প্রযুক্তিত্রুটিতে নজিরবিহীন ফ্লাইট বিপর্যয়, যুক্তরাষ্ট্রের ওপর ৫০ বিলিয়ন ডলারের খড়গ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দেশব্যাপী উড়োজাহাজ চলাচল বন্ধের ঘটনা বিরল। সর্বশেষে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল ২০২৩ সালের জানুয়ারিতে। এর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর দেশটির আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে এবারের ঘটনা আবারো সামনে এনেছে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার সক্ষমতা ও নিরাপত্তা নিয়ে।

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম

আকাশে তখন সাড়ে তিন হাজার বিমান। ঠিক ওই মুহূর্তে সামান্য এক রাউটারের ত্রুটিতেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশ, সবাইকে নেমে আসতে হবে মাটিতে, যত দ্রুত সম্ভব।

আকস্মিক ঘোষণায় বন্ধ হয়ে যায় গ্রাউন্ডে থাকা ফ্লাইটের টেইক অফ। যেগুলো উড়ছিলো সেগুলোও ল্যান্ড করে বিভিন্ন এয়ারপোর্টে।

বিপাকে পড়লেন ১৫ লাখ মানুষ। আর সামনে এলো পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের ঠুনকো কারণের এক দুর্বলতা।

যুক্তরাষ্ট্রের এই ত্রুটি সামনে আসতেই জানা গেলো, এটি সারাতে লাগবে এমন অংকের অর্থ, পৃথিবীর অনেক দেশের জাতীয় বাজেটও ততো না।

মার্কিন সেক্রেটারি অব ট্রান্সপোর্টেশন জানিয়েছেন এই প্রযুক্তিত্রুটি সারাতে বরাদ্দ লাগবে ৫০ বিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ কোটি টাকা বেশি।

সেখানে পাকিস্তান, হাঙ্গেরি, কুয়েত, ভিয়েতনাম কিংবা আফগানিস্তানসহ বিশ্বের অনেক দেশের জাতীয় বাজেট ৫০ বিলিয়ন ডলারের কম।

দেশটির আকাশপথে সাড়ে চার ঘণ্টার অচলাবস্থা এই প্রয়োজনীয়তাকে সামনে এনেছে। পুরোনো প্রযুক্তি ও যোগাযোগব্যবস্থার ত্রুটিতে ১১ হাজারের বেশি ফ্লাইট বিলম্ব বা বাতিল হওয়ার পর উড়োজাহাজ চলাচলব্যবস্থার ঢেলে সাজানোর তাগিদ দিয়েছেন।

অচলাবস্থার চার থেকে পাঁচ ঘণ্টা আগে হোয়াইট হাউস ও পরিবহন বিভাগ ৩০ দশমিক ১ বিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাব দিয়েছিল।

শুক্রবার বিকালে এমন অচলাবস্থা তৈরি হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বিমান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়। একপর্যায়ে দেশটির ২২টি আঞ্চলিক এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারের কার্যক্রমই এই সমস্যায় পড়ে।

প্রায় সাড়ে চার ঘণ্টা পর শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে আকাশপথ খুলে দেওয়ার ঘোষণা আসে। তবে উড়োজাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দেশব্যাপী উড়োজাহাজ চলাচল বন্ধের ঘটনা বিরল। সর্বশেষে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল ২০২৩ সালের জানুয়ারিতে। এর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর দেশটির আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে এবারের ঘটনা আবারো সামনে এনেছে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার সক্ষমতা ও নিরাপত্তা নিয়ে। 

যুক্তরাষ্ট্রে এ ধরনের বিপর্যয় ঠেকাতে পুরো উড়জাহাজ চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা ঢেলে সাজানোর কথা বলছে দেশটির সেক্রেটারি অব ট্রান্সপোর্টেশন।

৫০ বিলিয়ন ডলার দিয়ে কী হবে

ইউএস সেক্রেটারি অব ট্রান্সপোর্টেশন শন ডাফি বলেছেন, যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম ঢেলে সাজানোর জন্য ৫০ বিলিয়ন ডলার বরাদ্দ প্রয়োজন। 

তার বরাদ্দ চাওয়ার আগেই হোয়াইট হাউস ও পরিবহন বিভাগ ৩০ দশমিক ১ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিল।

৩০ দশমিক ১ বিলিয়ন ডলার দিয়ে কি কাজ করবে সেটা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে।

সেখানে বলা হয়েছে, ১০ দশমিক ১ ডলার দিয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম আধুনিকায়ন করবে। যার মধ্যে ৭ দশমিক ২ বিলিয়নে সব নিয়ন্ত্রণ কেন্দ্রে অভিন্ন অটোমেশন প্লাটফর্ম ও কন্ট্রোলারদের নতুন ওয়ার্কস্টেশন। আর ২ বিলিয়ন ডলারে ক্লাউড কম্পিউটিং অবকাঠামো। 

২ বিলিয়নে কন্ট্রোল টাওয়ার উন্নয়ন। ১৮ বিলিয়নে বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন। যার মধ্যে পুরোনো টার্মিনাল আধুনিকায়ন ও বিমানবন্দর সংশ্লিষ্ট প্রকল্প। 

তবে মন্ত্রীর ৫০ বিলিয়ন ডলারের নতুন দাবির পুরো অর্থ কোন খাতে ব্যয় করা হবে তার বিস্তারিত প্রকাশ করা হয়নি। 

আকাশপথ বন্ধ হয়েছিল কেন

স্থানীয় সময় শুক্রবার বিকাল। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইটের সময়সূচিতে বিপর্যয় দেখা দিতে শুরু করে। প্রথম দিকে বিষয়টি সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।

 শন ডাফি তখন সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, যুক্তরাষ্ট্রের সব উড়োজাহাজ রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টারের যোগাযোগব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে। কারিগরি দল বিষয়টি নিয়ে কাজ করছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, টেলিযোগাযোগব্যবস্থায় সাময়িক বিভ্রাটের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দেশজুড়ে উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এফএএর বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্বাভাবিক পরিস্থিতি ও নিরাপত্তার স্বার্থে এই নির্দেশ দেওয়া হয়েছে।

শন ডাফি জানান, সমস্যাটি দেখা দেওয়ার সময় আকাশে তিন হাজার ৫০০টির বেশি উড়োজাহাজ ছিল। পরে সেগুলোকে নিরাপদে অবতরণের ব্যবস্থা করা হয়।

তবে শুধু আকাশে থাকা উড়োজাহাজ নয়, বিমানবন্দরগুলোতেও দ্রুত পরিস্থিতির অবনতি ঘটে। কোথাও যাত্রীরা ওঠার পর আবার নামিয়ে দেওয়া হয়। কোথাও উড়োজাহাজ উড়বে এমন সময় বন্ধ করে রানওয়েতে রাখা হয়। যাত্রীরা জানতেই পারছিলেন না তারা কখন গন্তব্যে পৌঁছাবেন।

দেশটির বিভিন্ন বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষায় থাকতে হয় যাত্রীদের। কেউ বিকল্প ফ্লাইট খুঁজতে থাকেন, কেউ আবার কাছাকাছি হোটেলে থাকার ব্যবস্থা করে।  

শন পি. ডাফি, ইউএস সেক্রেটারি অব ট্রান্সপোর্টেশন।

কী বলছেন মার্কিন সেক্রেটারি অব ট্রান্সপোর্টেশন

শুক্রবার সন্ধায় হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিনকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন মার্কিন সেক্রেটারি অব ট্রান্সপোর্টেশন শন ডাফি।

শন ডাফি বলেন, দেশজুড়ে রাডার, যোগাযোগ ব্যবস্থা ও কেন্দ্রগুলোতে আমরা অস্থিতিশীলতার মুখোমুখি হয়েছি। রাউটার থেকে অসামঞ্জস্যপূর্ণ তথ্য আসতে শুরু করায় এফএএ সারা দেশে ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেয়।

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা অত্যন্ত পুরোনো। রাউটারগুলো অতিরিক্ত তথ্যের চাপ সামলাতে না পেরে অসংগতিপূর্ণ তথ্য দিতে শুরু করে। এ কারণে ব্যবস্থা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়, বলেন ডাফি।

পরে রাত ৮টা ১৫ মিনিটে আকাশপথ খুলে দেওয়ার ঘোষণা দিয়ে ডাফি বলেন, সমস্যাটি শনাক্ত করা হয়েছে। এখন সব সচল আছে। তবে বিপর্যয়ের প্রভাব কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে।   

তার ভাষায়, আকাশপথ খুলে দেওয়া গেলেও সবকিছু আগের অবস্থায় ফিরিয়ে আনতে কিছুটা সময় প্রয়োজন।

শুধু তা-ই নয়, ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না, সেই নিশ্চয়তাও দিতে পারেননি পরিবহনমন্ত্রী। বরং এ ধরনের বিপর্যয় ঠেকাতে পুরো উড়জাহাজ চলাচল  নিয়ন্ত্রণব্যবস্থা নতুন করে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি।

ডাফি কংগ্রেসের কাছে এ জন্য জরুরি ভিত্তিতে অর্থ বরাদ্দের আহ্বান জানান। তাঁর মতে, পুরোনো প্রযুক্তির ওপর নির্ভর করে যুক্তরাষ্ট্রের এত বড় বিমান চলাচলব্যবস্থা পরিচালনা করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

শন ডাফি জানান, যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম ঢেলে সাজানোর জন্য ৫০ বিলিয়ন ডলার বরাদ্দ প্রয়োজন।

সাইবার হামলা নাকি প্রযুক্তিগত বিপর্যয়?

নাইন ইলেভেনের পর এত সময় ধরে বন্ধ থাকেনি যুক্তরাষ্ট্রের আকাশপথ। তাই প্রশ্ন ওঠে এটা কি কোনো সাইবার হামলা?

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি  মার্কওয়েন মুলিন বলেন, প্রাথমিক তদন্তে কোনো নাশকতা বা সাইবার হামলার ইঙ্গিত পাওয়া যায়নি।

মার্কিন সেক্রেটারি অব ট্রান্সপোর্টেশনের সঙ্গে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ নেই, যা থেকে বলে যায় যুক্তরাষ্ট্রের উড়জাহাজ চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় কেউ ইচ্ছেকৃতভাবে হামলা চালিয়েছে। আপাতত এটাকে টেলিযোগাযোগব্যবস্থার বিভ্রাট হিসেবে দেখা হচ্ছে।

তবে তদন্ত পুরোপুরি শেষ না হওয়ায় হামলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি তিনি। তাঁর বক্তব্য, সবকিছু এখনো নিশ্চিত নয়।

মুলিনের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় যেসব উড়োজাহাজ আকাশে ছিল, সেগুলো নিরাপদে অবতরণ করেছে। তাই যাত্রীদের স্বজনদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলেও আশ্বস্ত করেন তিনি।

তবে এফএর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, নতুন প্রযুক্তি যুক্ত করার সময় পুরোনো ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছিল। এ কারণে যোগাযোগ ও রাডার তথ্য আদান-প্রদানে সমস্যা দেখা দেয়।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, এর সূত্রপাত শিকাগোর মিডওয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের রাউটারের সমস্যা থেকে। এরপর টা তা অন্য অঞ্চলে ছড়িয়ে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে।

এই প্রযুক্তিত্রুটি সারাতে বরাদ্দ লাগবে ৫০ বিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ কোটি টাকার বেশি।

আর কবে ঘটেছিল এমন বিপর্যয় 

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচল বন্ধের বিরল ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে বড় ঘটনা ২০০১ সালের ১১ সেপ্টেম্বর।  

সেদিন আল কায়েদার সন্ত্রাসীরা ছিনতাই করা উড়োজাহাজ দিয়ে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে হামলা চালায়। হামলার পর যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ দ্রুত আকাশে থাকা সব উড়োজাহাজকে নিকটতম বিমানবন্দরে অবতরণের নির্দেশ দেয়।

সেদিন সকাল ৯টা ৪৫ মিনিটে এফএর পক্ষ থেকে আকাশে থাকা উড়োজাহাজগুলোকে অবতরণের নির্দেশ দেওয়া হয়। পরে সকাল ১১টা ৬ মিনিটে যুক্তরাষ্ট্রের জাতীয় আকাশসীমায় সব ধরনের বিমান চলাচল স্থগিত করে এফএ।

প্রায় দুইদিন দেশটির বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ থাকে। ২০০১ সালের ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় বাণিজ্যিক ফ্লাইট চলাচলের জন্য আকাশসীমা আবার খুলে দেওয়ার ঘোষণা দেন তৎকালীন পরিবহনমন্ত্রী নরম্যান মিনেটা।

তখন সব বিমানবন্দরে একসঙ্গে ফ্লাইট চালু করা হয়নি। নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করার পর ধাপে ধাপে বিমানবন্দরগুলো খুলে দেওয়া হয়। যাত্রী ও লাগেজ তল্লাশী, বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ও প্রবেশাধিকার নিয়ন্ত্রণের মতো নতুন নিয়ম চালু করা হয়। 

নাইন ইলেভেনের পর প্রায় ৪৮ ঘন্টা বন্ধ ছিল উড়োজাহাজ চলাচল। সেই সময়ে সঙ্গে এবারের ঘটনার বড় পার্থক্য আছে। ২০০১ সালে সন্ত্রাসী হামলার আশঙ্কার কারণে আকাশে থাকা উড়োজাহাজ অবতরনের নির্দেশ দেওয়া হয়। আর এবার যোগাযোগব্যবস্থার ত্রুটির কারণে নতুন উড্ডয়ন বন্ধ রাখা হয় আর আকাশে থাকা উড়োজাহাজ নিরাপদে অবতরণের সুযোগ দেওয়া হয়েছে। 

এরপরের ঘটনা ২০২৩ সালের ১১ জানুয়ারিতে। সেদিন উড়োজাহাজ চলাচলে বড় ধরণের বিপর্যয় দেখা দেয়। এফএর নোটিশ টু এয়ার মিশনস (নোটাম) ব্যবস্থায় ত্রুটি দেখা দিয়েছিল। পাইলটদের জন্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা তথ্য সরবরাহ করে এই ব্যবস্থা।

ত্রুটির কারণে দেশজুড়ে অভ্যন্তরীণ ফ্লাইটের উড্ডয়ন সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টার কম সময়ের মধ্যে সেটি তুলে নেওয়া হয়েছিল। পরে এফএএর তদন্তে জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা একটি ডেটাবেজের ফাইল ভুল করে মুছে ফেলেছিলেন।

২০২৩ সালের ঘটনা আর এবারের ঘটনা আবার ভিন্ন। এবার শুধু একটি তথ্য সরবরাহকারী ব্যবস্থায় সমস্যা হয়নি, উড়োজাহাজ নিয়ন্ত্রণকেন্দ্রগুলো যোগাযোগ ব্যবস্থা পুরোটাই বিপর্যস্ত হয়ে পড়ে।

কতটা ক্ষতি হলো

এফএএর নির্দেশের কারণে যুক্তরাষ্ট্রের বিমান চলাচলে বড় ধরনের প্রভাব পড়ে। ফ্লাইট ট্র্যাকিং প্রতিষ্ঠান ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, ১১ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার বিকেল চারটার পর যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলো থেকে ১১ হাজার ফ্লাইটে ১৫ লাখের বেশি যাত্রীর উড্ডয়নের কথা ছিল।

এই ঘটনার কারণে অনেক ফ্লাইট বাতিল হয়েছে। কিছু উড়োজাহাজ গন্তব্যের পরিবর্তে অন্য বন্দরে অবতরণ করতে হয়েছে। এপি জানিয়েছে  ৬৭০টি উড়োজাহাজ যেখান থেকে যাত্রা শুরু করেছিল, সেখানেই ফিরে যায়। ১৫৭টি অন্য বিমানবন্দরে অবতরণ করে।

শুধু যাত্রী পরিবহন নয়, পণ্য পরিবহনেও প্রভাব পড়ে। যুক্তরাষ্ট্রের বিমান সংস্থাগুলো প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য বিশ্বের বিভিন্ন দেশে পরিবহন করে। ফলে ফ্লাইটের এই বিপর্যয়ে পণ্য সরবরাহেও বিলম্বের আশঙ্কা তৈরি হয়।

এ ছাড়া বিভিন্ন ক্রীড়া দলের যাতায়াতেও সমস্যা দেখা দেয়। সপ্তাহান্তের খেলাগুলোতে অংশ নিতে দলগুলোর যাত্রা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়।

আন্তর্জাতিক ফ্লাইটেও এর প্রভাব পড়ে। ব্রিটিশ এয়ারওয়েজ নিউইয়র্কগামী একটি ফ্লাইট বাতিল করে। ম্যানচেস্টার বিমানবন্দর কর্তৃপক্ষও যুক্তরাষ্ট্রগামী কয়েকটি ফ্লাইটের সূচি নিয়ে অনিশ্চয়তার কথা জানায়।

এদিকে সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাওয়াই ও এশিয়াগামী কিছু ফ্লাইটকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করে আলাদা সিদ্ধান্ত নেওয়া হয়।

শুধুই ত্রুটি নাকি বড় দুর্বলতা

এবারের বিপর্যয় যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার আধুনিকায়নের প্রয়োজনীয়তা আবারও সামনে এনেছে। 

দেশটির উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা দীর্ঘদিন ধরে পুরোনো প্রযুক্তির ওপর নির্ভরশীল। এই ব্যবস্থার অনেক যন্ত্রপাতি, যোগাযোগব্যবস্থা ও নেটওয়ার্ক আধুনিকায়নের কাজ চলছে। কিন্তু পুরো ব্যবস্থা নতুন করে গড়ে তোলার কাজ এখনো শেষ হয়নি।

এপি ও অন্যান্য সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রযুক্তি যুক্ত করার সময় পুরোনো ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ তৈরি হওয়ার বিষয়টি তদন্তে গুরুত্ব পাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণে পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের মধ্যে নিরবচ্ছিন্ন যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন উড়োজাহাজ কোথায় আছে, কোন পথে যাচ্ছে, কখন অবতরণ করবে, এসব তথ্যের সমন্বয় করেই নিরাপদে আকাশপথ পরিচালনা করা হয়।

এই যোগাযোগব্যবস্থায় বড় ধরনের সমস্যা দেখা দিলে উড়োজাহাজকে আকাশে পাঠানো ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। তাই নিরাপত্তার স্বার্থে উড্ডয়ন বন্ধ রাখাই তখন সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত।

তবে প্রশ্ন হচ্ছে, বিশ্বের অন্যতম উন্নত প্রযুক্তির দেশ যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা এতটা পুরোনো কেন?