করমর্দন না হওয়ার ঘটনা অনিচ্ছাকৃত: বিসিবি

আইসিসির সঙ্গে বৈঠকে গ্রুপ পরিবর্তনের বিষয়টি আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে বিসিবি।

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৭ পিএম

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টসের সময় বাংলাদেশ ও ভারতের অধিনায়কদের মধ্যে করমর্দন না হওয়া নিয়ে তৈরি হওয়া আলোচনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ঘটনাটি ছিল ‘অনিচ্ছাকৃত' এবং এতে কোনো ধরনের 'অসৌজন্য বা প্রতিপক্ষকে অবজ্ঞা' করার উদ্দেশ্য ছিল না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অসুস্থতার কারণে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম টসে উপস্থিত থাকতে পারেননি। তার পরিবর্তে সহ-অধিনায়ক জাওয়াদ আবরার দলের প্রতিনিধিত্ব করেন। এ সময় প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে করমর্দন না হওয়াটা ছিল ক্ষণিকের অসতর্কতা ও মনোযোগ বিচ্যুতির ফল।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে হওয়া এই ম্যাচে ভারতের কাছে ডিএলএস পদ্ধতিতে ১৮ রানে হেরেছে বাংলাদেশ।

বিসিবি আরও জানিয়েছে, বিষয়টিকে তারা গুরুত্বের সঙ্গে দেখছে। ক্রিকেটের চেতনা, প্রতিপক্ষের প্রতি সম্মান ও সৌহার্দ্য বজায় রাখা বাংলাদেশের হয়ে যেকোনো পর্যায়ে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে মৌলিক শর্ত। এ কারণে টিম ম্যানেজমেন্টকে তাৎক্ষণিকভাবে বিষয়টি জানানো হয়েছে এবং খেলোয়াড়দের ভবিষ্যতে সব ধরনের পারস্পরিক আচরণে সর্বোচ্চ ক্রীড়াসুলভ মান বজায় রাখার বিষয়ে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

বিবৃতিতে বিসিবি বলেছে, মাঠে ও মাঠের বাইরে ক্রিকেটের মূল্যবোধ রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ।

বিসিবি-আইসিসি বৈঠক 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের সফরে যেতে অস্বীকৃতি জানিয়ে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের প্রস্তাব দিলেও এতে আইসিসি কিংবা আয়ারল্যান্ডের সম্মতি মেলেনি। 

আয়ারল্যান্ড ক্রিকেট জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের নির্ধারিত সূচি অনুযায়ী তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই অনুষ্ঠিত হবে এবং এই সূচি বদলানো হচ্ছে না। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ বিষয়ে আয়ারল্যান্ডকে নিশ্চিত আশ্বাস দিয়েছে বলে জানিয়েছে আয়ারল্যান্ডের ক্রিকেট নিয়ন্ত্রক।

বর্তমান সূচি অনুযায়ী আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ সি-তে, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান।

অন্যদিকে বাংলাদেশ গ্রুপ বি-তে খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালির বিপক্ষে। এই ম্যাচগুলো আয়োজনের কথা রয়েছে কলকাতা ও মুম্বাইয়ে।

বিসিবি জানিয়েছে, আইসিসির সঙ্গে বৈঠকে গ্রুপ পরিবর্তনের বিষয়টি আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি।