যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার আশা এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম মার্চের শুরু থেকে সবচেয়ে কম পর্যায়ে নেমে এসেছে।
১৭ই জুন ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ২৪ ডলারে নেমে এসেছে। এর আগে টানা দুই দিনও তেলের দাম প্রায় ৫ শতাংশ করে কমেছিল।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে- যুদ্ধ শুরুর পর তেলের দাম অনেক বেড়ে গেলেও এখন বিনিয়োগকারীরা মনে করছেন, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে। মূলত এজন্যই কমতে শুরু করেছে তেলের দাম।
বিশ্লেষকদের মতে, আনুষ্ঠানিক সইয়ের অপেক্ষায় রয়েছে ইরান - যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি। যে চুক্তি হলে বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি আবারো স্বাভাবিক হয়ে উঠবে। আর সেটা হলে তেল সরবরাহ বাড়বে এবং বাজারে ফিরবে স্বস্তি।
তবে বিশেষজ্ঞরা বলছেন, চুক্তি হলেও সবকিছু দ্রুত স্বাভাবিক হবে না। যুদ্ধের কারণে অনেক জাহাজ আটকে আছে এবং সমুদ্রপথ নিরাপদ করতে সময় লাগবে।
তাই তেলের দাম কমলেও বৈশ্বিক জ্বালানি বাজার পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক সপ্তাহ বা মাস সময় লাগতে পারে।



