মাদ্রিদের দরিদ্র এলাকার ছোট্ট এক অ্যাপার্টমেন্ট।
এই অ্যাপার্টমেন্টটিতে তেরো বছর বয়স থেকে বাস করেন মারিকারমেন আবাস্কাল।
এক, দুই, তিন করে সত্তরটি বসন্ত এই ছোট্ট অ্যাপার্টমেন্টেই কেটেছে তার।
বয়সের ভারে ন্যুব্জ। হাঁটতে চলতে পারেন না তেমন। একাকী সংসার। চলে সরকারের কাছ থেকে পাওয়া পেনশন দিয়ে।
এদিকে ফ্ল্যাটের ভাড়া বাড়িয়েছে কর্তৃপক্ষ।
কিন্তু পেনশন যা পান তাতে এমনিতেই নুন আনতে পানতা ফুরোয়। বাড়তি ভাড়া দেবেন কোথা থেকে?
তাই তাকে ফ্ল্যাটটি থেকে বের করে দেয়ার সিদ্ধান্ত নেন মালিকেরা।
একদিন বলা নেই কওয়া নেই, এই বৃদ্ধাকে স্ট্রেচারে চড়িয়ে ঘর থেকে বেরই করে দেয়া হয়।
দিনটি ছিল ২৩এ সেপ্টেম্বর ২০২৬।
এ উচ্ছেদের ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। ক্ষোভের মুখে মালিক প্রতিষ্ঠান আগের কম ভাড়াতে বৃদ্ধাকে অ্যাপার্টমেন্টটি ফিরিয়ে দিতে রাজিও হয়।

কিন্তু ততদিনে বৃদ্ধা হাসপাতালে। উচ্ছেদ হওয়ার বেদনা তার বৃদ্ধ শরীর আর নিতে পারেনি। তাই ফেরা হয়নি বৃদ্ধার।
অক্টোবরের পয়লা সপ্তায় ৮৭ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে চিরবিদায় নেন সরকারি পেনশনের টাকায় জীবনধারণ করা মারিকারমেন আবাস্কাল।
আবাস্কালের উচ্ছেদ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ঘটনাপ্রবাহকে স্পেনের ইতিহাসের মোড় ঘোরানো মুহূর্ত বলে বর্ণনা করে মাদ্রিদের ভাড়াটিয়াদের ইউনিয়ন।
আবাসন অধিকারকর্মীদের চোখে এটি শুধু একজন বৃদ্ধার বাড়ি হারানোর ঘটনাই ছিল না। এই ঘটনা এটি দেখিয়েছে কীভাবে আবাসন বাজারের চাপ সাধারণ মানুষকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছে।
স্পেনের আবাসন সংকট আজকের না। তবে বর্তমানে মারিকারমেন আবাস্কালের ঘটনা এই ক্ষোভকে নতুন করে সামনে নিয়ে আসে।
সেপ্টেম্বরে থেকেই স্পেনের বিভিন্ন শহরে শুরু হয়ে গিয়েছিল বিক্ষোভ।
এরপর বিভিন্ন শহরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু হয়। ভাড়াটিয়াদের সংগঠনগুলো বাড়িভাড়া নিয়ন্ত্রণ, উচ্ছেদ বন্ধ এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের দাবি জানাতে থাকে।
এই পর্যায়ে এসে আপনার মনে পড়ে যেতে পারে মোহাম্মদ বোয়াজিজির কথা।
তিউনিশিয়ার সেই সবজিওয়ালা, যিনি উচ্ছেদ হওয়ার পর ক্ষোভে নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মাহুতি দিয়েছিলেন।
তার এই আত্মহুতি সারা আরব বিশ্বের গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল। যেখান থেকে শুরু হয়েছিল আরব বসন্তের।
চলুন দেখে আসি মারিকারমেন আবাস্কালের উচ্ছেদ কীভাবে শীতের শুরুতেই বসন্তের আভা তৈরি করলো ধনী ইউরোপের উচ্চ আয়ের এক দেশ স্পেনে।
যে আগুন ছড়িয়ে গেল সবখানে
যে বিক্ষোভ সেপ্টেম্বর থেকে দানা বাধছিল, তা নভেম্বরের ১১ তারিখ এসে বিরাট আকার ধারণ করে।
এদিন স্পেনজুড়ে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘট পালন করেন শ্রমিকেরা। স্পেনে চৌদ্দ বছরের মধ্যে এই প্রথম একটি সাধারণ ধর্মঘট হলো।
দেশটির বৃহত্তম দুই শ্রমিক সংগঠন ইউজিটি ও সিসিওও এই কর্মসূচিতে সমর্থন দেয়। তাদের সঙ্গে যোগ দেয় অন্যান্য শ্রমিক সংগঠন ও ভাড়াটিয়াদের সংগঠনও।

শ্রমিক সংগঠনগুলোর হিসাবে, প্রায় ৪০ লাখ কর্মী এই ধর্মঘটে অংশ নেন। বন্ধ থাকে শিল্পকারখানা, বন্দর, দোকান ও পরিবহন খাতের কার্যক্রম।
একটি হিসাব বলছে, এদিন শুধু মাদ্রিদ অভিমুখেই পদযাত্রা করেন সোয়া লাখের মতো বিক্ষোভকারী।
বার্সেলোনায় একটি বিক্ষোভ সমাবেশ হয় যার স্লোগান ছিল “বেতন। আবাসন। দ্রব্যমূল্য।”
বেশিরভাগ বিক্ষোভই শান্তিপূর্ণ ছিল।
কিন্তু বার্সেলোনা আর মাদ্রিদে সহিংস হয় ওঠে বিক্ষোভ। মুখোশধারী বিক্ষোভকারীরা সেখানে ময়লার স্তুপে আগুন ধরিয়েছে। দোকানপাটের জানালা ভাংচুর করেছে।
পুলিশ তাদের দমাতে কাঁদানে গ্যাস, ফোম বুলেট আর পেপার স্প্রে (মরিচগোলা পানি) ছুঁড়েছে।
বহু মানুষ আহত হয়েছে। বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
এক কথায় স্পেন ফুঁসে উঠেছিল ১১ই নভেম্বর।
বিক্ষোভকারীদের দাবি, শুধু চাকরি থাকলেই হবে না, সেই চাকরি থেকে পাওয়া আয় দিয়ে যেন একজন মানুষ নিজের থাকার জায়গার খরচ বহন করতে পারেন, তাও নিশ্চিত করতে হবে।
স্পেনে সর্বশেষ এমন ধর্মঘট হয়েছিল ২০১২ সালে।
সেবারও মানুষ ক্ষুব্ধ ছিল অর্থনৈতিক সংকট, সরকারের ব্যয় সংকোচন ও শ্রম আইন সংস্কার নিয়ে।
আর এবারের ধর্মঘটের কেন্দ্রে আবাসন ব্যয় আর ভাড়াটিয়াদের অধিকার।
আর এমন সময় এই ঘটনা ঘটছে, যখন কদিন পরেই দেশটিতে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন।
স্পেনের আবাসন
মাদ্রিদের একটি হাসপাতালে আইটি সেকশনে কাজ করেন হেসুস গনজালেজ।
তার থাকার জায়গা নেই। বয়স ৩৬। চাকরি নেই এমন না, কিন্তু যে টাকা আয় করেন, তাতে নিজের বাড়ি কেনা দূরে থাক, আলাদা বাসাভাড়া দেওয়া ক্ষমতাও নেই তার।
রয়টার্সের প্রতিবেদন বলছে, হেসুসের মতো অবস্থা এখন স্পেনের অনেক মানুষেরই।

তরুণরাই কেবল নন, সব বয়সের মানুষই রয়েছেন যারা একটি থাকার জায়গার ব্যবস্থা করতে পারছেন না রোজগার থাকার পরেও।
যাদের উপার্জন সীমিত, অল্প ও মাঝারি আয়ের পরিবার, অবসরপ্রাপ্ত মানুষ এবং যারা একা বসবাস করে, বর্তমানে বাড়িভাড়া বৃদ্ধি নিয়ে তারা সবাই চাপে আছেন।
কারও আয়ের বড় অংশ চলে যায় বাড়িভাড়ায়, আবার কেউ পরিবারের সঙ্গে থাকতে বাধ্য হচ্ছেন অতিরিক্ত বাড়িভাড়ার কারণে।
কঠিন জীবন
স্পেনের আবাসন সমস্যা বুঝতে হলে প্রথমে দেখতে হবে সাধারণ মানুষের আয়ের তুলনায় বাড়িভাড়া কতটা বেড়েছে।
দেশটির কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, প্রয়োজনের তুলনায় দেশটিতে বাড়ির সংখ্যা প্রায় সাড়ে ৭ লাখ কম।
আশঙ্কা করা হচ্ছে, আগামী দুই বছরে এই ঘাটতি ১০ লাখ ছাড়িয়ে যাবে।
রয়টার্সের প্রতিবেদন বলছে, স্পেনে মাসিক গড় বাড়িভাড়া প্রায় ১ হাজার ১৭৬ ইউরো।

আর স্পেনের ইয়ুথ কাউন্সিলের হিসাব বলছে, এই ভাড়া দেশটির একজন তরুণের গড় মাসিক বেতনের প্রায় ৯৮ দশমিক ৭ শতাংশের সমান।
অর্থাৎ একশো ইউরো যার রোজগার, তার বাড়িভাড়া দেয়ার পর হাতে থাকছে মোটে এক ইউরো ত্রিশ পেন্স। এই টাকা দিয়ে একটি পরিবার খাবে কী, আর বাদবাকি চাহিদাই বা মেটাবে কী দিয়ে?
আর এ কারণেই অনেক তরুণেরা তাদের পরিবারের সঙ্গে থাকতে বাধ্য হচ্ছেন। কেউ আবার বন্ধু বা সহকর্মীদের সঙ্গে বাসা ভাগ করে থাকছেন।
চাকরি থাকা সত্ত্বেও স্বাধীনভাবে বসবাস করতে না পারার এই পরিস্থিতি তরুণদের মধ্যে স্বাভাবিকভাবেই হতাশা তৈরি করছে।
বড় শহরগুলোতে কাজের সুযোগ বেশি হলেও সেখানে বাসা পাওয়া আরো কঠিন। পর্যটকদের জন্য স্বল্পমেয়াদি বাড়িভাড়া, বাড়ির চাহিদা বৃদ্ধি এবং নতুন বাড়ি নির্মাণের তুলনায় জনসংখ্যার চাপ বেশি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
যে কারণে আবাসনের এই হাল
স্পেনের বর্তমান আবাসন সমস্যার পেছনের ইতিহাস বুঝতে হলে ফিরে যেতে হবে ২০০৮ সালের মহামন্দার সময়টিতে।
এর আগে স্পেনে রিয়েল এস্টেট ব্যবসা বেশ ফুলেফেঁপে উঠেছিল।
ব্যাংকগুলো সহজ শর্তে বাড়ি কেনার ঋণ দিচ্ছিল। অনেক পরিবার ভবিষ্যতে ভালো দামে বাড়ি কেনার আশায় ঋণ নিয়ে সম্পত্তি কিনেছিল সেসময়। নির্মাণ প্রতিষ্ঠানগুলোও একের পর এক নতুন আবাসন প্রকল্প হাতে নিচ্ছিল।
কিন্তু মন্দার কারণে এই প্রবৃদ্ধি থমকে যায়। সারা পৃথিবীর মতো স্পেনের রিয়েল স্টেট বাজারেও ধস নামে।
বাড়ির দাম পড়তে থাকে হু হু করে। বন্ধ হয়ে যায় নতুন নির্মাণকাজ। অনেক রিয়েল এস্টেট প্রতিষ্ঠান এ অবস্থায় বন্ধ হয়ে যায়। এর সঙ্গে বাড়তে থাকে বেকারত্বও।
সবচেয়ে বেশি বিপাকে পড়ে সেই পরিবারগুলো, যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি কিনেছিলেন।
চাকরি হারানো বা আয় কমে যাওয়ায় তাদের পক্ষে মাসিক কিস্তি পরিশোধ করা কঠিন হয়ে পড়ে।
একপর্যায়ে ব্যাংকগুলো অনেক পরিবারের বন্ধক রাখা বাড়ি দখলে নিতে শুরু করে।
তবে সমস্যা আরও জটিল ছিল। বাড়ি হারানোর পরও অনেক ঋণগ্রহীতাকে ব্যাংকের বাকি ঋণ পরিশোধের দায় বহন করতে হতো।
কারণ, বাড়ি বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে পুরো ঋণ পরিশোধ না হলে বাকি টাকা পরিশোধের দায়িত্ব ঋণগ্রহীতারই।
ইউরোপীয় পার্লামেন্টের এক গবেষণা অনুযায়ী, ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে স্পেনে ৪ লাখ ১৫ হাজারের বেশি বাড়ি বন্ধকসংক্রান্ত আইনি প্রক্রিয়া শুরু হয়েছিল।
একই সময়ে প্রায় ২ লাখ ৪৪ হাজার উচ্ছেদের ঘটনা ঘটে।
ফলে অল্প দিনেই জাতীয় সংকটে পরিণত হয় আবাসন সমস্যা।
নির্বাচনের আগে বড় রাজনৈতিক ইস্যু?
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন সরকার দীর্ঘদিন ধরেই আবাসন সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়ে আসছে।
কিন্তু বাড়িভাড়া বৃদ্ধি ও আবাসনের ঘাটতি কমাতে সরকারের পদক্ষেপ কতটা কার্যকর, তা নিয়ে প্রশ্ন থেকেই গেছে।
গত অক্টোবরে সরকার ভাড়াটিয়াদের সুরক্ষা, উচ্ছেদের বিরুদ্ধে ব্যবস্থা এবং আবাসন বাজারে চাপ কমানোর লক্ষ্যে কিছু ডিক্রি অনুমোদনের উদ্যোগ নেয়।
কিন্তু পার্লামেন্টে এসব প্রস্তাব প্রত্যাখ্যাত হয়।
এর মধ্যে ভাড়া বৃদ্ধির চাপ কমানো এবং ভাড়াটিয়াদের উচ্ছেদ থেকে সুরক্ষা দেওয়ার বিষয়ও উল্লেখ ছিল। প্রস্তাবগুলো পাস না হওয়ায় সরকারের আবাসন পরিকল্পনা নিয়ে আবারও বিতর্ক শুরু হয়।
এই পরিস্থিতিতে পেদ্রো সানচেজ ২৯এ নভেম্বর আগাম নির্বাচনের ঘোষণা দেন। আবাসন সংকট এখন নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য।
তবে রাজনৈতিক পরিস্থিতি সরকারের জন্য সহজ না। আবাসন সংকট নিয়ে মানুষের ক্ষোভ আছে। কিন্তু তা থাকলেও বিরোধীরা বলছে, শুধু ভাড়াটিয়াদের সুরক্ষা দিয়ে সমস্যার সমাধান সম্ভব না। পাশাপাশি নতুন বাড়ি নির্মাণ এবং আবাসন খাতে বিনিয়োগ বাড়ানোও প্রয়োজন।
সরকারের সঙ্গে বিরোধীদের মতপার্থক্য
আবাসন সংকট সমাধানে স্পেনের ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দল এবং প্রধান বিরোধী দল পিপলস পার্টির মধ্যে নীতিগত পার্থক্য আছে।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের দল পিএসওই ভাড়াটিয়াদের সুরক্ষা, ভাড়া বৃদ্ধির ওপর নিয়ন্ত্রণ এবং আবাসন বাজারে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রভাব কমানোর ওপর গুরুত্ব দিচ্ছে।
অন্যদিকে প্রধান বিরোধী দল পিপলস পার্টি (পিপি) মনে করে, আবাসন সংকটের মূল সমাধান হলো বাড়ির সরবরাহ বাড়ানো। নতুন বাড়ি নির্মাণের অনুমোদন প্রক্রিয়া সহজ করা, নির্মাণ খাতে বিনিয়োগ বাড়ানো এবং বাড়ি কেনার ক্ষেত্রে করের বোঝা কমানোর পক্ষে তারা।
স্পেনের ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যেও মত একই।
দেশটির প্রধান ব্যবসায়ী সংগঠন সিইওই’র সহসভাপতি অ্যাঞ্জেলা দে মিগেল বলেছেন, নতুন বাড়ি নির্মাণ বাড়ানো এবং নির্মাণ ও বাড়ি কেনার ক্ষেত্রে কর কমানো প্রয়োজন। তার মতে, বাড়ির ঘাটতির কারণে ছোট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও কর্মী নিয়োগের ক্ষেত্রে সমস্যায় পড়ছে।
অন্যদিকে ভাড়াটিয়া সংগঠনগুলোর বক্তব্য, শুধু নতুন বাড়ি তৈরি করলেই হবে না। সেই বাড়ি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেও রাখতে হবে। বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর কাছে আবাসন সম্পদ জমা হওয়া এবং পর্যটকদের জন্য স্বল্পমেয়াদি ভাড়ার ব্যবস্থাও নিয়ন্ত্রণ করা প্রয়োজন।
অর্থাৎ আবাসন সংকটের সমাধান কীভাবে হবে, তা নিয়ে স্পেনে বর্তমানে একাধিক মত। এক পক্ষ ভাড়াটিয়াদের সুরক্ষা ও নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিচ্ছে, অন্য পক্ষ বাড়ির সরবরাহ বাড়ানো ও বিনিয়োগের পরিবেশ উন্নত করার কথা বলছে।
বিরোধ আরো বহুমুখী
আবাসন সংকট নিয়ে স্পেনের রাজনৈতিক বিতর্কের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, আন্দোলনকারীদের সবাই শুধু বিরোধী দলের সমর্থক নন। এমনকি সরকারের সমর্থকদের মধ্যেও আবাসন সমস্যা নিয়ে আছে অসন্তোষ।
শ্রমিক সংগঠন ও ভাড়াটিয়াদের সংগঠনগুলোর অনেকেই কেন্দ্রীয় সরকারকেও সমালোচনা করছে। তাদের মতে, দীর্ঘদিন ধরে আবাসন সমস্যা বাড়লেও সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত সাশ্রয়ী বাসস্থানের ব্যবস্থা করা যায়নি।
আবার বাড়ির মালিকদের একটি অংশ মনে করেন, অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণের কারণে বাড়ি ভাড়ায় দেওয়ার আগ্রহ কমে যেতে পারে। এতে ভাড়ার জন্য বাড়ির সরবরাহ আরও কমে যাওয়ার আশঙ্কা আছে।
এ কারণে সমস্যাটি শুধু সরকার বনাম বিরোধী দলের রাজনৈতিক লড়াই না। এর সঙ্গে আছে বাড়ির মালিক, ভাড়াটিয়া, নির্মাণ প্রতিষ্ঠান, বিনিয়োগকারী এবং স্থানীয় প্রশাসনেরও স্বার্থ।
সামনে নির্বাচন
স্পেনের আসন্ন নির্বাচনে আবাসন সংকট গুরুত্বপূর্ণ বিষয় হলেও শুধু এই ইস্যু দিয়েই নির্বাচনের ফল নির্ধারিত হবে, এমনটাও বলা যাচ্ছে না।

অর্থনীতি, অভিবাসন, দুর্নীতির অভিযোগ, পরিবহন নিরাপত্তা এবং সরকারের সামগ্রিক কার্যক্রমও ভোটারদের সিদ্ধান্তে ভূমিকা রাখতে পারে।
তবে আবাসন সমস্যার বিশেষ গুরুত্ব হলো, এটি মানুষের প্রতিদিনের জীবনের সঙ্গে সরাসরি জড়িত।
একজন মানুষ চাকরি করছেন, নিয়মিত আয় করছেন, কিন্তু সেই আয় দিয়ে নিজের থাকার জায়গা নিশ্চিত করতে পারছেন না। ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিসংখ্যান সাধারণ মানুষের জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আনছে, সেই প্রশ্নও সামনে আসছে।
প্রধানমন্ত্রী সানচেজ আবাসন সংকটকে নির্বাচনি আলোচনার কেন্দ্রে রাখতে চাইছেন। অন্যদিকে বিরোধীরা সরকারের আবাসন নীতির সীমাবদ্ধতা তুলে ধরে নিজেদের পরিকল্পনা সামনে আনছে।
তবে একটি বিষয় পরিষ্কার, স্পেনের সাধারণ মানুষ শুধু নির্বাচনি প্রতিশ্রুতি শুনতে চান না। তারা এমন সমাধান চান, যার ফলে মাসের বেতন দিয়ে বাড়িভাড়া দেওয়ার পরও খাবার, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় খরচ চালানোর মতো অর্থ হাতে থাকে।
নির্বাচনের আগে দলগুলো এই সমস্যা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরলেও শেষ পর্যন্ত সাধারণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে একটি প্রশ্ন, নতুন সরকার কি সত্যিই তাদের জন্য সাশ্রয়ী বাসস্থানের ব্যবস্থা করতে পারবে?
ইউরোপজুড়ে সংকট
স্পেনের আবাসন সংকট ইউরোপের অন্য দেশগুলোর পরিস্থিতি থেকে আলাদা নয়। পর্তুগালে বিশেষ করে লিসবনে বাসাভাড়া সাধারণ মানুষের আয়ের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে।
২০২৫ সালের হিসাবে, সেখানে একটি বাসার ভাড়া গড় বেতনের প্রায় ১১৬ শতাংশ পর্যন্ত হতে পারে। অর্থাৎ আয়ের চাইতেও বেশ বাড়িভাড়া লিসবনে।
২০১৭ সালের পর থেকে পর্তুগালে বাড়ির দাম দ্বিগুণেরও বেশি হয়েছে। নতুন ভাড়ার চুক্তিতে ভাড়াও সেখানে এখন প্রায় দ্বিগুণ।

এছাড়া, জার্মানিতেও আবাসন ও বাড়িভাড়া নিয়ে মানুষের ক্ষোভ বাড়ছে। রাজধানী বার্লিনে ২০২৫ সালে প্রতি বর্গমিটারের গড় বিজ্ঞাপিত ভাড়া ছিল ১৫ ইউরো ৮০ সেন্ট।
বাড়ির সংকট ও ভাড়া বৃদ্ধি নিয়ে জার্মানিতে বিক্ষোভ এখন নৈমিত্তিক।
আয়ারল্যান্ডের প্রধান সমস্যা পর্যাপ্ত আবাসনের অভাব।
ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী, একযুগে দেশটিতে বাড়ির দাম দেড়গুণ বেড়েছে।
২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে ডাবলিনে নতুন ভাড়ার চুক্তিতে একটি বাসার গড় মাসিক ভাড়া দাঁড়ায় ২ হাজার ৩০৭ ইউরো।
এর ফলে অনেক তরুণ, এমনকি শিক্ষক ও নার্সের মতো পেশাজীবীদেরও কর্মস্থলের কাছাকাছি বাসা পাওয়া কঠিন হয়ে পড়েছে।
এই সংকট শুধু কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়।
ইউরোপীয় ইউনিয়নজুড়ে ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে বাড়ির দাম ৬০ শতাংশের বেশি এবং গড় ভাড়া প্রায় ২০ শতাংশ বেড়েছে। অনেক মানুষ সময়মতো বাড়িভাড়া বা বাড়ির ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন না।
ইউরোপীয় কমিশনের হিসাব অনুযায়ী, চাহিদা মেটাতে প্রতিবছর ইউরোপে ২০ লাখের বেশি নতুন বাড়ি নির্মাণ করা প্রয়োজন।
ফলে স্পেনের সাম্প্রতিক বিক্ষোভকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।
পর্তুগাল, জার্মানি ও আয়ারল্যান্ডের মতো দেশেও আবাসন ব্যয় মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলছে। সব মিলিয়ে ইউরোপজুড়ে এখন বড় প্রশ্ন উঠেছে, বাড়ি কি শুধু বিনিয়োগ ও ব্যবসার সম্পদ, নাকি সাধারণ মানুষের সাশ্রয়ী মূল্যে বসবাসের মৌলিক অধিকারও?



