‘অবিশ্বস্ততা’র অভিযোগে ইরানের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ

ইরানের জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচ খেলে ৫৭ গোল করেছেন সরদার আজমুন। ইরানের গত দুই বিশ্বকাপ দলে ছিলেন। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল আহলি এ খেলছেন।

আপডেট : ১৭ মে ২০২৬, ০৪:১৪ পিএম

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ইরান। তবে ঘোষিত দলে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে অভিজ্ঞ ফরোয়ার্ড সরদার আজমুন এর অনুপস্থিতি। ৩০ সদস্যের দলে জায়গা হয়নি ৩১ বছর বয়সী এই স্ট্রাইকারের, যাকে ঘিরে সাম্প্রতিক সময়ে ইরানের রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তৈরি হয়েছিল।

ইরানি সংবাদমাধ্যমগুলোর দাবি, সরকারবিরোধী অবস্থানের অভিযোগেই জাতীয় দল থেকে বাদ পড়েছেন আজমুন। 

গত মার্চে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম এর সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন তিনি। 

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনাপূর্ণ সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে সেই পোস্টকে “অবিশ্বস্ত আচরণ” হিসেবে দেখা হয় বলে দেশটির কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়। পরে ছবিটি মুছে ফেললেও রাষ্ট্রীয় টেলিভিশনে সমালোচনার মুখে পড়েন এই অভিজ্ঞ ফুটবলার।

এই ছবি পোস্ট করাকে কেন্দ্র করের ইরানে আজমুন এর সম্পদ বাজেয়াপ্ত করার মত হুমকিও দেয়া হয়েছিল।

জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচে ৫৭ গোল করা আজমুন ইরানের গত দুই বিশ্বকাপ দলেরও সদস্য ছিলেন। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল আহলি এ খেলছেন।

এদিকে ইরানের আক্রমণভাগে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ স্ট্রাইকার মেহদি তারেমি। বর্তমানে তিনি গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস এ খেলছেন। 

প্রধান কোচ আমির গালেনোয়ি জানিয়েছেন, বিশ্বকাপের আগে ৩০ জনের এই দলকে নিয়ে তুরস্কের আন্তালিয়ায় অনুশীলন ক্যাম্প করা হবে। পরে চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করা হবে ১ জুনের মধ্যে।

বিশ্বকাপ সামনে রেখে আরেকটি বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যু। রাজনৈতিক টানাপোড়েনের কারণে এখনো ইরানের খেলোয়াড় ও কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের ভিসা পাননি। 

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছেন, খেলোয়াড়দের তুরস্কেই বায়োমেট্রিক ও আঙুলের ছাপ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে। যদিও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আশ্বাস দিয়েছে, টুর্নামেন্ট শুরুর আগেই প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন হবে।

বিশ্বকাপকে ঘিরে ইরানের উদ্বেগ নতুন নয়। এর আগেই দেশটির ফুটবল ফেডারেশন যুক্তরাষ্ট্রে ম্যাচ আয়োজন নিয়ে নিরাপত্তা শঙ্কার কথা প্রকাশ করেছিল। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের বদলে মেক্সিকোতে ইরানের ম্যাচ আয়োজন নিয়ে ফিফা এর সঙ্গে আলোচনা চলছে।

তার ভাষ্য ছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ইরান দলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার কথা বলেছেন। তাই খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়েই বিকল্প ভেন্যুর চিন্তা করছে ইরান। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠায় সেই উদ্বেগ বেড়েছে।

যদিও ডনাল্ড ট্রাম্প পরে ইরান দলকে বিশ্বকাপে অংশ নেওয়ার ব্যাপারে স্বাগত জানান, তবুও তিনি ইঙ্গিত দেন যুক্তরাষ্ট্রে খেলাটা “তাদের নিজেদের নিরাপত্তার জন্য” ঝুঁকিপূর্ণ হতে পারে। এমন পরিস্থিতিতেই ভিসা জটিলতা, নিরাপত্তা উদ্বেগ এবং রাজনৈতিক চাপের মধ্যে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ইরান।

বিশ্বকাপে গ্রুপ ‘জি’তে ইরান তাদের অভিযান শুরু করবে ১৫ই জুন। লস অ্যাঞ্জেলেসের এই ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

এরপর একই শহরে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে সিয়াটলে। প্রতিপক্ষ মিশর।