সোইচিরো মনোযোগ দিতেন ইঞ্জিনিয়ারিং, গবেষণা ও নতুন পণ্য উদ্ভাবনে। অন্যদিকে ফুজিসাওয়া সামলাতেন অর্থায়ন, বিপণন, বিক্রয় এবং প্রশাসনিক ব্যবস্থাপনা।

১৯৫০ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জাতিসংঘ কোরীয় যুদ্ধে জড়িয়ে পড়ার পর জাপানের অর্থনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে।

মার্কিন সামরিক বাহিনীর কাছ থেকে ট্রাক ও অন্যান্য যুদ্ধসামগ্রী তৈরির বড় বড় ক্রয়াদেশ পেতে থাকে জাপান। এসব বিশেষ ক্রয়াদেশের মাধ্যমে অর্থনীতিতে কয়েক শ কোটি ইয়েন প্রবেশ করে। ফলে দেশটির অভ্যন্তরীণ বাজারে দ্রুত চাঙাভাব ফিরে আসে।

ভোক্তাদের মধ্যে সাশ্রয়ী মোটরচালিত যানবাহনের চাহিদা বাড়তে থাকে। সোইচিরো এই সুযোগ কাজে লাগান। টোকিওতে তিনি বড় একটি কারখানা স্থাপন করেন। এর মধ্যে উৎপাদনপ্রক্রিয়া আরও উন্নত করতে মিনিস্ট্রি অব ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির কাছে ডেভেলপমেন্টের জন্য ফান্ডের আবেদন করেন।

উৎপাদন লক্ষ্যমাত্রায় সন্তুষ্ট হয়ে ১৯৫০ সালে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি ৪ লাখ ইয়েন ডেভেলপমেন্ট অনুদান দেয়। পরে আরও ১ লাখ ইয়েন যোগ করা হয়।

রেসিং ট্র্যাক থেকে বিশ্ববাজারে 

মোটরবাইক উৎপাদনে তখন জাপানে আরও প্রতিষ্ঠান ছিল। তাদের মধ্যে ছিল তীব্র প্রতিযোগিতা। 

এই প্রতিযোগিতায় টিকে থাকতে মোটরসাইকেল নির্মাতাদের সংগঠন প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দেয়। যেখানে বলা হয়, যাদের মোটরবাইক দুর্বল তারা এই প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে। সুতরাং দুর্বল প্রতিষ্ঠানগুলো ব্যবসা থেকেও ছিটকে যাবে। 

আগ্নেয়গিরি বা পাহাড়ের চূড়ায় ওঠার রেস আয়োজন শুরু হলো। এসব আয়োজন ‘ভলকানো রেস’ নামে পরিচিতি পায়।

১৯৫৩ সালে প্রথম মাউন্ট ফুজি অ্যাসেন্ট রেসে অংশ নেন ৯৬ জন চালক। প্রতিযোগিতায় কয়েক ডজন মোটরসাইকেল অংশ নেয়।

সেই প্রতিযোগিতায় সুজুকি জয়ী হয়। তখন সোইচিরো বুঝতে পারেন, তার প্রতিষ্ঠানের ভবিষ্যতের জন্য রেসিং কতটা গুরুত্বপূর্ণ। কারণ, বিজয়ী নির্মাতারা জয়ের খবর ব্যাপকভাবে প্রচার করত। এতে ব্র্যান্ডের পরিচিতি ও জনপ্রিয়তা বাড়ত। মানুষ সেসব বিজ্ঞাপনে প্রভাবিত হতো। 

এবার রেসে জয়ী হওয়ার মতো বাইক তৈরিতে মনোযোগী হন সোইচিরো। ১৯৫৫ সালের মাউন্ট ফুজি অ্যাসেন্ট রেসে তার দলের বাইকাররা প্রথম, দ্বিতীয় ও পঞ্চম স্থান অর্জন করেন। 

একই সময়ে হোন্ডা ও ফুজিসাওয়া মিলে নতুন একটি মোটরযান তৈরির কাজ শুরু করেন। মডেলটির নাম এফ-টাইপ ‘কাব’। এটি ছিল সাধারণ ৫০ সিসির একটি জেন্টসুকি বাইক। এর ইঞ্জিন ছিল লাল রঙের। পেছনের চাকার পাশে বসানো ছিল সাদা রঙের জ্বালানি ট্যাংক।

