উপকূলীয় মানুষের জন্য ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ  

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩০ পিএম

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ‘গ্রিন ক্লাইমেট ফান্ড’ (জিসিএফ) থেকে প্রথমবারের মতো অর্থ পেতে যাচ্ছে বাংলাদেশসহ ছয়টি দেশ। এর মধ্যে উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য ৩ কোটি ডলার পেতে যাচ্ছে বাংলাদেশ।

বুধবার তুরস্কের আন্তালিয়ায় এক্সপো সিটির বাংলাদেশ প্যাভিলিয়নে সাংবাদিকদের এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য সহজ শর্তে ও অনুদানভিত্তিক অর্থায়ন জরুরি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এসব দেশের জন্য পর্যাপ্ত ও অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করতে হবে।

এসময় উন্নত দেশ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) দাতাদের জলবায়ু অভিযোজন খাতে অর্থায়ন বাড়ানো এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়নের সুযোগ বৃদ্ধির দাবিও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ দুর্যোগ ঝুঁকি হ্রাস, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, স্থানীয় পর্যায়ে অভিযোজন এবং নিজস্ব অর্থায়নে জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে আগের থেকে এগিয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ নিজস্ব সম্পদ ব্যবহার করে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করেছে এবং ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের জলবায়ুসংশ্লিষ্ট ব্যয় চিহ্নিত করার ব্যবস্থা চালু করেছে।

দেশের মোট অভিযোজন ব্যয়ের প্রায় ৮৮ শতাংশ জাতীয় বাজেট থেকে নির্বাহ করা হচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এটি বাংলাদেশের নিজস্ব অঙ্গীকার ও প্রচেষ্টার প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, “আমরা দুটি মন্ত্রণালয় সম্মেলনকে কেন্দ্র করে একাধিক আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছি। আমাদের প্রধানমন্ত্রী জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সরকারের বৃক্ষরোপণের কথা তুলে ধরেছেন।”

প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে জলবায়ু অভিযোজন ও উন্নয়ন পরস্পর সম্পর্কযুক্ত। কার্যকর অভিযোজন ব্যবস্থা ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অগ্রগতি সুরক্ষিত রাখা সম্ভব নয়।

তিনি বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটলেও বাংলাদেশের জলবায়ু ঝুঁকি কমবে না। তাই অভিযোজন অর্থায়নে আন্তর্জাতিক সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন।