মানি ম্যাটার্স

ব্যাংক থেকে ঋণ নিতে হলে যা জানা জরুরি

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ এএম

অনেক কারণেই ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রয়োজন হতে পারে। কারও হয়তো জরুরি মোটা অঙ্কের টাকা প্রয়োজন, কেউ আবার হয়তো কোথাও বিনিয়োগ করতে চান, কিংবা গাড়ি বাড়ি কেনার পরিকল্পনা করছেন। প্রয়োজনের ধরন মোতাবেক ব্যাংকগুলো বিভিন্ন ধরনের ঋণ দিয়ে থাকে। 

তবে ঋণ নেওয়ার আগে একজন ব্যক্তিকে অনেকগুলো বিষয় বিবেচনা করতে হয়। শুধু কত টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে বা সুদের হার কত তা দেখলে হয় না। মাসিক কিস্তি, কত বছর ধরে ঋণ শোধ করতে হবে, কী জামানত রাখতে হবে, আর্থিক সচ্ছ্বলতা এসবও বিবেচনায় আনতে হবে। 

তার চেয়ে বড় প্রশ্ন ব্যাংকের চোখে কি সেই ব্যক্তি ঋণ পাওয়ার যোগ্য কি না। যেকোনো ধরনের ঋণ দেওয়ার আগে ব্যাংক শুরুতেই যেটা বিবেচনা করে, তা হলো, ঋণ প্রত্যাশী কি সময়মতো ঋণের টাকা শোধ করতে পারবে? 

এছাড়াও ঋণ প্রত্যাশীর বয়স, মাসিক বেতন, নিয়মিত আয়ের উৎস আছে কি না, কত বছর ধরে চাকরি করছেন, ঋণ দিলে মাসিক কিস্তি তার বেতনের কত শতাংশ হবে, কিস্তি দেওয়ার পর আবেদনকারীর হাতে পর্যাপ্ত অর্থ থাকবে কি না, এসব বিষয় বিবেচনা করে ব্যাংক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে যে উক্ত ব্যক্তিকে ঋণ দেওয়া যাবে কি না, আর দিলেও কী পরিমাণে। 

বাংলাদেশে ব্যক্তিগত প্রয়োজনে সবচেয়ে পরিচিত ঋণগুলোর একটি হলো পার্সোনাল লোন বা ব্যাক্তিগত ঋণ। এছাড়া বাড়ি বা ফ্ল্যাট কেনা কিংবা নির্মাণের জন্য রয়েছে হোম লোন বা গৃহ ঋণ। ব্যবসা, কৃষি ও অন্যান্য প্রয়োজনেও রয়েছে আলাদা ঋণসুবিধা।

পার্সোনাল লোন: ব্যক্তিগত প্রয়োজনে ঋণ

জরুরি কোনো খরচ, চিকিৎসা, বিয়ে কিংবা ব্যক্তিগত প্রয়োজনে অর্থের দরকার হলে পার্সোনাল লোন নেওয়া যেতে পারে। এ ধরনের ঋণ সাধারণত ব্যক্তির আয় ও ঋণ পরিশোধের সামর্থ্য বিবেচনা করে দেওয়া হয়। বড় অঙ্কের ঋণে একজন জামিনদারের প্রয়োজন হয়, যে কি না ব্যাংককে নিশ্চয়তা দিবে। কখনও কখনও ঋণের বিপরীতে কোনো সম্পদ জামানত হিসেবে রাখতে হয় ব্যাংকের কাছে। 

তবে ঋণের পরিমাণ কম হলে অনেক ব্যাংকেই জামিনদারের প্রয়োজন হয় না। বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী, ১০ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণে জামানতেরও প্রয়োজন নেই। 

ব্যাক্তিগত ঋণের সীমা একেক ব্যাংকে একেক রকম হয়। ব্যাংকভেদে সাধারণত ১ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত পার্সোনাল লোন বা ব্যক্তিগত ঋণ দেওয়া হয়। তবে লিকুইড সিকিউরিটি বা নগদ জামানতের ক্ষেত্রে এই সীমা খাটবে না। যেমন কারও যদি সেই ব্যাংকে এফডিআর করানো থাকে, তিনি যদি ওই এফডিআরের বিপরীতে ঋণ নেন, সেক্ষেত্রে তিনি চাইলে ৪০ লাখ টাকার চেয়ে বেশি অঙ্কের ঋণ নিতে পারবেন। 