হোন্ডার সবচেয়ে জনপ্রিয় সুপার কাব মডেল

আকর্ষণীয় নকশার কারণে ‘কাব’ ব্যাপক জনপ্রিয়তা পায়। এর চাহিদা মেটাতে হোন্ডাকে আবারও উৎপাদন সক্ষমতা বাড়াতে হয়। এ জন্য পশ্চিমা প্রযুক্তির যন্ত্রপাতি দিয়ে আরও তিনটি কারখানা স্থাপন করা হয়।

১৯৫২ সালে সোইচিরো যুক্তরাষ্ট্রে যান। সেখানে মোটরবাইক কারখানাগুলো ঘুরে দেখেন। সেখানে আরও আধুনিক মেশিন টুলসও তিনি কেনার ব্যবস্থা করেন। এ উদ্যোগে হোন্ডার উৎপাদন ক্ষমতা অনেক বেড়ে যায়। 

৫০-এর দশকের শেষ দিকে হোন্ডা ইউরোপ ও যুক্তরাষ্ট্রে মোটরবাইক ও স্কুটার রপ্তানি শুরু করে।

১৯৬০-এর দশকের শুরুতে ‘সুপার কাব’-এর মতো আকর্ষণীয় নকশার পণ্য এবং ‘You meet the nicest people on a Honda’—এর মতো বিজ্ঞাপনী স্লোগানের মাধ্যমে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের বাজারে শক্ত অবস্থান তৈরি করে।

সোইচিরো হোন্ডা তার স্বপ্ন পূরণ করেন। তিনি হয়ে ওঠেন বিশ্বের শীর্ষ মোটরসাইকেল বিক্রেতা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।

দীর্ঘ ২৪ বছর হোন্ডাকে একটি ছোট কারখানা থেকে বিশ্বের শীর্ষস্থানীয় অটোমোবাইল প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার ১৯৭৩ সালে সোইচিরো হোন্ডা এবং ফুজিসাওয়া তাকেও একসঙ্গে অবসর গ্রহণ করেন। 

জাপান থেকে চাকা ঘুরলো বাংলাদেশেও 

এই অঞ্চলে পাকিস্তানের শিল্পপতি ইউসুফ এইচ. শিরাজি ১৯৬২ সালে প্রতিষ্ঠা করেন  “শিরাজি ইনভেস্টমেন্টস প্রাইভেট লিমিটেড”। ১৯৬৩ সালে জাপানের টোকিওতে সোইচিরোর সঙ্গে ইউসুফ শিরাজি চুক্তি সই করেন। সেখানে হোন্ডা মোটর কোম্পানি ও শিরাজি গ্রুপের মধ্যে কারিগরি সহযোগিতার কথা বলা হয়। এরপরই যাত্রা শুরু  হয় অ্যালাস অটোস লিমিটেড। 

পাকিস্তানের শিল্পপতি ইউসুফ এইচ. শিরাজি ১৯৬২ সালে প্রতিষ্ঠা করেন শিরাজি ইনভেস্টমেন্টস প্রাইভেট লিমিটেড

হোন্ডা মোটরসের কারিগরি সহযোগিতায় ১৯৬৬ সালে টংগী শিল্প এলাকায় ৯ দশমিক ৬৭ একর জমির উপর ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠান হয় এটলাস লিমিটেড। স্বাধীনতার পর ১৯৭২ সালে পিও ২৭ আদেশ দিয়ে এই প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হয়। নাম হয় এটলাস বাংলাদেশ লিমিটেড বা এবিএল। দীর্ঘ ৪৪ বছর হোন্ডা মটরস কোম্পানি জাপানের সোল ডিস্ট্রিবিউটর হিসেবে হোন্ডা ব্র্যান্ডের বিভিন্ন মডেলের মোটরসাইকেলের সিকেডি যন্ত্রাংশ জাপান, ভারত এবং পাকিস্তান থেকে আমদানি করে নিজস্ব কারখানায় সংযোজন ও বিপণন করে আসছিল। 

হোন্ডার নিখুঁত জাপানি ইঞ্জিন, স্থায়িত্ব এবং অবিশ্বাস্য মাইলেজের কারণে এটি বাংলাদেশের মানুষের কাছে এতটাই অপরিহার্য হয়ে উঠেছিল যে, মানুষ ধরে নিয়েছিল দুই চাকার যেকোনো ইঞ্জিনচালিত বাহনই হলো 'হোন্ডা'। বাজারে যখন পরবর্তীতে অন্যান্য ব্র্যান্ডের বাইক আসা শুরু করল, ক্রেতারা দোকানে গিয়ে বলতেন, "ভাই, ইয়ামাহা কোম্পানির একটা হোন্ডা দ্যান।" ভাষা ও সংস্কৃতির এই মনোপলি বা 'ব্র্যান্ড জেনারেসাইড' হোন্ডাকে এ দেশের মানুষের অবচেতনে একচেটিয়া জায়গা করে দেয়।

ভারতীয় ব্র্যান্ডের দাপট 

২০০০ সালের পর বাংলাদেশের মোটরবাইক বাজারে এক বিশাল ভূ-রাজনৈতিক এবং বাণিজ্যিক শিফট ঘটে। এই সময়টাকে হোন্ডার জন্য এক প্রকার 'নীরবতার যুগ'  বলা যেতে পারে।

ওই সময় বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণির বিকাশ ঘটে। তরুণ প্রজন্মের মধ্যে স্টাইলিশ ও স্পোর্টি বাইকের চাহিদা বাড়ে। এই সুযোগটি লুফে নেয় ভারতের বাজাজ এবং টিভিএসের মতো কিছু ব্র্যান্ড। বাজাজ তাদের 'পালসার' সিরিজ দিয়ে দেশের তরুণদের মন জয় করে নেয়। ভারতীয় বাইকগুলোর পার্টস ছিল সস্তা, দাম ছিল নাগালের মধ্যে, এবং তাদের মাইলেজ ও ডিজাইন ছিল মধ্যবিত্তের বাজেট-বান্ধব।

এছাড়াও বাংলাদেশে মোটরসাইকেল আমদানির ওপর উচ্চ শুল্ক (কাস্টমস ডিউটি) কার্যকর ছিল। যেহেতু হোন্ডা তখন পুরোপুরি রেডিমেড অবস্থায় বাইরে থেকে বাইক আমদানি করত, তাই ট্যাক্সের কারণে তাদের প্রিমিয়াম বাইকগুলোর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যায়। অভিযোগ ছিল হোন্ডার পার্টস সহজে পাওয়া যেত না এবং দামও ছিল চড়া। 

চোখের পলকে বাংলাদেশের সিংহভাগ মার্কেট শেয়ার চলে যায় ভারতীয় ও পরবর্তীতে ইয়ামাহা-সুজুকির মতো অন্য জাপানি ব্র্যান্ডগুলোর হাতে, যারা স্থানীয় পরিবেশকদের সাথে দ্রুত অ্যাডাপ্ট করেছিল। হোন্ডা হয়ে পড়ে কেবলই এক নস্টালজিয়া।

‘মেড ইন বাংলাদেশ’ হয়ে প্রত্যাবর্তন 

জাপান নয়, এখন বলা হয় হোন্ডা হলো ‘মেইড ইন বাংলাদেশ’। 

জাপানি জায়ান্টরা কখনো চিরতরে হেরে যাওয়ার জন্য ব্যবসা করে না। সোইচিরোর প্রতিষ্ঠান হোন্ডা সে ঐতিহ্য ভুলে যায়নি। বাংলাদেশে শুরু করেছে দ্বিতীয় ইনিংস।  ২০১২ সালে জাপানের হোন্ডা মোটর কোম্পানি এবং বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন বা বিএসইসি-এর যৌথ উদ্যোগে গঠন করে "বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড"।   

তাদের মূল লক্ষ্য ছিল একটাই—পার্টস আমদানি করে নয়, এবার বাইক তৈরি হবে বাংলাদেশের মাটিতেই। ২০১৮ সালে মুন্সিগঞ্জের গজারিয়ায় ২৫ একর জমির ওপর উদ্বোধন করা হয় হোন্ডার নিজস্ব অত্যাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। 

বাংলাদেশে হোন্ডার প্ল্যান্ট

এখন শুধু দেশের বাজারেই নয়, বাংলাদেশ হোন্ডার ইতিহাস এক নতুন উচ্চতায় পৌঁছায়, যখন তারা মুন্সিগঞ্জের ফ্যাক্টরি থেকে সফলভাবে আন্তর্জাতিক বাজারে মোটরবাইক রপ্তানি শুরু করে।

একটি ব্র্যান্ড যখন সাধারণ ব্যবসা ছাড়িয়ে একটি দেশের সমাজ, ভাষা আর সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে, তখন তার পতন সাময়িক হতে পারে, কিন্তু হারিয়ে যাওয়া অসম্ভব। হোন্ডা প্রমাণ করে দিয়েছে যে, গুণগত মান আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে হারানো সিংহাসন ফিরে পাওয়া সময়ের ব্যাপার মাত্র।