সাফ চ্যাম্পিয়নশিপ

২৩ বছর পর শিরোপার স্বপ্ন, ফাইনালের পথে বাংলাদেশের সামনে পাকিস্তান

একসময় দেশের ফুটবল মানেই ছিল গ্যালারিভর্তি দর্শক। আবাহনী-মোহামেডানের দ্বৈরথ, মাঠজুড়ে উন্মাদনা, একেক গ্যালারিতে দল অনুযায়ী ভক্তদের ভিড়ভাট্টা- আজও মানুষের মুখে মুখে ফেরে সেসব গল্প। তবে নব্বইয়ের দশকের শেষদিকে ক্রিকেট ধীরে ধীরে দখল করে নেয় সেই জনপ্রিয়তার জায়গা। অন্যদিকে, দীর্ঘদিন জাতীয় দলের হতাশাজনক পারফরম্যান্স, অব্যবস্থাপনা, বিনিয়োগের অভাবে ফুটবল যেন ব্রাত্য হয়ে ওঠে। তবে সাম্প্রতিক সময়ে যেন নতুন করে জেগে উঠেছে সেই হারানো ফুটবলের আবেগ। নতুন কিছু মুখ আর দলীয় ছন্দবদ্ধ ফুটবল আবারও যেন বলছে, ফুটবলে বাংলাদেশকে পাত্তা না দেওয়ার দিন আর নেই। সেই জাগরণকেই ২৩ বছর পর দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বে রূপ দেওয়ার হাতছানি।

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম

চলতি সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে ভুটানকে ১-০ গোলে হারিয়ে অভিযান শুরু করে দলটি নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। বুধবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই অর্ধে দুটি করে গোল করে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেন হামজা চৌধুরীরা। বাংলাদেশের হয়ে গোল করেছেন শামিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন। ফারহান আলী ওয়াহিদ এমন এক গোল করেছেন, যা নিয়ে রীতিমতো মুগ্ধ সবাই। শ্রীলংকার কোচ তো বলেই বসেছেন, ফারহান আগামী এক দশক দক্ষিণ এশিয়ার ফুটবলে রাজত্ব করতে চলেছেন।

ম্যাচের শুরুতেই শামিতের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন হামজা। দ্বিতীয়ার্ধে ফারহান আলী ওয়াহিদের দুর্দান্ত একক নৈপুণ্যের গোলটি ম্যাচের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। ৮৭ মিনিটে সুজন পেরেরাকে চিপ করে শেষ গোলটি করেন রাকিব। এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

আশি-নব্বইয়ের দশকে আবাহনী-মোহামেডানের দ্বৈরথ ঘিরে ফুটবল মাঠে যে উন্মাদনা দেখা যেত, তা ছিল দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম আকর্ষণ। ২০০৩ সালে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের সামর্থ্যের প্রমাণও দিয়েছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ খরা, অব্যবস্থাপনা ও পর্যাপ্ত বিনিয়োগের অভাবে পিছিয়ে পড়ে জাতীয় দল। একপর্যায়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৯৭ নম্বরেও নেমে গিয়েছিল।

সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর পথে নতুন সম্ভাবনা তৈরি করেছে প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের অন্তর্ভুক্তি। অবশ্য এই যাত্রার শুরু আরও আগে। ২০১৩ সালে ডেনমার্কে বেড়ে ওঠা জামাল ভূঁইয়া প্রথমবারের মতো দেশের বাইরে গড়ে ওঠা ফুটবলার হিসেবে বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে তোলেন। বলা যেতে পারে, তার হাত ধরেই জাতীয় দলে প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তির পথ তৈরি হয়। সেই ধারায় এখন এসেছেন আরও নতুন তারকারা, আর তাদের সুবাদে দেশের ফুটবলে এখন নতুন জোয়ার।

২০২৫ সালে ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা ও প্রিমিয়ার লিগের তারকা ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। একই বছর জাতীয় দলে যোগ দেন কানাডায় জন্ম ও বেড়ে ওঠা শামিত সোম। তার গল্পটাও বেশ আলাদা। কানাডার বয়সভিত্তিক দল পেরিয়ে ২০২০ সালে দেশটির সিনিয়র জাতীয় দলের হয়েও দুটি ম্যাচ খেলেছেন তিনি। ২০১৭ সালে এমএলএসের ক্লাব মন্ট্রিয়ল ইমপ্যাক্ট তাকে ড্রাফটের মাধ্যমে দলে নেয়। সেখানে ২০১৯ সালে কানাডিয়ান চ্যাম্পিয়নশিপ জেতেন শামিত। পরে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে তিন মৌসুম কাটিয়ে ২০২৩ সালে লিগ শিল্ড এবং ২০২৪ সালে লিগ শিরোপা জেতেন। এত কিছুর পরও নিজের শিকড়ের টানে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন এই মিডফিল্ডার। ফিফার অনুমতি পাওয়ার পর ২০২৫ সালের জুনে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তার। ২০২৬ সালে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক কসমসে।

এদিকে, ইংল্যান্ডে বেড়ে ওঠা ফারহান আলী ওয়াহিদ বাংলাদেশের ফুটবলের নতুন প্রজন্মের সম্ভাবনার প্রতীক হয়ে দাঁড়িয়েছ ইতিমধ্যেই। মাত্র ১৯ বছর বয়সেই সিনিয়র ফুটবলে নিজের জায়গা তৈরি করছেন তিনি। ফুলহ্যাম থেকে ধারে চলতি মৌসুমে ন্যাশনাল লিগের দল বোরহাম উডে যোগ দিয়েছেন এই তরুণ। সিনিয়র পর্যায়ে প্রথম মৌসুমেই পাচ্ছেন নিয়মিত প্রতিযোগিতামূলক ফুটবলের অভিজ্ঞতা। তবে আন্তর্জাতিক মঞ্চে এরই মধ্যে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন ফারহান। মৌসুমের শুরুতে প্রথমবার জাতীয় দলে ডাক পান তিনি। মালয়েশিয়ার বিপক্ষে অভিষেকের পর ইন্দোনেশিয়ার বিপক্ষে করেন নিজের প্রথম আন্তর্জাতিক গোল। এবার শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়ে তার দুর্দান্ত একক নৈপুণ্যের গোলটি আবারও আলোচনায় এনেছে তাকে। সিনিয়র ফুটবলে প্রথম মৌসুম, জাতীয় দলে অভিষেক, আন্তর্জাতিক গোল। মাত্র ১৯ বছর বয়সেই একের পর এক অভিজ্ঞতা যোগ হচ্ছে তার ক্যারিয়ারে। মৌসুমের অর্ধেকও এখনো পেরোয়নি। ফলে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়ার মতো আরও অনেক কারণ তৈরি করছেন এই তরুণ।

তাদের প্রত্যেকের বেড়ে ওঠা ও ফুটবল-অভিজ্ঞতা আলাদা। কেউ ইংল্যান্ডের প্রতিযোগিতামূলক ফুটবল কাঠামোয়, কেউ আবার উত্তর আমেরিকার ফুটবল পরিবেশে নিজেদের তৈরি করেছেন। তাঁদের আগমন শুধু জাতীয় দলে নতুন প্রতিভা যোগ করেনি, বরং বাংলাদেশের ফুটবলে এনেছে ভিন্ন অভিজ্ঞতা, কৌশল ও প্রতিযোগিতার সুযোগ। সেইসাথে, দেশের বাইরে ছড়িয়ে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিভাদের জাতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ার নতুন দরজাও খুলে দিয়েছে। বাংলাদেশের ফুটবল ধীরে ধীরে আন্তর্জাতিক ফুটবলের বৈচিত্র্য আর ধারালো দক্ষতার এক প্ল্যাটফর্ম হয়ে উঠছে।

গত বছরের নভেম্বরে ২২ বছর পর ভারতকে ১-০ গোলে হারানো ছিল সেই পরিবর্তনের বড় উদাহরণ। এবার শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয় যেন সেই আত্মবিশ্বাসেরই আরেকটি প্রতিফলন।

এবার সামনে পাকিস্তান। আজ শনিবার রাত ৮টা ৩০ মিনিটে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে জিতলেই ফাইনালের টিকিট নিশ্চিত করবে বাংলাদেশ। অন্য সেমিফাইনালে বিকেল ৩টায়  ভুটানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফলে ফাইনালে ভারতের বিপক্ষে আরেকটি লড়াইয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

২০০৩ সালের পর আর সাফের শিরোপা জেতা হয়নি বাংলাদেশের। ২৩ বছরের অপেক্ষা ঘোচানোর পথে এখন আর মাত্র দুটি বাধা। পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠতে পারলে সেই স্বপ্ন পূরণের আরও কাছে পৌঁছে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা। দেশের ফুটবলে নতুন করে ফিরে আসা উন্মাদনা এবার শিরোপার উৎসবে রূপ নেয় কি না, সেটিই দেখার অপেক্ষা।