তবে ব্যক্তিগত ঋণ যতই হোক না কেন, বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি এই ঋণ শোধের জন্য সর্বোচ্চ ৮ বছর সময় পাবে। ব্যক্তিগত ঋণে মুনাফার হার সাধারণত ১০ থেকে ১২ শতাংশ হয়ে থাকে। অনেক ব্যাংকে এর চেয়েও বেশি হতে পারে। 

আবেদনকারীর আর্থিক অবস্থা বিবেচনা করে ঋণের পরিমাণ নির্ধারণ করে ব্যাংক। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি থেকে আবেদনকারীর ঋণসংক্রান্ত তথ্য যাচাই করতে পারে ব্যাংক কর্তৃপক্ষ। আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া হয়ে থাকলে সেটির পরিশোধের ইতিহাসও ঋণ অনুমোদনের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।

হোম লোন: বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য

বাড়ি বানাতে চাইলে, কিংবা কোনো রেডি ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কিনতে চাইলে ব্যাংক থেকে হোম লোন বা গৃহ ঋণ নেওয়া যেতে পারে। সাধারণত কোনো আবাসিক সম্পত্তি কিনতে বা নির্মাণের পুরো টাকা জমাতে মধ্যবৃত্তের অনেক সময় লেগে যেতে পারে। এক্ষেত্রে গৃহ ঋণ অনেকভাবে সাহায্য করতে পারে। কেনা বা নির্মাণের পাশাপাশি সংস্কার ও সম্প্রসারণের জন্যও গৃহ ঋণ নেওয়া যায়।

আবাসিক সম্পত্তি কেনার ক্ষেত্রে ব্যাংক সাধারণত ৭০:৩০ অনুপাতে ঋণ দিয়ে থাকে। অর্থাৎ সম্পত্তির মূল্যের সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ব্যাংক থেকে ঋণ নেওয়া যাবে। বাকি ৩০ শতাংশ ব্যক্তির কাছে মজুদ থাকতে হবে। 

ঋণের পরিমাণ ও মেয়াদ ব্যাংকভেদে আলাদা হয়। সাধারণত ব্যাংকগুলো ৪ কোটি টাকা পর্যন্ত গৃহ ঋণ দিয়ে থাকে। ঋণ পরিশোধের মেয়াদ এক বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর। গৃহ ঋণের ক্ষেত্রে মুনাফার হার সাধারণত ব্যাংকভেদে ৯ থেকে ১৫ শতাংশ পর্যন্ত হয়ে থাকে। 

তবে হোম লোনের ক্ষেত্রে শর্তগুলো একটু কঠিন হয়। যেমন ব্যক্তিগত ঋণে ব্যক্তির মাসিক বেতন হয়তো ২৫ থেকে ৩০ হাজারের মধ্যে হলেই হয়, কিন্তু গৃহ ঋণের ক্ষেত্রে আরও বেশি হতে হবে।

এ ধরনের ঋণের বিপরীতে সাধারণত কেনা বা নির্মাণ করা সম্পত্তির দলিল ব্যাংকের কাছে বন্ধক রাখতে হয়। ঋণের পুরো অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত সম্পত্তিটি বন্ধকমুক্ত হয় না।

 ঋণ নেওয়ার আগে একজন ব্যক্তিকে অনেকগুলো বিষয় বিবেচনা করতে হয়।

অন্যান্য যেসব ঋণ পাওয়া যায়

ব্যক্তিগত ও আবাসন ঋণের বাইরেও বিভিন্ন পেশা ও ব্যবসার প্রয়োজনে ব্যাংক ঋণ দিয়ে থাকে। এর মধ্যে আছে কৃষি ঋণ, এসএমই বা ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঋণ, সিসি বা ক্যাশ ক্রেডিট লোন, করপোরেট লোন এমন আরও অনেক। 

কৃষিকাজের খরচ মেটানো, বীজ, সার, কীটনাশক কেনা, সেচের ব্যবস্থা, কৃষিযন্ত্র কেনা কিংবা গবাদিপশু ও মৎস্য খামার গড়ে তোলার জন্য কৃষি ঋণ দেওয়া হয়। কৃষক ও কৃষি খাতের উদ্যোক্তারা এ ঋণের জন্য আবেদন করতে পারেন। ঋণের পরিমাণ, সুদের হার ও পরিশোধের সময়সীমা নির্দিষ্ট প্রকল্প এবং ব্যাংকের শর্ত অনুযায়ী নির্ধারিত হয়।

এসএমই বা ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঋণ হলো ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জন্য। ব্যবসার কাঁচামাল কেনা, যন্ত্রপাতি সংগ্রহ, উৎপাদন বাড়ানো বা ব্যবসার চলতি খরচ মেটাতে এ ঋণ কাজে লাগে। ব্যবসার ধরন অনুযায়ী জামানতসহ কিংবা জামানত ছাড়া ঋণের ব্যবস্থা থাকতে পারে।

ব্যবসার দৈনন্দিন খরচ, পণ্য কেনা কিংবা চলতি মূলধনের প্রয়োজন মেটাতে সিসি বা ক্যাশ ক্রেডিট লোন নেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে ব্যাংক একটি নির্দিষ্ট ঋণসীমা অনুমোদন করে। ব্যবসায়ী সেই সীমার মধ্যে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারেন এবং সাধারণত যত টাকা ব্যবহার করা হয়, তার ওপর সুদ হিসাব করা হয়। এ ঋণের ক্ষেত্রে ব্যবসার লেনদেন, আর্থিক অবস্থা এবং জামানত বিবেচনা করা হয়।

আর বড় বড় প্রতিষ্ঠান ও শিল্পকারখানার বিভিন্ন আর্থিক প্রয়োজন মেটাতে দেওয়া হয় করপোরেট লোন। নতুন প্রকল্প শুরু, কারখানা স্থাপন, যন্ত্রপাতি কেনা কিংবা ব্যবসা সম্প্রসারণে এ অর্থ ব্যবহার করা যায়। ঋণের পরিমাণ ও শর্ত নির্ধারণে ব্যাংক কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা, ব্যবসার সম্ভাবনা এবং ঝুঁকি বিবেচনা করে। 

বুঝে শুনে ঋণ নিতে হবে

ঋণ নেওয়ার সিদ্ধান্তের আগে কয়েকটি বিষয় ভালোভাবে যাচাই করা প্রয়োজন।

প্রথমত, শুধু মাসিক কিস্তি কত হবে, সেটা দেখলেই হবে না। পুরো ঋণের মেয়াদে মোট কত টাকা সুদ দিতে হবে, সেটাও হিসাব করা জরুরি। কারণ, ঋণ পরিশোধের মেয়াদ বাড়ালে মাসিক কিস্তির পরিমাণ কমতে পারে, কিন্তু মোট সুদের পরিমাণ বেড়ে যেতে পারে।

দ্বিতীয়ত, ঋণের সুদের হার ছাড়াও প্রসেসিং ফি, আগাম ঋণ পরিশোধের চার্জ, বিলম্বে কিস্তি দেওয়ার জরিমানা এবং অন্যান্য খরচও যোগ হতে পারে। এসব সম্পর্কে আগে থেকে জেনে নিতে হবে।

তৃতীয়ত, আবেদন করার আগে দেখতে হবে ঋণের কিস্তি মাসিক আয়ের কত শতাংশ হয়। কিস্তি দিতে গিয়ে যদি আর্থিক সংকটে পড়তে হয়, তাহলে দীর্ঘমেয়াদী এই ঋণের বোঝা টানা প্রায় অস্মভব হয়ে পড়বে। তাই আগেই বুঝে নিতে হবে, ঋণের কিস্তি কোনো অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করে কি না। নিয়মিত আয় ও অন্যান্য খরচের হিসাব করে তবেই ঋণের পরিমাণ নির্ধারণ করা উচিত।

সবশেষে, ঋণের আবেদন করার আগে একাধিক ব্যাংকের ঋণসুবিধা, সুদের হার, মেয়াদ ও শর্ত তুলনা করে দেখা ভালো। কারণ, একই ধরনের ঋণের ক্ষেত্রে ব্যাংকভেদে সুবিধা ও শর্তে পার্থক্য থাকতে পারে। 

ঋণ আর্থিক প্রয়োজন মেটানোর একটি ভালো উপায় হলেও, সময়মতো কিস্তি পরিশোধ করতে না পারলে এই ঋণই ব্যক্তির উপর এক অসহনীয় বোঝা হয়ে উঠতে পারে। তাই প্রয়োজন ও পরিশোধের সামর্থ্য বুঝেই ঋণ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত।