বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড: এএফপি

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৯ পিএম

২০২৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, ভারত সফরে যেতে অস্বীকৃতি জানালে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে খেলানোর প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ২১এ জানুয়ারি।

ঢাকায় এক সপ্তাহের ব্যবধানে বিসিবির সঙ্গে আইসিসির দ্বিতীয় দফা আলোচনায় এই সময়সীমার কথা জানানো হয়েছে। প্রায় তিন সপ্তাহ ধরে চলা অচলাবস্থার বিষয়ে আলোচনায় সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশ কী সিদ্ধান্ত নেয়, সেটির ওপরই পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে।

ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারত সফরে যেতে অস্বীকৃতি জানায়, তাহলে বর্তমান র‌্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ডকে বিকল্প দল হিসেবে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হতে পারে। আইসিসির সূত্র এএফপিকে জানিয়েছে, বাংলাদেশ না খেললে বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‌্যাঙ্কিংধারী স্কটল্যান্ডকেই নেওয়া হবে।

এই আলোচনায় বিসিবি বিশ্বকাপে খেলতে আগ্রহের কথা জানিয়েছে। তবে তারা ভারতের বাইরে ম্যাচ আয়োজনের দাবিতে অনড় রয়েছে। সহ আয়োজক শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরের প্রস্তাব দিলেও আইসিসি মূল সূচি পরিবর্তনে রাজি হয়নি। নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ রয়েছে গ্রুপ সি তে।

সূচি অনুযায়ী বাংলাদেশের উদ্বোধনী ম্যাচ ৭ই ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে। একই মাঠে ৯ ও ১৪ই ফেব্রুয়ারি ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার কথা রয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৭ই ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে।

ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিসিবি উদ্বেগ জানালেও আইসিসি বলছে, বাংলাদেশের জন্য নির্দিষ্ট কোনো হুমকির তথ্য তাদের কাছে নেই। একটি স্বাধীন নিরাপত্তা সংস্থার প্রতিবেদনে ভারতের সামগ্রিক ঝুঁকিকে মাঝারি থেকে উচ্চ বলা হলেও কোনো দলের বিরুদ্ধে আলাদা হুমকির কথা উল্লেখ করা হয়নি।

এই প্রেক্ষাপটে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের বিষয়টি আলোচনায় আসে। বাংলাদেশি ও ভারতীয় গণমাধ্যমে বলা হয়, আইসিসি ও বিসিবির মধ্যে এ নিয়ে কথা হয়েছে। তবে ক্রিকেট আয়ারল্যান্ডের বরাত দিয়ে ক্রিকবাজ জানিয়েছে, তারা মূল সূচি থেকে সরে আসতে রাজি নয়।

ক্রিকবাজকে ক্রিকেট আয়ারল্যান্ড জানায়, বিশ্বকাপে অংশগ্রহণের জন্য গ্রুপ অদলবদলের প্রস্তাব দেওয়া হলেও তারা তা প্রত্যাখ্যান করেছে। নির্ধারিত সূচি অনুযায়ী আয়ারল্যান্ডের চারটি ম্যাচই হওয়ার কথা শ্রীলঙ্কায়।

এদিকে পাকিস্তানের কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ভারতে ম্যাচ না খেলার দাবিতে বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে পাকিস্তান। দাবি পূরণ না হলে বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ নিয়েও পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছে দেশটি।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ধর্মীয় ও রাজনৈতিক বিরোধিতার মুখে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। এরপর আইপিএল ২০২৬ এর জন্য তাকে দল থেকে বাদ দেয় কেকেআর।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, যেখানে চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও একজন বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে পারেন না, সেখানে পুরো জাতীয় দলের জন্য বিশ্বকাপে খেলতে যাওয়া নিরাপদ মনে নাও হতে পারে। তিনি বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের দাবিও জানান।

সব মিলিয়ে ক্রিকেটের পাশাপাশি আঞ্চলিক রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতি বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। এখন নজর ২১এ জানুয়ারির দিকে, সেদিনই আসতে পারে এই জটিলতার চূড়ান্ত সিদ্ধান্ত।