বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হারের পর রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে আলজেরিয়া।
দলটির অভিযোগ লিওনেল মেসিসহ আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়কে কিছু ফাউলের যথাযথ শাস্তি দেওয়া হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে উত্তর আফ্রিকার দেশটি।
১৯এ জুন বিষয়টির সঙ্গে সরাসরি জড়িত একটি সূত্রের বরাতে, আর্জেন্টিনার বিরুদ্ধে আলজেরিয়ার অভিযোগের খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স।
অভিযোগ অনুযায়ী, ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দির পায়ে বুট দিয়ে আঘাত করলেও কোনো শাস্তি পাননি। আলজেরিয়ার সমর্থকেরা ওই ঘটনার জন্য মেসির লাল কার্ড দাবি করেছিলেন।
এছাড়া আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার আলজেরিয়ার খেলোয়াড় ইব্রাহিম মাজাকে কনুই দিয়ে আঘাত করলেও রেফারি কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ করা হয়েছে।
এই ঘটনাগুলোর পর আলজেরিয়া ফিফার রেফারিং কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে। অভিযোগে ম্যাচের রেফারি সিজমন মারচিনিয়াক এবং ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) দলের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস বলেছেন, তার খেলোয়াড় থেম্বা জোয়ানে লাল কার্ড পেয়ে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেলেও মেসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যা তিনি অসঙ্গত বলে মনে করেন।
পরের ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর আলজেরিয়া খেলবে জর্ডানের বিপক্ষে।



